শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিয়ের সময় এখনও হয়নি’ , জিতের নায়িকা ফারিয়া

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। টিভি নাটকে অভিনয় করে হয়েছেনও পোক্ত। এর পরই চলচ্চিত্রে পাড়ি জমিয়েছেন তিনি। এখন নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন মৌসুমী হামিদ। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া 111432_e6
কেমন আছেন?
ভালো আছি। তবে একটু ব্যস্ততা যাচ্ছে। নিয়মিত শুটিং চলছে। কোনো দিকে মুভ করার সময়টাও পাচ্ছি না। সবার সঙ্গে ঠিকঠাক যোগাযোগও করতে পারছি না।
এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে?
‘উজান গাঙের নাইয়া’ সিরিজের নাটকে অভিনয় করছি। এর শুটিংয়ে কক্সবাজার গিয়েছিলাম। সেটি শেষ করে এলাম। বাশার জর্জিসের পরিচালনায় নাটকটি এটিএন বাংলায় প্রচার চলছে।
খণ্ডনাটকের অভিনয়ের কি অবস্থা?
খণ্ডনাটকই বেশি করছি। বেছে বেছে ভালো গল্পগুলোর কাজ করছি। ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকের শুটিং শেষ হয়েছে। আরও কিছু নাটকে কাজ করার কথা রয়েছে। শিডিউল ঠিক রেখে নাটকগুলোর কাজ শেষ করবো বলেই আশা করছি।
আর চলচ্চিত্রের ব্যস্ততা?
ফিরোজ খান প্রিন্স পরিচালিত ‘শোধ প্রতিশোধ’ ছবির কাজ শেষ হয়েছে। এতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করছি আমি। এ ছাড়া সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর সামনেই সুমন আনোয়ারের পরিচলনায় ‘কয়লা’ ছবিতে কাজ শুরু হবে।
টিভি নাটক থেকে চলচ্চিত্রে পাড়ি জমিয়েছেন। অভিনয়ের ক্ষেত্রে দুয়ের মধ্যে কোন পার্থক্য খুঁজে পেয়েছেন?
অবশ্যই অনেক পার্থক্য পেয়েছি। নাটক তো হচ্ছে একটা স্কুলিং। এটি অভিনয় শেখার বড় একটি জায়গা। আর চলচ্চিত্রের ব্যাপারটাই আলাদা। এখানকার কাজটা বড় পরিসরে হয়। আর বড় পর্দা হলো প্রত্যেক শিল্পীর জন্য একটি স্বপ্নের মাধ্যম।
টিভি মাধ্যমের অভিজ্ঞতা চলচ্চিত্রে কতটুকু কাজে লাগাতে পেরেছেন?
এ ক্ষেত্রে আমি বলবো শতভাগ কাজে লাগাতে পেরেছি। নিজেকে নিয়ে কখনও মূল্যায়ন করি না। তবুও বলবো, অভিনয়টা টিভি নাটকে ভালভাবে রপ্ত করেছি। আর সেটা এখন বড় পর্দায় এসে কাজে লাগাতে পারছি। আশা করছি এটা সব সময় ধরে রাখবো।
এখনকার নাটকগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি?
গোটা কয়েক নির্মাতা ছাড়া চোখে পড়ার মতো ভালো কাজ করছেন এমন কেউ নেই। সবাই একটা প্রতিযোগিতার মধ্যে থাকেন। কে কত নাটক বানাতে পারেন সে ব্যস্ততা সবার মধ্যে লক্ষ্যণীয়। দেখা গেছে, ১০০ কিংবা ১৫০ নাটক নির্মাণ কবে হবে আর সেটার জন্য গ্র্যান্ড পার্টি দেবেন তার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন সবাই। কোয়ালিটির কথা ভাবছেন না কেউ। বিশেষত গল্পে ভিন্নতা নেই। একই ধরনের নাটক দর্শক বারবার দেখছেন। কেউ এসব ব্যাপারে নজর দিচ্ছেন না। দর্শক কিন্তু ভালো নাটকের জন্য মুখিয়ে থাকেন। আমরা অনেকেই বলি বিজ্ঞাপনের কারণে নাটক দেখছেন না দর্শক। কিন্তু তারা টিভি চ্যানেলে না দেখলেও ইউটিউবে ঠিকই দেখছেন। সেখান থেকে দর্শক কোনটা ভালো নাটক কিংবা খারাপ সেটা নিয়ে আলোচনা-সমালোচনা করেন। তাই বলবো গল্পের ওপর জোর দেয়া উচিত। আরেকটা বিষয় লক্ষ্যণীয় যেটা সেটা হলো, এখন নাটকে অভিনয় করতে হলে অভিনয় জানা লাগে না। গ্ল্যামার হলেই যাকে-তাকে শিল্পী বানিয়ে দেয়া হচ্ছে। আর এসব কারণে নাটকের মান খারাপ হচ্ছে।
শুটিংয়ের বাইরে ব্যক্তিগত জীবন কেমন কাটছে?
আমি কাজের ক্ষেত্রে যেমন নিয়ম মেনে চলি তেমনি পরিবারের প্রতিও অনেক বেশি যত্নশীল। আমার শুটিং ব্যস্ততা শেষ করেই পরিবারের সঙ্গে সময় দিই। বিশেষত ফ্যামিলি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি পায়। শুধু তাই নয়, বন্ধু-বান্ধবদের কথাও ভুলে যাই না। সবার সঙ্গে যোগাযোগ রাখি। সুযোগ পেলেই আড্ডা দিই বন্ধুদের সঙ্গে। সবমিলিয়ে ব্যক্তিগত জীবন ভালই যাচ্ছে আমার।
বিয়ে করছেন কবে?
এখনও জানি না। কারণ বিয়ের ব্যাপারটা উপরওয়ালার হাতে। তিনি যখন লিখে রেখেছেন তখনই বিয়ে হবে। এ নিয়ে আমার নিজস্ব কোনো পরিকল্পনা নেই। তবে মনে হয় বিয়ের সময় এখনও হয়নি। ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চাই। যখন সময় হবে অবশ্যই বিয়ে করবো।

জিতের নায়িকা ফারিয়া

কলকাতার নায়ক জিতের বিপরীতে এবার নায়িকা হিসেবে আসছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দুদেশের যৌথ উদ্যোগে তৈরি হবে ছবিটি। ‘বাদশা’ নামের এ ছবিতে জুটি বাঁধছেন জিত ও ফারিয়া। তেমনই খবর জানা গেছে টলিউড থেকে। 111431_e7আগামী মার্চেই ছবির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন ‘বস’ ও ‘গেম’ ছবির পরিচালক বাবা যাদব। তার পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন জিত। তবে বাংলাদেশের তরফে কেউ এ ছবিতে যুগ্ম পরিচালক হিসেবে থাকবেন কিনা তা এখনও ঠিক হয়নি। এদিকে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এ বছরে মোট ৫টি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসেই মুক্তি পাবে ওম, রিয়া সেন ও নুসরাত ফারিয়া অভিনীত ‘হিরো ৪২০’ ছবিটি। এরপর মুক্তি পাবে আরিফিন শুভ ও জলি অভিনীত ‘নিয়তি’ ছবিটি। এ ছাড়া ‘বাদশা’সহ দুটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাবে এ বছরেই।