শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ রোধে মসজিদ কমিটির সদস্যদের তথ্য নিচ্ছে গোয়েন্দারা

masjid in bangladesh_1336নিউজ ডেস্ক : জঙ্গিবাদ রোধে দেশের মসজিদগুলোর কমিটির সদস্য ও ইমামদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দা পুলিশ। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে জঙ্গিবাদী তৎপরতায় ইসলাম ধর্মের ব্যবহার প্রতিরোধে এবং এর সম্পর্কে সঠিক বার্তা দিতে মসজিদভিত্তিক নানা ধরনের প্রচার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ উদ্দেশে আইজিপি একেএম শহীদুল হক সম্প্রতি দেশের ইমাম ও ওলামাদের সঙ্গেও বসেছিলেন।
কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব খাজা মোহাম্মদ আরিফ রহমান তাহেরি বলেন, পুলিশের পক্ষ থেকে তাদের কাছে দেশব্যাপী ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের তালিকা চাওয়া হয়েছে। তারা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মসজিদগুলোর ওপর কাজ করছেন।
তার মতে, দেশে লাখ লাখ মসজিদ রয়েছে। এগুলোর মধ্যে কোনো কোনো মসজিদের আলেম-ওলামারা উগ্রপন্থী মতাদর্শে বিশ্বাসী এবং তারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তাহেরি জানান, তারা এখন বিভিন্ন ওয়াজ মাহফিলে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানোর কাজ করছেন।
বাংলাদেশে সম্প্রতি কয়েকজন ব্লগার হত্যা, শিয়া মসজিদ ও ধর্মীয় স্থাপনায় হামলা, বিদেশী নাগরিক হত্যাকাণ্ড ও কয়েকজন খ্রিস্টান পাদ্রিকে হুমকির ঘটনায় পুলিশ জঙ্গিবাদের সংশ্লিষ্টতার কথা বলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক সায়িদ আবদুল্লাহ আল মাজিদ বলছেন, মসজিদে মানুষজনের যে ধরনের জমায়েত হয়, বিশেষ করে শুক্রবার তাদের সেখানে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে মসজিদ জঙ্গিবাদ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তার মতে, ‘শুধু মসজিদ নয়, এই কার্যক্রম মাদ্রাসাভিত্তিকও হওয়া উচিত।’ তবে কাছাকাছি সময়ে পুলিশ জঙ্গি কর্মকাণ্ডের সম্পৃক্ততার জন্য যাদের আটক করেছে তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র। এই বিষয়ে মাজিদের মন্তব্য, ‘তারা তাদের ভোল পাল্টেছে। কারণ, ইসলামের পোশাকে জঙ্গি কার্যক্রম সাধারণ মানুষ পছন্দ করে না।
বাংলাদেশে পুলিশ ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তরা ইদানীং তাদের কৌশল পরিবর্তন করছে এবং পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকার জন্য ছোট দলে কাজ করছে।
বাংলাদেশে ডিসেম্বরের শেষের দিকে পর পর দুটি অভিযানে পুলিশ চট্টগ্রামের হাটহাজারী এবং ঢাকার মিরপুরে যুক্তরাষ্ট্রে তৈরি স্নাইপার রাইফেল ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করে।
মিরপুরে উদ্ধার করা হয় গ্রেনেড, বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও সুইসাইড ভেস্ট। সেখানে বোমা ও গ্রেনেড বানানোর একজন প্রশিক্ষকও ছিল বলে জানিয়েছে পুলিশ।
গবেষণা প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের জঙ্গিবাদ বিশেষজ্ঞ নুর খান লিটন বলেন, জঙ্গিবাদ রোধে শুধু মসজিদভিত্তিক কার্যক্রম নিয়ে এগোনোর সিদ্ধান্ত সঠিক নয়।
তার মতে, ‘পুলিশ বা প্রশাসনকে যুক্ত করার আগে রাজনীতিবিদরা যদি ধর্মীয় নেতাদের সঙ্গে প্রাথমিকভাবে কাজ করতেন তাহলে ফল হতো। কারণ পুলিশকে ব্যবহার করলে মুসল্লিদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ শুধু মসজিদকেন্দ্রিক বা নির্দিষ্ট কোনো বলয়ে সীমাবদ্ধ নয়। এটি সমাজের সব জায়গায় বিস্তৃত। তাই সমাজের সর্বস্তরেই প্রচারণা দরকার। শুধু মসজিদে কাজ করার মানে সমাজের একটি অংশকে আলাদা করে দেখা। তাতে নানা বৈষম্য তৈরি হতে পারে।