প্রাঙ্গণজুড়ে বাংলার প্রতিচ্ছবি
প্রবেশদ্বারেই হাতের ডানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্মের আদলে গড়া ভাস্কর্য। ভেতর থেকে ভেসে আসছে দোতারার সুর। এগোতেই চোখে পড়ল আপন ভঙ্গিমায় দোতারা বাজাচ্ছেন অন্ধ বাউল আবদুল বারেক। বাতাসে হালকা শীতের আমেজ। প্রাঙ্গণজুড়ে গ্রামবাংলার প্রতিচ্ছবি। আবহমান বাংলার গ্রাম-জনপদের ঐতিহ্যিক সব শিল্পনমুনা যেন প্রথমবারের মতো দেখছেন মেলার দর্শনার্থীরা। কোথাও শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নকশিকাঁথা, কোথাও আবার কামারের ঘাম-শ্রমে তৈরি হচ্ছে দা-বঁটি-কাস্তে। পাশেই আবার পলকা শোলা ফুটে উঠছে পাখি হয়ে।
এককথায় বলতে গেলে দারুণ এক আয়োজন বসেছে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে। দুই দশকের পথ ধরে এবারও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত বৃহস্পতিবার শুরু হয়েছে মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এবারও বেশ জমজমাট হয়ে উঠেছে মেলা। নারায়ণগঞ্জবাসী তো বটেই, দলবেঁধে ঢাকা থেকেও মানুষ যাচ্ছেন সেখানে।
মেলা দেখে আর কারুপণ্য কিনে ক্লান্ত শরীরে বিকেলে বসে শুনছেন ময়ূরাকৃতির মঞ্চ থেকে ভেসে আসা লালন, হাসন, ভাওয়াইয়া, জারি, সারি আর ভাটিয়ালি গান। ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ সমকালকে বলেন, ‘বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি হাজার বছরের প্রাচীন। লুপ্তপ্রায় বিভিন্ন লোকজ উপাদান পুনরুদ্ধার করা ও নতুন প্রজন্মকে আবহমান ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ আয়োজন। সেইসঙ্গে গ্রামবাংলায় ছড়িয়ে থাকা প্রচারবিমুখ কারুশিল্পী ও লোকসঙ্গীত শিল্পীদের প্রতিভা বিকাশ ও প্রকাশের সুযোগ করে দেওয়া এ মেলা ও উৎসবের অন্যতম উদ্দেশ্য।’
কারুশিল্পীদের সমাগম: মেলায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে ৪৮ জন কারুশিল্পী। নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁর হাতি-ঘোড়া-পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, মুন্সীগঞ্জের শীতলপাটি, কুমিল্লার তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য ও কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প নিয়ে হাজির হয়েছেন এই ৪৮ শিল্পী। এ ছাড়া মেলায় রয়েছে ১৭২টি স্টল।
মেলামাঠের ঠিক মাঝখানে বসেছে ২০টি স্টল নিয়ে ‘কর্মময় কারুশিল্পী’ প্রদর্শনী, যেখানে দর্শনার্থীদের সামনেই শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন বাহারি কারুপণ্য। থরেথরে সাজানো কারুপণ্যের পসরা দেখেই ইচ্ছা জাগে সেসব দিয়ে ঘর সাজাতে। তাই তো দর্শনার্থীরা চট করে কিনে ফেলছেন কারুকার্যখচিত হাঁড়ি, কাঠের সামগ্রী, শতরঞ্জি। আর যাদের বাজেট একটু কম, তারা ঘর সাজাতে নিয়ে যাচ্ছেন শোলা দিয়ে বানানো নানা জিনিস।
সেখানেই এক স্টলে বসে নকশিকাঁথায় সুইয়ের ছোঁয়া দিচ্ছিলেন পুরস্কারপ্রাপ্ত শিল্পী হোসনে আরা। তিনি বললেন, ‘মেলা মূলত জমে দিনদশেক পরে। এখন বিক্রি হচ্ছে মোটামুটি। ঢাকা থেকে এসে অনেকেই অর্ডার দিয়ে যাচ্ছেন পছন্দের নকশার কাঁথা।’ তার পাশের স্টলে জামদানি বুনছিলেন মোহাম্মদ আলী। ৪০ বছর ধরে জামদানি বানাচ্ছেন তিনি। বললেন, ‘বিক্রি খারাপ নয়, ভালো।’ তার কাছে দুই থেকে দশ হাজার টাকা দামের শাড়ি রয়েছে। বলা বাহুল্য, তার স্টলে নারীদের ভিড় বেশি।
‘বাংলাদেশের গৌরবগাথা- আমাদের এই নকশিকাঁথা’: এবারের মেলায় প্রথমবারের মতো বিশেষ আয়োজন করা হয়েছে নকশিকাঁথা নিয়ে। ‘বাংলাদেশের গৌরবগাথা- আমাদের এই নকশিকাঁথা’ শীর্ষক এ প্রদর্শনীতে উঠে এসেছে প্রকৃতির বৈভব, গ্রামের সাধারণ মানুষের জীবনযাপনের চিত্র; উঠে এসেছে নারীর অনুভব ও চেতনা। এসব দেখে চকিতে মনে পড়ে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীর কথা, ‘সীতার গুণের কথা কি কহিব আর/ কন্থায় আঁকিল কন্যা চান সুরুয পাহাড়/ আর যে আঁকিল কন্যা হাঁসা আর হাঁসি/ চাইরো পাড়ে আঁকে কন্যা পুষ্প রাশি রাশি।’ প্রদর্শনীতে স্থান পাওয়া নকশিকাঁথাগুলোতে যেন তার কবিতার মতোই উঠে এসেছে গ্রামীণ বাংলার বিভিন্ন অনুষঙ্গ।
প্রাঙ্গণজুড়ে যত আয়োজন: মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে হঠাৎ নজরে আসে সরস্বতী বীণা। সেটা দেখতে এগিয়ে যেতেই বীণ বাজিয়ে উঠলেন স্টলটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম। জানালেন, দীর্ঘদিন ধরেই তিনি সরস্বতী বীণা বানাচ্ছেন। বিক্রি হয় না তেমন, কিন্তু শখের বশে বানানো থেমে নেই। এ ছাড়া বিভিন্ন বীণ আর বাঁশি তার কাছে রয়েছে।
বিস্তৃত প্রাঙ্গণের এক কোণে রয়েছে নাগরদোলা। সেটার সঙ্গী হয়েছে বিমান চরকি আর পুতুলনাচ। এসবের পাশাপাশি প্রতি শুক্র ও শনিবার থাকছে গ্রাম্য সালিশ, দাদি-নাতির গল্প বলা, ঢেঁকিতে ধান ভানা, নকশি পিঠা তৈরি, প িত মশাইয়ের পাঠশালার মতো হারিয়ে যাওয়া নানা আয়োজন।
মাসব্যাপী এ মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা। তবে প্রবেশের জন্য লোক ও কারুশিল্প জাদুঘরের ২০ টাকা দামের টিকিট কাটতে হবে। আর সঙ্গী যদি হন ভিনদেশি, তবে গুনতে হবে ১০০ টাকা।











