প্রধানমন্ত্রী এখন সিলেটে
একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টায় ৫৫ মিনিটে হেলিকপ্টার যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এছাড়া ১১টা ৪৮ মিনিটে আরেকটি হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় নেতারা। সফরকালে প্রধানমন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ইনস্টিটিউট ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, সিলেট এপিবিএন ব্যারাক ভবন, ৩০শয্যা বিশিষ্ট সদর উপজেলার খাদিমপাড়া হাসপাতাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, সিলেট কৃষি বিশ্ববিদ্যায় কেন্দ্রীয় লাইব্রেরি ভবন, ওসমানীনগর থানা ভবন, জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নির্মিত হোস্টেল ভবনের উদ্বোধন করবেন। এছাড়া তিনি সিলেট আউটার স্টেডিয়াম, নারী পুলিশ ডরমেটরি ভবনের উর্ধ্বমূখি সম্প্রসারণ কাজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, বাস্তবাণাধীন সিলেট আইসিটি পার্ক, গাজী বুরহান (রহ.) মাজার মসজিদ, এবাদতখানা ও সংযোগ সড়ক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন কার্যালয়ের ভবন নির্মাণ, বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয়, এসএমপির শাহপরান থানা ভবন নির্মাণ ও তিনটি পৃথক রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।











