ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে চান মারুফুল
স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে থেকেও উৎসব করলেন বাহরাইন কোচ মারজান ইদ। রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে খেলার শেষ দিকে মাঠ থেকে বহিস্কৃত হয়েছিলেন তিনি। খেলোয়াড়রা গ্যালারির সামনে দাঁড়িয়ে থাকা কোচের সঙ্গে দূরত্বে থেকেই করেছেন কোলাকুলি। অথচ মাঠে থেকে হতাশ বদনে ফিরতে হয়েছে বাংলাদেশ কোচ মারুফুল হককে। গত মাসে সাফের পর বঙ্গবন্ধু গোল্ডকাপেও সেই ব্যর্থতাই চাপল মারুফুলের কাঁধে। তাই এমন ব্যর্থতার সঙ্গে আর নিজেকে আর জড়াতে চান না দেশীয় এই কোচ। সে কারণেই ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ক্লাবেই ফিরে যেতে চান তিনি।
সাফে মালদ্বীপের কাছে হারের পর একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মারুফুল। তথাপি তাকে ডেকে বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য দায়িত্ব দেয়া হয়। সোমবার বাহরাইনের বিপক্ষে হারের পর আবারো জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান তিনি। বাহরাইনের বিপক্ষে সোমবার সেমিফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে মারুফুল বলেন, ‘ব্যর্থতার সব দায় আমার। খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করেছে। হয়তো আমারই কোথাও ভুল ছিল। যে কারণে হারতে হয়েছে।’
সাফের পর বঙ্গবন্ধু গোল্ডকাপে মানসিকভাবে চাঙ্গা হতে পারেনি বাংলাদেশ। তার ওপর কিছু ইনজুরি ছিল দলে। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে নিজের মূল্যায়ন জানতে চাইলে মারুফুল বলেন, ‘সাফে ব্যর্থতার পর তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমি চেষ্টা করেছি তাদেরকে চাঙা করতে। সেই পথে কিছুটা সাফল্যও আসছিল। তবে সেমিফাইনালে আমরা সেরা একাদশ নামাতে পারিনি। অনেকে ইনজুরিতে ছিল। যে কারণে কিছুটা উন্নতির পথে থেকেও সেমিফাইনালে এসে খারাপ খেলেছে দল।’
গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ইনজুরির কারণে খেলতে পারেননি। তার পরিবর্তে শহিদুল আলম সোহেলই খেলেছেন এই ম্যাচে। সেই গোলরক্ষকের ভুলেই একমাত্র জয়সূচক গোলটি করেছে বাহরাইন। মারুফুল মনে করেন বাংলাদেশে আক্রমণভাগে ফিনিশিংয়ে যেমন সমস্যা ছিল, তেমনই আক্রমণ ঠেকাতেও সমস্যা রয়েছে।
দল সম্পর্কে সামগ্রিক মূল্যায়ন করে মারুফুল বলেন, ‘জাতীয় দলে যারা রয়েছে বাংলাদেশের প্রতিভা এতোটুকুই। দক্ষিণ্ এশিয়ার অন্য দেশগুলো যেভাবে কৌশল গ্রহণ করছে তাতে আমরা পিছিয়ে আছি। এই ধারা অব্যাহত থাকলে আমাদের সঙ্গে নেপাল, মালদ্বীপসহ সাফের অন্য দলগুলোর সঙ্গে ব্যবধান বাড়তেই থাকবে।’
দলের এমন বাজে অবস্থার মধ্যে জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে কি ভাবছেন? জানতে চাইলে মারুফুল বলেন, ‘কথা ছিল প্রাথমিকভাবে আমি সাফে দায়িত্ব পালন করব। সেখানে ভালো করলে মেয়াদ বাড়বে। কিন্তু সাফে ভালো না করার পরও বঙ্গবন্ধু গোল্ডকাপে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন আমি ক্লাবেই ফিরে যেতে চাচ্ছি। জাতীয় দলে আমি আর দায়িত্ব পালন করতে চাইছি না।’
বাংলাদেশের ফুটবলের মান, কৌশল ও খেলোয়াড়দের মেধার ঘাটতি দেখছেন মারুফুল। এ অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো লক্ষণও দেখছেন না তিনি। সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে বাংলাদেশ দল ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়া আর কোনো উন্নতি হয়নি বলেও পর্যবেক্ষণ তার।
ব্যর্থতার ক্ষেত্রে কিছু কিছু ফুটবলারের দেশপ্রেম ও দায়বদ্ধতার অভাব আছে বলেও মনে করেন মারুফুল। শৃঙ্খলা ভঙ্গের কারণে উইঙ্গার জাহিদ হোসেনের বহিস্কৃত হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কিছু খেলোয়াড়ের তো অবশ্যই দায়বদ্ধতার অভাব রয়েছে। না হলে এমন হবে কেন? এর প্রমাণ তো কিছুটা হাতেনাতেই পেয়েছেন। আবার কিছু খেলোয়াড়ের অবশ্যই দেশপ্রেম আছে। না হয় এতোটুকু লড়াই করা সম্ভব ছিল না।’
বাংলাদেশ গোলরক্ষকের ভুলের সুযোগেই যে গোল করেছেন এমনটা স্বীকার করছেন ম্যাচসেরা ইব্রাহিম আলহুতি। তিনি বলেন, ‘গোল করার ক্ষেত্রে আমার প্রচেষ্টাও ছিল। তবে গোলরক্ষকের ভুলটাও এক্ষেত্রে সহায়ক ভুমিকা রেখেছে।’











