গ্যাসের সংকট স্বীকার করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শীতে গ্যাসের সংকট আছে। আমরা স্বীকার করছি কিছু সমস্যা আছে। এই সমস্যা প্রতি শীতেই হয়। তবে আমরা বসে নেই। সংকট কাটানোর চেষ্টা করছি, পদক্ষেপ নিচ্ছি। সমস্যার সমাধানে কাজ করছি।’বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক সম্পূরক প্রশ্নের জবাব দেন তিনি।জিয়াউদ্দিন আহমেদ বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে গ্যাস সংকট দেখা গেছে। এমনকি জাতীয় সংসদেও সংকট ছিল।প্রধানমন্ত্রী বলেন, ‘শীতকালে সাধারণত গ্যাস জমে যায়, গ্যাসের চাপও (ফ্লো) কমে যায়। সে জন্য সব সয়ই শীতকালে গ্যাসের সমস্যা দেখা যায়। আমরা সরকারে আসার পর গ্যাসের উৎপাদন অনেকটা বাড়িয়েছি। তবে চাহিদাও বেড়ে যাচ্ছে। যথেষ্ট পদক্ষেপ নেওয়ার পরেও কিছু সমস্যা রয়েছে তা স্বীকার করছি।’
আওয়ামী লীগ ছাড়া অতীতে যারা ক্ষমতায় ছিল তারা এ দিকে খুব একটা দৃষ্টি দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমস্যার সমাধানে বিকল্প হিসেবে এলএনজি (লিকুয়িফাইড ন্যাচারাল গ্যাস) আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণও শুরু হয়েছে। এটা শেষ হলে এবং এলএনজি আমদানি করতে পারলে গ্যাসের সমস্যা অনেকটা দূর হবে। এলপি গ্যাসের ওপর ট্যাক্স তুলে দেওয়া হয়েছে।
গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদ কত আছে তা সঠিকভাবে বের করা কঠিন। অনেক কূপ খনন করা হয়েছে। বাপেক্সকে শক্তিশালী করা হয়েছে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কী না জানতে চান সরকার দলীয় সাংসদ সেগুফতা ইয়াসমিন এমিলি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন ব্যক্তি বিশেষের জন্য আমাকে থ্রেট দেওয়া হয়েছিল। বিশেষ এক ব্যক্তি, তার ব্যাপারে আমাকে সরাসরি বলা হয়েছিল, তার এমডির পদ না থাকলে পদ্মা সেতুর টাকা বন্ধ করা হবে। এ ধরনের বহু কথা আমাকে শুনতে হয়েছে।’
প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ না করে বলেন, ‘কেউ যদি ব্যক্তি স্বার্থের জন্য দেশের সর্বনাশ করতে চায়, দেশের মানুষের স্বার্থ না দেখে তাহলে তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছু থাকে না। কোনো মানুষ যদি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে অন্ধ থাকে, জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে এটা জনগণই বিচার করবে। আমি এ বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম।’
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা আইআরআইয়ের মতে বাংলাদেশে বিভিন্ন সূচকে অভূতপূর্ব উন্নতির পেছনে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও শক্তি জানতে চান জাতীয় পাটির সাংসদ ফকরুল ইমাম। জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘সততাই শক্তি, সততাই সাহস। এই শক্তি সাহস পেয়েছি বাবার কাছ থেকে। প্রেরণা পেয়েছি মায়ের কাছ থেকে। আমার জীবনের রাজনীতির লক্ষ্য বাবার যে আকাক্সক্ষা তা পূরণ করা। সেই লক্ষ্য নিয়ে রাষ্ট্র পরিচালনার যখন দায়িত্ব পেয়েছি। আমি মনে করি এটা জনগণকে সেবা ও তাদের জন্য কাজ করার একটা সুযোগ। এখানে নিজে কী পেলাম বা কী পেলাম না সেটা আমি চিন্তা করি না এবং করবও না, করতে চাইও না।’
বিরোধী দলের সদস্য হয়েও এই প্রশ্ন করা এবং আলোচনার সূত্রপাত করার জন্য সাংসদকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা চিন্তা করি না ছেলে মেয়েদের জন্য কী রেখে গেলাম। নিজের জন্য কী রেখে গেলাম। আজকে না থাকলে কালকে কী হবে এই চিন্তা ভাবনা আমরা করি না। চিন্তা-ভাবনা একটাই, দেশের জন্য কতটুকু করতে পারলাম, মানুষের জন্য কতটুকু করতে পারলাম এবং মানুষকে কতটুকু দিতে পারলাম। এই একটাই আমার চিন্তা-ভাবনা। জনগণের চিন্তা করি বলেই জনগণই আমার শক্তি। মানুষের শক্তিতেই আমি শক্তি পাই। তাদের ওপর আমার আস্থা আছে। এবং আমি জানি তাদেরও আমার ওপর আস্থা আছে বলেই সেখান থেকে আমি সাহস পাই।’
সংসদে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করে সংসদ নেতা আরও বলেন, সংসদে এখন একটা পরিবর্তন এসেছে। বিরোধী দল সরকারের সমালোচনা করছে। পাশাপাশি ভালো কাজ করলে তার প্রশংসাও করছে। বর্তমান সংসদ সেই দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষ ভদ্রভাবে সংসদ দেখতে পারছে।
পদ্মা সেতুর ব্যয় বাড়বে কী না কাজী ফিরোজ রশীদের এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাংলাদেশের একটি নতুন প্রকল্প। এতে ব্যয় বাড়বে কী কমবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ব্যয় বাড়তেও পারে আবার অর্থ বেঁচেও যেতে পারে। তিনি আরও বলেন, পদ্মা অত্যন্ত খরস্রোতা নদী। এখানে এ ধরনের সেতু নির্মাণ সত্যিই কঠিন কাজ। কাজেই এ জন্য সময়ে সময়ে নির্মাণ ব্যয় বাড়তেও পারে।
এর আগে কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে এ পর্যন্ত (ডিসেম্বর ২০১৫) ৯ হাজার ১৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে।
সরকারি দলের সাংসদ মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নের গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনার কথা জানান।
শীর্ষ নিউজ











