আঠারোতে পরিপাটি
‘তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দূর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।’
আলোচ্য বিষয়ের খাতিরে মনে পড়ে গেল কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটির এই অংশ। টিনএজ বলা হয় তেরো থেকে উনিশ বছরের বালক-বালিকাকে। বাংলাতে বলি কিশোর-কিশোরী। এই সময়টা সব মানুষের জন্য অন্যরকম বটে। বলি এক কিশোরীর গল্প। টিনএজের প্রথম দিনগুলো শুরু হয়েছিল তার ব্যস্ততা, ঘোর আর কিছু বাস্তব বিষয় দিয়ে। এ বয়সে ব্যস্ত হয়ে বাড়তে থাকে শরীরের প্রতিটি কোষ। দেখা দেয় কিছু অবাক বিস্ময়। পরিপূর্ণর্তা পেতে যার ভিন্ন পথ নেই। আবিষ্কার হয় নতুন নতুন বাস্তবতা। সব মিলিয়ে তৈরি করে এক ঘোর। তবে সমাধান মিলে যায় তাড়াতাড়িই। এখনের কথা বলতে গেলে সচেতনতার গতিতে ঘোর অতি সামান্য। আর ঠিক টিনএজের মাঝামঝি সময় থেকেই কিশোরীর মনে ধরে যায়_ সে একজন পরিপূর্ণর্ মানুষ হতে চলেছে। সে বার্তা মস্তিষ্কে আরও অটল হয়ে ওঠে আঠারোতে পা রাখলে। নিজের সঙ্গে বাচ্চা, শিশু এমন শব্দগুলোকে ছুড়ে ফেলে দেয় এ বয়সীরা। প্রতিযোগিতা তখন সবার সঙ্গে। এ বয়স হার মেনে নিতে নারাজ। বিপদকে জয় করার যেমন নেশা ধরে যায় তেমনি মনে মনে সদা প্রস্তুতি চলে নতুন কিছু করার। উদ্যমী একজন হয়ে জায়গা করে নেয় সব খাতে। হ্যাঁ, ফ্যাশন খাতেও! সমগ্র পৃথিবীতে ফ্যাশন সচেতনদের সবচেয়ে বড় অংশের নাম টিনএজ। ওরা প্রতিনিয়ত খবর রাখে বিশ্ব-ফ্যাশনে কী চলছে, আর কী হবে তার আসন্ন ঋতুর পোশাক। রঙ, বৈচিত্র্যে তা হতে হবে ট্রেন্ডি। থাকতে হবে বিশ্বায়নের ছাপ। বয়স বেড়ে গেলে অধিকাংশ মানুষই কোনো না কোনো ক্ল্যাসিক স্টাইলে বেঁধে ফেলে তার নিজস্ব ফ্যাশনকে। অপর পক্ষে, কিশোরীর আনন্দ নতুন নতুন ডিজাইন, নতুন রঙে নতুন ঋতুতে সচেতনতা বজায় রেখে সাজতে।
সময় এখন মাঘের মাঝামাঝি। শীতের বিদায়বেলা ঘনিয়ে এসেছে। ক’দিন বাদেই ফাগুনের হাওয়ায় আগমন ঘটবে ঋতুরাজ বসন্তের। পরিবর্তন হবে দেশের আবহাওয়া; পরিবর্তন হবে দেশের রঙ। গ্রামে গ্রামে প্রকৃতি নবরূপে সজ্জিত হবে। হলদে, কমলা পোশাকে ইটের নগরজুড়ে কিশোরীর পদযাত্রা না হলেই নয়। আর উদ্যমী কিশোর মেয়ের পোশাকি ভাষা হোক দেশের হয়ে বিশ্বায়নের অংশীদার। সময় এগিয়ে থাক আঠারোর আত্মপ্রকাশের বাসনায়। কলেজ পড়ুয়া কিশোরী জয়তী বলেন, ‘শীতের শেষ প্রান্তে এখন অপেক্ষায় আছি কখন কোকিলের কুহুতান শুনব। ভালো লাগে গাঁদা ফুলের সুমিষ্ট ঘ্রাণ আর হলুদের আভা। তাই হালকা হলুদ ফুলের রঙের ড্রেস পরতে বেশি ভালো লাগে এই দিনে। কামিজ বা ফতুয়া, যেটাই হোক তা হওয়া চাই আমার আরামদায়ক। তাই সুতি কাপড়কেই এগিয়ে রাখি এ ক্ষেত্রে। আর সব পোশাকেই আমার ট্রেন্ডি প্যাটার্ন বা কাটিং প্রিয়।’
আগেই আলোচনায় এনেছি কিশোরীর নতুন কিছু করা ও পরার আগ্রহের কথা। ফ্যাশনের ক্ষেত্রে এর মানে হচ্ছে ট্রেন্ডি স্টাইল পরিধান। আর ট্রেন্ডি কামিজে সময়ের রঙ, দেশি মোটিফ এবং কৃষ্টি-সংস্কৃতির মিশ্রণে পরিলক্ষিত হয় এখন পারসিয়ান বা ইরানি লুক। লং প্যাটার্নের কামিজগুলোর মধ্যে থাকছে কুর্তি, পাঞ্জাবি, লন। হলুদ থিমে তা হতে পারে মিশালি রঙের। এ ক্ষেত্রে হলুদের সঙ্গে নীলের মতো রঙ মেশানো বোকামি হবে। এতে হলুদের পাশাপাশি নীলেও চোখ পড়ে যায়। তাই বেছে নিতে হবে লাল, হালকা সবুজের মতো রঙ। এই তত্ত্ব ফতুয়া, টপস এবং কাপ্তানের বেলাতেও এক। কামিজে বেশি চকচকা কাপড় এড়িয়ে চলাই ভালো। এতে হলুদ রঙ আরও বেশি গ্গ্নেজি হয়ে উঠলে তা খারাপ দেখাতে পারে। তাই কটন, এন্ডি সিল্ক মানানসই।
প্রতিদিনের ফ্যাশন বলতে বোঝানো হয় ক্লাস, আড্ডা, ঘোরাঘুরিতে যা আমরা সচরাচর সব সময় পরে থাকি। আর প্রতিদিনের ফ্যাশনে কিশোরীর পছন্দ মোটেও জমকালো নকশার ডিজাইন নয়। আঠারোর ফ্যাশন সময়ের সঙ্গী, শরীরের বন্ধু। মানে তা হলো ফ্যাশন যেমন মেনে চলে, তেমনি পরতেও আরামদায়ক। এ বয়সে মেয়েরা ধনুকের মতো ঘুরতে চায় পাহাড়-পর্বত আর নদী-সাগরে। উড়তে চায় পাখি হয়ে দেশ-বিদেশে। পোশাকের জমকালো ডিজাইন বহনে চলে না দৌড়-ঝাঁপ, ছোটাছুটি। তাই হালকা নকশায় পছন্দের পোশাক বেছে নেয় আঠারো বছরের সূর্যকন্যা। পছন্দের পোশাকের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘চঞ্চলতা আমার প্রিয়। ইচ্ছা করে সারাদিন ঘুরে বেড়াই। সারারাত আকশের নিচে বসে তারা গুনি। আর ভারি পার্টি পোশাক পরে নিশ্চয় এগুলো কেউ করবে না। তাই পোশাক আমার মতোই হবে। একদম সাদামাটা কামিজ অথবা ফতুয়ার সঙ্গে লেগিন্স ও ট্রেন্ডি সালোয়ার পরতে পছন্দ করি আমি।’
সচেতন হতে হবে মা-বাবার। টিনএজ মেয়েদের হঠাৎ বড় হয়ে যাওয়ার সঙ্গে চাঞ্চল্য নিয়ে বেশিই চিন্তিত হয়ে যান অনেক মায়া। মেয়ের চাল-চলনে অপ্রয়োজনীয় প্রভাব বিস্তার করতে চান বাবা। পোশাকের ক্ষেত্রেও থাকে মায়ের নিষেধাজ্ঞা, যা এই বয়সীদের মেধা বিকাশে, উদ্যমী গতিতে চলতে বাধা দান করে। তাই সব বাবা-মায়েরই উচিত তার চিন্তা-ভাবনা, পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে তাকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করা। প্রাধান্য দেওয়া উচিত মেয়ের পছন্দের পোশাকেও।











