শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগে ৩৯ রয়েল বেঙ্গল টাইগার হত্যা

tiger3বিশ্বের সেরা ম্যানগ্রোভ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের অস্ত্বিত্ব হুমকির মুখে। বিগত ১ যুগে ৩৯টি রয়েল বেঙ্গল টাইগার হত্যার শিকার হয়েছে। বিশ্বখ্যাত সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার সুরক্ষায় বনবিভাগ কোনো ব্যবস্থা নিতে পারছে না। সংঘবদ্ধ বাঘ শিকারি প্রাকৃতিক দুর্যোগ, গণপিটুনি ও গুপ্ত হত্যায় একের পর এক বাঘ মারা যাচ্ছে। সুন্দরবন পশ্চিম ও পূর্ব বিভাগের সূত্রে জানা যায়, গত ১ যুগে সুন্দরবনসহ বিভিন্ন লোকালয়ে ৩৯টিরও বেশি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশ সংঘবদ্ধ বাঘ শিকারি, বনদস্যু ও লোকালয়ে ঢুকে পড়ায় বাঘ গণপিটুনির শিকার হয়ে মারা গেছে। পাশাপাশি বাঘের খাদ্য ও পানির সংকটে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বাঘ ঢুকে পড়ছে লোকালয়ে। বনবিভাগের নিরাপত্তা বিভাগের প্রয়োজনীয় সংকট জনবল ও সরঞ্জামের অভাবে মূল্যবান এ বন্যপ্রাণী রক্ষা করতে পারছে না।tiger
সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল ১০৬টি। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ও প্রাকৃতিক দুর্যোগে কত বাঘের মৃত্যু হয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান নেই। সুন্দরবন পশ্চিম ও পূর্ব ২টি বিভাগের ৪টি রেঞ্জ পশ্চিমে খুলনা ও সাতক্ষীরা পূর্বে শরণখোলা ও চাদপাই বনসংলগ্ন গ্রামগুলোতে বন থেকে লোকালয়ে ঢুকে পড়া বাঘ গণপিটুনির শিকার হয়ে মারা গেছে। গত ১ যুগে সুন্দরবন পশ্চিম বিভাগে ২৭টি ও পূর্ব বিভাগে ১২টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জের সবচেয়ে বেশি ১৪টি বাঘ গণপিটুনির শিকার হয়ে মারা গেছে। বন বিভাগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় ১৯৯৮ সালের ২৬শে মার্চ শ্যামনগরের দাতনিখালী গ্রামে একটি বাঘ ঢুকে পড়লে এলাকাবাসী বাঘটিকে গুলি করে হত্যা করে। এর একদিন পরে একই এলাকায় গ্রামবাসী আবারও একটি বাঘ গণপিটুনি দিয়ে হত্যা করে।

২০০৮ সালের ২০শে জুন সন্ধ্যায় শ্যামনগরের দক্ষিণ কদমতলা গ্রামে একটি বাঘ প্রবেশ করে। এ সময় বাঘের আক্রমণে এক গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয় ও ২ জন আহত হন। এ ঘটনার পরের দিন ২১শে জুন এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে। ২০০৯ সালের ২রা জুন সুন্দরবনের চুনা নদী পার হয়ে শ্যামনগরের খলিশাবুনিয়া গ্রামের কালীবাড়ী নামকস্থানে ১টি বাঘ ঢুকে গড়ে। এ সময়ে বাঘের আক্রমণে ৩ গ্রামবাসী আহত হন । এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ১০ ঘণ্টা পর বাঘটিকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ২০১০ সালে ২২শে জানুয়ারি রাতে সুন্দরবন থেকে চুনা নদী পার হয়ে বাঘটি লোকালয়ে প্রবেশ করে। নদী থেকে ৫ কিলোমিটার ভেতরে আবাদ চন্ডিপুর গ্রামে খোরশেদ আলীর রান্নাঘরে চালার উপর স্থান নেয় । এ সময় গ্রামবাসী বাঘটিকে ঘেরাও করে বনবিভাগ ও পুলিশে খবর দেয়। কিন্তু ১২ ঘণ্টা পার হলেও বনবিভাগ বাঘটিকে আটক করে বনে ছেড়ে দেয়ার ব্যবস্থা না করায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে পিটিয়ে হত্যা করে। ২০১০ সালের মে মাসে চন্ডিপুর গ্রামে লোকালয়ে আবারও একটি বাঘ প্রবেশ করলে সেটি ও গ্রামবাসী পিটিয়ে হত্যা করে। ২০১১ সালের ২৫শে মার্চ শ্যামনগরের ভোলাখালী গ্রামে জনগনের পিটুনিতে ১টি বাঘের মৃত্যু হয়। ২০১৩ সালের ২১শে জুলাই কৈখালী এলাকায় একটি বাঘ মৃত অবস্থায় ভাসমান দেখতে পায় এলাকাবাসী। সর্বশেষ ২০১৫ সালের ৮ই আগস্ট কয়রায় চোরামুখা গ্রাম থেকে ৩টি বাঘের চামড়া উদ্ধার করে পুলিশ।
সুন্দরবনের পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের ৬টি বাঘের মৃত্যু হয়েছে। ২০০৩ সালের ২২শে মার্চ কয়রার জোড়শিং গ্রামে ১টি বাঘ গণপিটুনিতে মারা যায়। ২০০৫ সালের ২৮শে নভেম্বর বানিয়াখালী নামক স্থান থেকে বন বিভাগ মৃত বাঘ উদ্ধার করে। ২০০৭ সালের ১৬ই নভেম্বর চাংমারীতে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়। ২০০৭ সালের ১০ই নভেম্বর সুন্দরবন অভ্যন্তরে ভোমরখালী এলাকায় একটি মৃত বাঘ উদ্ধার করে বনবিভাগ। ২০০৭ সালের ১৯শে নভেম্বর দাকোপের নলিয়ান গ্রামে ১টি বাঘ ঢুকে পড়লে গ্রামবাসীর গণপিটুনিতে বাঘটির মৃত্যু হয়। ২০১০ সালের ৯ই সেপ্টম্বর কয়রা উপজেলার জোড়শিং গ্রামে ১টি বাঘ লোকালয়ে ঢুকে পড়লে বাঘটিকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে।
সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা ও চাদপাই রেঞ্জে গত ১ যুগে ১২টি বাঘের মৃত্যু হয়েছে । এর মধ্যে শরণখোলায় ৬টি ও চাদপাইতে ৬টি। ২০০১ সালের ২৬শে ডিসেম্বর চাদপাই গ্রামে গণপিটুনিতে একটি বাঘ মারা যায়। ২০০২ সালের ৯ই সেপ্টেম্বর ডাকাতের গুলিতে একটি বাঘ মারা যায়। ২০০৩ সালের ২৮শে মে ধানসাগর নামক স্থানে গ্রামবাসীর গণপিটুনিতে একটি বাঘ মারা যায়। ২০০৪ সালের ২৫শে আগস্ট চরদোয়ানি কাঁঠালতলী থেকে ১টি বাঘের চামড়া উদ্ধার করা হয়। ২০০৭ সালের ২রা মে হাড়বাড়িয়া পুকুর পাড়ে ১টি মৃত বাঘ উদ্ধার করা হয়। ২০০১ সালের ২০শে নভেম্বর শরণখোলা কচিখালীতে একটি বাঘের মৃতদেহ পাওয়া যায়। ২০০৩ সালের ১৯শে অক্টোবর চালতিবুনিয়া গ্রামে ১টি বাঘ ও ২রা ডিসেম্বর আমুবিনা গ্রামে ১টি বাঘকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে। ২০০৫ সালের ২৬শে অক্টোবর বলেশ্বর নদীর তীরে ১টি বাঘের লাশ উদ্ধার করা হয়। ২০০৬ সালের ২রা নভেম্বর শরণখোলার সোনাবাড়ীয়া থেকে ১টি বাঘের চামড়া উদ্ধার করা হয়।
গত ১০ বছরে সরকারি হিসেবে গণপিটুনিতে সুন্দরবনে ২০টি বাঘ মারা গেছে। পরিবেশবিদদের মতে মৃত্যু বাঘের সংখ্যা ৩০টির কম নয়। স্বেচ্ছাসেবী সংগঠনের মতে ২০০২ সাল পর্যন্ত বিভিন্নভাবে সুন্দরবনের ১২০টি বাঘ মারা গেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিভিন্নভাবে ৫৩টি বাঘ হত্যার শিকার হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. দিলীপ কুমার দত্ত বলেন, জলবায়ু পরিবর্তন আইলা ও সিডরের আঘাতে সুন্দরবন লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় বন্যপ্রাণীর খাদ্য সংকট দেখা দিয়েছে। যে কারণে হিংস্র বাঘগুলো খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে এবং গ্রামবাসীর গণপিটুনির স্বীকার হচ্ছে। বন বিভাগের নাম না প্রকাশের শর্তে এক কর্মকর্তা জানান, বাঘ সুরক্ষায় সুন্দরবনে ২টি ট্যাংকুলাইজার গান রয়েছে। তবে গান দুটি ব্যবহারের দক্ষ কোন লোক নেই। তেমনি নেই পর্যাপ্ত পরিমাণ চেতনানাশক ওষুধ। সুন্দরবন থেকে লোকালয়ে প্রবেশ করা এসব বাঘগুলো সুন্দরবনে ফিরিয়ে নেয়া সম্ভব হতো, যদি ট্যাংকুলাইজার গানের গুলি ব্যবহার করা যেত। তার মতে জলবায়ু পরিবর্তনে দুর্যোগ, লবণাক্ততা বেড়ে যাওয়ায় বাঘ হিংস্র্র থেকে হিংস্রতর হয়ে উঠেছে। বনের ঘনত্ব কমে যাওয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছে। যে কারণে খাদ্যের খোঁজে লোকালয়ে ঢুকে পড়া বাঘ গণপিটুনিতে বেশি মারা পড়ছে। পরিবেশবিদদের মতে এভাবে বাঘ নিধন হতে থাকলে আগামী ২০২০ সাল নাগাদ সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগারের অস্তিস্ত বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। বণ্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগের ডিএফও সাইদুর রহমান বলেন একটি প্রকল্পের মাধ্যমে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের বণ্যপ্রাণী নিধন না করার জন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।