শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার রোধে বাড়ছে নজরদারি

নিউজ ডেস্ক : সমুদ্রপথে মানবপাচার রোধে ই-যোগাযোগ ব্যবস্থায় নজরদারি বাড়াচ্ছে সরকার। এর অংশ হিসেবে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, উখিয়া, মহেশখালী রুট ব্যবহার করে যেসব মানবপাচারকারী অবৈধ কর্মকা- পরিচালনা করছে, তাদের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা নজরদারিতে আনা হচ্ছে। এ ছাড়া মানবপাচারকারী গডফাদারদেরও তালিকা করছে সরকার।

manob-pacar_32130সূত্র জানায়, দেশের অভ্যন্তরে সংঘবদ্ধ চক্র বিভিন্ন পয়েন্ট বা উপকূল ব্যবহার করে নৌপথে মানবপাচার করছে। সরাসরি ব্যাংক বা নগদ অর্থে দেনদেন না করে মানবপাচারে অর্থ লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এর পাশপাশি লেনদেনে কোনো কোনো কুরিয়ার সার্ভিসও এ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিয়োগ রয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, অর্থ লেনদেন শনাক্ত করা গেলে মানবপাচারকারী গডফাদারদের সহজেই শনাক্ত করা যাবে। তাই নৌপথে মানবপাচারের চিহ্নিত রুটগুলোর মোবাইল ব্যাংকিং, কুরিয়ার সার্ভিসে নজরদারি বাড়ানো হচ্ছে। উপজেলা, ইউনিয়নওয়ারি অর্থ লেনদেনের তথ্য সংগ্রহের উদ্যোগও নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, প্রতিবছর বাংলাদেশের কী পরিমাণ মানুষ পাচারের শিকার হচ্ছেন, তার নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই। তবে ধারনা করা হয়, গত ৩০ বছরে কমপক্ষে ১০ লাখ নারী ও শিশু পাচার হয়েছেন। ইউনিসেফের হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিমাসে প্রায় ৪০০ নারী ও শিশু পাচারের শিকার হচ্ছেন।

সূত্র জানায়, এরই মধ্যে নৌপথে মানবপাচার নিয়ে কয়েকটি গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে, মানবপাচারে সরাসরি জড়িত রয়েছে দেশের ২০টি সিন্ডিকেট। এসব সিন্ডিকেটে মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার পাচারকারীরাও যুক্ত। মানবপাচারকারীদের প্রাথমিক গন্তব্য থাইল্যান্ড, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ।

সূত্র জানায়, নৌপথে মানবপাচারের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো কয়েকটি রুটকে চিহ্নিত করেছে। এর মধ্যে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, উখিয়া ও মহেশখালী উপজেলার রুট অন্যতম। গত বছরের মাঝামাঝি শাহপরীর দ্বীপ থেকে ৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমা থেকে সেন্ট মার্টিন স্টেশনের কোস্টগার্ড ১১৬ জন বাংলাদেশি যাত্রীসহ থাইল্যান্ডের একটি কার্গো আটক করে।

সূত্র জানায়, এসব লোকের কাছ থেকে নগদ টাকা নেওয়া হয়নি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে। ক্ষেত্রবিশেষে ব্যবহার হয়েছে কুরিয়ার সার্ভিসও। গোটা বিষয়টি আমলে নিয়ে যেসব রুট দিয়ে মানবপাচার হয়, সেগুলোর মোবাইল ব্যাংকিংসহ কুরিয়ার সার্ভিসের লেনদেনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক বৈঠক করেছে। বৈঠকে গোয়েন্দাদের চিহ্নিত করা রুটগুলোতে উপজেলা এবং ইউনিয়নওয়ারি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কী পরিমাণ অর্থ আদান-প্রদান হচ্ছে, তার তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এসব রুট নয়, এর পার্শ্ববর্তী উপজেলা/ইউনিয়নগুলোর অর্থ লেনদেনের তথ্যও সংগ্রহ করা হবে।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক অর্থ লেনদেনের তথ্য সংগ্রহ করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রতিবেদন পাঠাবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চিহ্নিত রুটের উপজেলা/ইউনিয়নের লেনদেনের সঙ্গে পাশ্ববর্তী উপজেলা/ইউনিয়নগুলোর অর্থ লেনদেন তুলনা করে প্রতিবেদন তৈরি করবে। এ ছাড়া কুরিয়ার সার্ভিসের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দিয়েছে। অর্থ লেনদেনের চিত্র তুলনা করলে এবং কোন কোন অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে মানবপাচারকারী গডফাদারদের ধরা সম্ভব হবে।রাইজিংবিডি