শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র যানজটে জন-জীবন স্থবির

a-70নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভাকে কেন্দ্র করে সভা শুরুর আগেই জনজট এবং যানজটের কবলে স্থবির হয়ে পড়েছে রাজধানী। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে ১০ জানুয়ারি জনসভা এক দিন পিছিয়ে আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনসভার আনুষ্ঠানিকতা দুপুর আড়াইটার দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার দুপুর ১টার পর থেকে জনসভাস্থলের আশপাশ এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এ চিত্র লক্ষ করা গেছে।

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চ করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কোল ঘেঁষে। জনসভাস্থলে আগত নেতা-কর্মীদের প্রবেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের পাঁচটি গেটের মধ্যে রমনার কালিমন্দির, টিএসসি এবং চারুকলাসংলগ্ন গেট। আর অপর দুটি গেটের মধ্যে শিশুপার্কের পেছন দিকে এবং রমনা পার্কের সম্মুখস্থলের গেটটি ভিআইপি প্রবেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম, অঙ্গসংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে দুপুর ১টার পর থেকে উদ্যানে প্রবেশ করতে শুরু করেন। এতে শাহবাগ থেকে মৎস্য ভবন, ফার্মগেট হয়ে শাহবাগ, বাটা সিগন্যাল মোড় হয়ে শাহবাগ, শাহবাগ হয়ে দোয়েল চত্বর পর্যন্ত এলাকা যানজট এবং জনজটের কবলে স্থবির হয়ে পড়ে। সময় গড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকার জট ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অন্যান্য রুটে। এই জট সরাতে আইনশৃঙ্খলা বাহিনীসহ ট্রাফিক পুলিশ সদস্যদেরও হিমশিম খেতে হচ্ছে। এ সময় বিভিন্ন রুটের যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা দিতেও দেখা গেছে।

এদিকে সভা শুরুর আগে সভা মঞ্চ থেকে বিভিন্ন দেশাত্মবোধক গান প্রচার করা হচ্ছে। এ ছাড়া আগত নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সমাবেশে আওয়ামী লীগের সমাবেশে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় বিপুল জনসমাগম ঘটিয়ে সরকারবিরোধী ষড়যন্ত্রের জবাব দিতে আহ্বান জানান। পরববর্তী সময়ে আওয়ামী লীগও সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ধারাবাহিক যৌথ সভা করা হয় জনসভা সফল করার লক্ষ্যে।