বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা পাচারে ১৪ চক্র চিহ্নিত

 

Eyabaবিশেষ অভিযানে এক রাতেই চট্টগ্রাম ও ঢাকা থেকে ২৮ লাখ ইয়াবা ট্যাবলেট আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এগুলোর দাম অন্তত ১১৩ কোটি টাকা বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

একই রাতে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের অভিযানে আটক হয়েছে আরো ৬১ হাজার ইয়াবা। চট্টগ্রাম ও ঢাকায় অভিযানের বিষয়ে গতকাল দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেছেন বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে এর আগে একসঙ্গে এত বড় ইয়াবার চালান ধরা পড়েনি।032614Pic-30

 

গত বছর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা আটক করেছিল নৌবাহিনী।মিয়ানমার থেকে বাংলাদেশে এই মরণ নেশা ইয়াবা ট্যাবলেট পাচারের ঘটনায় দুই দেশের ১৪টি চক্র জড়িত বলে র‌্যাব জানিয়েছে। রবিবার রাতের অভিযানে র‌্যাবের হাতে আটক চালানটির পাচারচক্রের প্রধান আলী আহমদও (৫২) এ চক্রগুলোর একটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি চট্টগ্রামের একটি আবাসন কম্পানি একুশে প্রপার্টিজের স্বত্বাধিকারী। ধরা পড়া অন্য দুজন হলেন আলী আহমদের প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও অফিস সহকারী হামিদ উল্লাহ।

র‌্যাবের তথ্য অনুযায়ী, এ দুটি দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী বৈধ ব্যবসার ছদ্মাবরণে মূলত খুব দ্রুত টাকা রোজগারের জন্য এবং কিছু ব্যবসায়ী স্বাভাবিক ব্যবসায় লোকসান দিয়ে ইয়াবা পাচারের মতো অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। যে ১৪টি চক্রের বিষয়ে র‌্যাব তথ্য পেয়েছে, তার মধ্যে মিয়ানমারে ছয়টি ও বাংলাদেশে আটটি সক্রিয়। আটক আলী আহমদকে জিজ্ঞাসাবাদ করে এবং আগের তথ্যের সঙ্গে মিলিয়ে র‌্যাব কর্মকর্তা এ কথা জানান।

 

উল্লেখ্য, ২০১৪ থেকে গত বছর পর্যন্ত কক্সবাজার ও চট্টগ্রামে র‌্যাব, পুলিশ এবং বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কয়েকজনসহ অন্তত আটজন ইয়াবা কারবারি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে ইয়াবা পাচারের রুট কক্সবাজার এলাকা থেকে বদলে চট্টগ্রামে নিয়ে আসে চোরাকারবারিরা। গত বছরের জুন থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আলী আহমদ নিজেই চট্টগ্রাম দিয়ে সাতটি চালান পাচার করেছেন বলে র‌্যাবের কাছে শিকার করেছেন।

তবে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচার বন্ধ হয়নি। গত ২৪ ডিসেম্বর টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিয়ানমারের এক ইয়াবা কারবারি নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরেকজন। পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে জানান, মিয়নামার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় চালানগুলো বাংলাদেশের টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রামের বাঁশখালী এবং আনোয়ারা উপজেলার গহিরার ইয়াবা পাচারকারী চক্রের সদস্যদের কাছে সরবরাহ করা হচ্ছে।

আবার চট্টগ্রাম ও কক্সবাজার ছাড়াও বঙ্গোপসাগর দিয়ে পাচার হচ্ছে পটুয়াখালী জেলায়। সেখান থেকে কৌশলে ঢাকাসহ অন্য জেলাগুলোতে ইয়াবা পাচার করা হচ্ছে। ২৮ লাখ ইয়াবার চালান আটক : গতকাল দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম ও ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ লাখ ইয়াবা ট্যাবলেট আটকের বিষয়টি জানান বাহিনীর প্রধান বেনজীর আহমেদ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর কিছু ঘটনার মূল কারণ হিসেবে মাদককে চিহ্নিত করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূল করতে র‌্যাব সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার থেকে চট্টগ্রাম র‌্যাব-৭-এর একটি দল সমুদ্রসীমায় ব্যাপক তৎপরতা শুরু করে দেয়। বিরতিহীনভাবে তিন দিন অভিযান চালায় র‌্যাব।

একপর্যায়ে রবিবার রাতে পতেঙ্গা উপকূলে দুটি ট্রলার আটক করতে সক্ষম হয়। ট্রলারের ভেতর থেকে ২৭ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আলী আহমদ ও হামিদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে ঢাকার বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে আরো ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের র‌্যাব সদর দপ্তরে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত বলে স্বীকার করেছেন।

 

বেনজীর আহমেদ জানান, আটক আলী আহমদ ‘একুশে প্রোপার্টিজ’ নামের একটি ডেভেলপার কম্পানির মালিক। চট্টগ্রামের জুবিলী রোডে এ প্রতিষ্ঠানের কার্যালয়। এ কম্পানির আড়ালেই আলী আহমদ গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন। তাঁকে সহযোগিতা করতেন তাঁর কম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মহিউদ্দিন ও অফিস সহকারী হামিদ উল্লাহ।

 

র‌্যাবের মহাপরিচালক বেনজীর সাংবাদিকদের বলেন, ২০০৭ সালে র‌্যাবের অভিযানেই আবিষ্কৃত হয় ভয়াল নেশা দ্রব্য ‘ইয়াবা’, যা সমাজকে আলোড়িত ও উদ্বিগ্ন করেছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি ‘ক্রেজি ড্রাগ’ নামে পরিচিত। গতকাল পর্যন্ত প্রায় ৯২ লাখ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি ৫৪০ গ্রাম হেরোইন, চার কেজি ২৮ গ্রাম কোকেন, এক লাখ ৪৭ হাজার ৯২৪ বোতল ফেনসিডিলসহ আরো বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধারের তথ্য জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল কে এম আজাদ, গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, র‌্যাব-৭-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ, আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ, মেজর মাকসুদুল আলম প্রমুখ।

 

একমাত্র ‘রেসকিউ বোট’ দিয়েই বাজিমাত : মাত্র একটি সার্চ অ্যান্ড রেসকিউ বোট দিয়েই ইয়াবা উদ্ধার অভিযান চালিয়ে বাজিমাত করেছে র‌্যাব-৭। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত ২ ডিসেম্বর র‌্যাবকে একটি মাত্র বোট হস্তান্তর করে। সেই বোট দিয়ে দেড় মাসে দুটি বড় অভিযান চালিয়ে র‌্যাব উদ্ধার করেছে সাড়ে ৩৭ লাখ ইয়াবা। এর আগে গত ৫ জানুয়ারি আটক করা হয় ১০ লাখ ইয়াবা। সর্বশেষ সাড়ে ২৭ লাখ ইয়াবা আটক করা হলো। র‌্যাব কর্মকর্তা মিফতা উদ্দিন আহমেদ বলেন, ‘গত ২ ডিসেম্বর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে র‌্যাবকে একটি অত্যাধুনিক সার্চ অ্যান্ড রেসকিউ বোট হস্তান্তর করা হয়। এর পর থেকেই র‌্যাব সাগরে অভিযানের বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। অতীতে র‌্যাবের কাছে এ ধরনের অত্যাধুনিক জলযান না থাকার কারণে র‌্যাব বড় ধরনের অভিযান চালাতে পারেনি।’

 

র‌্যাব জানায়, শুক্রবার রাতে গভীর বঙ্গোপসাগরে দুটি নাম ছাড়া মাছ ধরার ট্রলারকে শনাক্ত করে র‌্যাব। এরপর রবিবার বিকেলে একটি ট্রলার পতেঙ্গা উপকূলে পৌঁছে। তখন র‌্যাব সদস্যরা অভিযান শুরু করলে আলী আহমদ ও হামিদ উল্লাহ ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দ ট্রলারটির মালিক আলী আহমদের মামাতো ভাই নূরুন্নবী। ট্রলারটি নূরুন্নবী কিনেছেন আরেক ইয়াবা পাচারকারী সিরাজের কাছ থেকে।

 

মামলা হবে পতেঙ্গা থানায় : দেশের ধরা পড়া সবচেয়ে বড় ইয়াবার চালানের বিষয়ে র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মহসিন বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তা মিফতা উদ্দিন আহমেদ। তিনি আরো জানান, ঢাকায় সংবাদ সম্মেলনের পর বিকেলে আটক ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামে আনা হয়।

 

টেকনাফ সীমান্তে ৬১ হাজার ইয়াবা আটক : কক্সবাজারের টেকনাফ সীমান্ত হ্নীলা জাদীমুরা এলাকা থেকে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬১ হাজার ৫০০টি ইয়াবা ট্যাবলেট আটক করেছেন। এ সময় সাব্বির আহমদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে স্থানীয় বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতের দিকে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে জওয়ানরা জাদীমুরা ওমর খালে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা আটক করেন। তবে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর গতকাল ভোরের দিকে বিজিবির অন্য একটি টহলদল একই স্থানে অভিযান চালিয়ে ২১ হাজার ৫০০টি ইয়াবাসহ সাব্বির আহমদকে আটক করে।

ইয়াবা পাচারে ১৪ চক্র : গতকাল সংবাদ সম্মেলনে র‌্যাবের প্রধান বেনজীর আহমেদ জানান, সমুদ্র এলাকায় অন্তত চারটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় আছে। চোরাকারবারিরা গভীর সমুদ্রে চলাফেরা করে। মিয়ানমার ও বাংলাদেশের একাধিক ব্যবসায়ী এ ব্যবসায় জড়িত। এরই মধ্যে তাদের তালিকা করা হয়েছে। এই মুহৃর্তে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

এর আগে কক্সবাজারের ইয়াবা কারবারিদের একটি তালিকা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েক শ জনের এই তালিকায় সংসদ সদস্য আব্দুর রহমান বদির পরিবারের কয়েকজন সদস্যের নাম ছিল। তবে বরাবরই সংসদ সদস্য বদি এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

গতকাল সংবাদ সম্মেলনে র‌্যাব প্রধান বলেছেন, মাদক কারবারের সঙ্গে জনপ্রতিনিধি বা কোনো রাঘব বোয়াল জড়িত থাকলে তাদের কেউই রেহাই পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

র‌্যাব মহাপরিচালক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বমং নামের মিয়ানমারের এক নাগরিক দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। তাকে বেশি সহায়তা করছে বাংলাদেশের একাধিক গডফাদার। বমংয়ের পাঠানো চালানগুলো বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যবর্তী জায়গায় সংগ্রহ করে চোরাকারবারীচক্রের অন্য সদস্য আয়াতুল্লাহ।

র‌্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আহমদ র‌্যাব কর্মকর্তাদের কাছে স্বীকার করেছে, রবিবারের চালানটি আসে মিয়ানমারের বমং চক্রের কাছ থেকে। চালানটির গন্তব্য ছিল গহিরা। তবে র‌্যাবের অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছে, ইয়াবার বড় চালান পাচারে মিয়ামনারের ছয়টি এবং বাংলাদেশের আটটি বড় চক্র সক্রিয়। চক্রগুলোর প্রধানদের নাম পাওয়া গেলেও সব সদস্যের নাম এখনো পাওয়া যায়নি। বড় পাচারকারীদের একজন আলী আহমদকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই দেশের ইয়াবা পাচারকারীদের এই চক্রগুলোর বিষয়ে র‌্যাব এই তথ্য পেয়েছে।

 

র‌্যাব কর্মকর্তারা জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশা গ্রামের মৃত ফকির আহমদের ছেলে আলী আহমদ ইয়াবা পাচারে টাকা খাটানোর কথা স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব কর্মকর্তারা আরো জানান, মিয়ামনার থেকে ইয়াবার বড় চালান বাংলাদেশে পাঠাচ্ছে মিয়ানমারের নাগরিক বমং, আয়াতুল্লাহ, মোস্তাক, রফিক হাজি, আবু তাহের ও কাশেম চক্র। তারা প্রত্যেকেই আলাদাভাবে ইয়াবার বড় চালান বাংলাদেশে পাঠাচ্ছে। এসব চালান বাংলাদেশে গ্রহণের পর রাজধানীসহ অন্য জেলায় পাচার করছে আলী আহমদ, শফিক, সবুর, কাশেম, নূরুল আমিন, মাজেদ, ইসমাইল ও সিরাজের নেতৃত্বাধীন চক্র।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সালে চট্টগ্রাম মহানগরের আছদগঞ্জের একটি গুদাম থেকে দুই লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছিল র‌্যাব। ওইদিন ইয়াবা পাচারের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন আবদুর রশিদ খুলু নামের একজন ব্যবসায়ী। এর পর থেকেই খাতুনগঞ্জসহ চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ীদের কয়েকজনের ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর নজর রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি ঢাকায় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী কানা মঞ্জুর ও তাঁর সহযোগীরা। অন্য কয়েকটি ইয়াবা পাচারের ঘটনায় আরো কয়েকজন ব্যবসায়ীর পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, ‘২০১২ সালে রশিদ খুলু থেকে শুরু করে সর্বশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আলী আহমদের ইয়াবা পাচারের তথ্য বিশ্লেষণ করে বলা যায়, পাচারকারীরা কোটি কোটি টাকা বিনিয়োগ করছে ইয়াবা পাচারে।’ তিনি আরো বলেন, ‘ইয়াবা খুলু থেকে শুরু করে বড় চালান নিয়ে গ্রেপ্তার হওয়া আলী আহমদ পর্যন্ত সবাই ধনাঢ্য ব্যবসায়ী। তাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কিছু ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যে লোকসান দিয়ে এখন ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছে। এসব ব্যবসায়ীর কয়েকজনকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

চট্টগ্রামের ব্যবসায়ীরা ইয়াবা পাচারে জড়িয়ে যাচ্ছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘চট্টগ্রামের প্রকৃত ব্যবসায়ীরা অবৈধ কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন। তাঁরা বৈধভাবেই ব্যবসা করেন। তবে মিয়ানমারের কিছু লোক ব্যবসার সুবাদে বাংলাদেশে স্থায়ী হয়ে গেছে। তারাই মূলত বৈধ ব্যবসার আড়ালে অবৈধভাবে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছে।’ তিনি আরো বলেন, ‘ঢালাওভাবে ধনাঢ্য ব্যবসায়ীদের ইয়াবা পাচারের জন্য দায়ী করা ঠিক হবে না।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান