বার্সার হাল ধরতে প্রস্তুত নেইমার
স্পোর্টস ডেস্ক : রোনালদিনহো শেষ হয়ে গেলে কী হবে বার্সেলোনার! মাত্র দুটি মৌসুম লেগেছে সমর্থকদের আশ্বস্ত করতে। ২০০৮ সালে মাত্র ২১ বছর বয়সে বার্সার মতো শতবর্ষী ইতিহাস বুকে নিয়ে চলা ক্লাবের দায়িত্ব কাঁধে তুলে নিলেন লিওনেল মেসি। সেই মেসি গত সাত বছরে পাঁচটি লিগ ট্রফি এনে দিয়েছেন, তিনটি করে চ্যাম্পিয়নস লিগ আর কোপা ডেল রে। কিন্তু মেসির পর?
না, বার্সা সমর্থকদের এখনই হাহাকার করার কোনো কারণই নেই। মেসির বয়স মাত্র ২৮। তবে ত্রিশের দিকে এগিয়ে চলা মেসি এবং তাঁর সমবয়সী লুইস সুয়ারেজের পর বার্সার হাল ধরতে যে তিনি প্রস্তুত, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন নেইমার। নেইমারের জাদুতে অ্যাথলেটিক বিলবাওকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে এল বার্সা। জয়, সঙ্গে দুটি অ্যাওয়ে গোল—ফিরতি লেগের আগেই বার্সা কোপা ডেল রের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল। গত মৌসুমের শিরোপাত্রয়ী জয়ের অবিশ্বাস্য পুনরাবৃত্তির দিকে ভালোমতোই ছুটছে বার্সা।
আর এর কৃতিত্ব অনেকটাই নেইমারের। গতকালই যেমন নেইমার প্রথম এমন কোনো ম্যাচ খেললেন, যেখানে তাঁর এমএসএন-ত্রয়ীর দুজনই নেই। ২০১৪ সালে লিভারপুল থেকে সুয়ারেজ কাতালান ক্লাবটিতে আসার পর এমনটা ঘটেনি। চোটের কারণে খেলেননি মেসি, সুয়ারেজ নিষিদ্ধ। আর এই সুযোগে আলোটাও পুরো টেনে নিলেন নেইমার। ১৮ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মুনির। ৬ মিনিট পর ২-০ করে ফেলেন নেইমার। ৮৯ মিনিটে আদুরিজের গোলে নিভু নিভু হলেও ২৭ জানুয়ারি ফিরতি লেগে লড়াই করে ফেরার আশা বাঁচিয়ে রেখেছে বিলবাও।
এমনিতেই বিলবাওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। গত মৌসুমে নেইমার ব্রাজিলীয় কিছু স্কিল মাঠে করিয়ে দেখিয়েছিলেন, যেটিতে ‘অহেতুক দেখনদারি’র অহমিকা ছিল বলে সমালোচনা হয়। সেই বিলবাও মৌসুমের শুরুতেই বার্সাকে ৪-০ গোলে হারিয়ে দিয়ে চমকে দিয়েছিল। বার্সার আর স্প্যানিশ সুপার কাপও জেতা হয়নি, পূরণ হয়নি শিরোপা-ষষ্ঠক। লিগে তিন দিন আগেই বিলবাওকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা।
কিন্তু বিরাট জয়ের পরও বার্সা জানত, কাপে কাজটি সহজ হবে না। এমনকি চোটের শঙ্কার পরও মেসিকে খেলানো হবে কি না, এ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বার্সার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচের আধ ঘণ্টার মধ্যেই নেইমার নেই আশ্বস্ত করলেন, ‘ভয় কী, লিও-লুইস নেই…আমি তো আছি!’
গত মৌসুমে ৫১ ম্যাচে তাঁর ৩৯ গোল বড় ভূমিকা রেখেছিল বার্সাকে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি ট্রফি জেতাতে। ২৩ বছর বয়সী নেইমার এই মৌসুমে আরও ক্ষুরধার। মাঝখানে দুই মাস মেসির অনুপস্থিতিতে পুরো দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের তরুণ কাঁধে। পরিণত নেইমারের ছাপ পাওয়া যাচ্ছে তাঁর খেলাতেও। গোল অনুপাত, পাসিং, ড্রিবলিং, সুযোগ তৈরি, অ্যাসিস্ট—সব কিছুতেই গত মৌসুমের চেয়ে আরও তীক্ষ্ণ তিনি।
কোচ লুইস এনরিকে সবচেয়ে মুগ্ধ তাঁর ফিটনেসের উন্নতিতে, ‘গত ম্যাচের পর এমনকি ওর রিকভারি সেশনও লাগেনি। এই মৌসুমে ও আগের চেয়ে অনেক অনেক ভালো অবস্থায় আছে।’ অথচ প্রথম যখন ব্রাজিল থেকে আসেন, পলকা নেইমার ইউরোপের দানব ডিফেন্ডারদের ধাক্কা কী করে সামলাবেন এ নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল। বার্সা বিশেষ ডায়েট চার্টও বানিয়ে দিয়েছিল নেইমারকে। নেইমার গায়ে-গতরে শক্তপোক্তই শুধু হননি, মানসিকতাতেও এসে বিরাট পরিবর্তন।
প্রথম মৌসুমে তাঁর দেখা হলুদ কার্ডের সংখ্যার সঙ্গে এই মৌসুমের তুলনা করলেই বুঝবেন। এই নেইমার অনেক বেশি পরিণত, দায়িত্বশীল। মাথার বাহারি চুলের ছাঁটকে ছাঁটাই করে দিয়েছেন। এখন আর অহেতুক ‘দেখনদারি’ করেন না। মেসিকে আদর্শ মেনে বুঝেছেন, ম্যাচ জেতার চেয়ে বড় সবার মন জেতা। এই নেইমার অনেক বেশি দল অন্ত প্রাণ। গত মৌসুমে অ্যাসিস্ট করেছিলেন সাতটি। এবার মৌসুমের মাঝপথে এরই মধ্যে ২০ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৭টি!
সবচেয়ে বড় কথা, কালও বিলবাও তাঁর ওপর চড়াও হয়েছে। বারবার চড়া ফাউলের শিকার হয়েছেন। একবার বুটের এমন গুঁতো খেলেন, রেফারির চোখ না এড়ালে সেই অপরাধের প্রাপ্য শাস্তি লাল কার্ডই। অথচ নেইমার ম্যাচ শেষে এ নিয়ে সামান্য অনুযোগই করলেন না, ‘মাঠে যা হয় সেটা মাঠে ফেলে আসাই ভালো।’
এই নেইমার ৩২ বছরের প্রজ্ঞা আর ২৩ বছরের সুন্দর সাহসী! এই নেইমারই বার্সার ভবিষ্যৎ!











