শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুরআনে ধৈর্য্য ধারণ বিষয়ে কয়েকটি আয়াত

7852352_orig-400x300ধৈর্য্য মানুষের মহত গুণ। ধৈর্য্যশীলদের পছন্দ করেন আল্লাহ তায়ালা। কথা আছে ‘ধৈর্য্যে মেওয়া ফলে’। আল্লাহ তায়ালা কুরআনে মানুষকে ধৈর্য্য ধারণের কথা বলেছেন। ধৈর্য ধরতে হবে দুঃখ কষ্টে, বিপদে-আপদে। ধৈর্য্য ধারণ বিষয়ে কুরআনে উল্লেখিত কয়েকটি আয়াত দেওয়া হল।

সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছলো তখন (একদিন ইবরাহীম তাঁকে বললো, “ হে পুত্র! আমি স্বপ্নে দেখি তোমাকে আমি যবেহ করছি, এখন তুমি বল তুমি কি মনে করো?” সে বললো, “হে আব্বাজান! আপনাকে যা হুকুম দেয়া হচ্ছে তা করে ফেলুন, আপনি আমাকে ইনশাআল্লাহ সবরকারীই পাবেন।” (আস্ সা-ফফা-ত : ১০২)
অতএব, হে নবী, তুমি উত্তম ধৈর্য ধারণ করো। (আল মাআরিজ:৫ )

হে নবী! তোমার কাছে অহীর মাধ্যমে যে হেদায়াত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো। আর আল্লাহ ফায়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনিই সবচেয়ে ভালো ফায়সালাকারী। (ইউনুস: ১০৯ )

হে মুহাম্মাদ! এসব গায়েবের খবর, যা আমি তোমাকে অহীর মাধ্যমে জানাচ্ছি। এর আগে তুমি এসব জানতে না এবং তোমার কওমও জানতো না। কাজেই সবর করো। মুত্তাকীদের জন্য রয়েছে শুভ পরিণাম। (হুদ: ৪৯)
আর সবর করো কারণ আল্লাহ সৎকর্মকারীদের কর্মফল কখনো নষ্ট করেন না। (হুদ: ১১৫)
হে মুহাম্মাদ! সবর অবলম্বন করো— আর তোমার এ সবর আল্লাহরই সুযোগ দানের ফলমাত্র— এদের কার্যকলাপে দুঃখ করো না এবং এদের চক্রান্তের কারণে মনঃক্ষুণœ হয়ো না। (আন্ নাহল: ১২৭)

অতএব, হে নবী, দৃঢ়চেতা রসূলদের মত ধৈর্য ধারণ করো এবং তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না। এদেরকে এখন যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে যেদিন এরা তা দেখবে সেদিন এদের মনে হবে যেন পৃথিবীতে অল্প কিছুক্ষণের বেশি অবস্থান করেনি। কথা পৌঁছিয়ে দেয়া হয়েছে। অবাধ্য লোকেরা ছাড়া কি আর কেউ ধ্বংস হবে? (আল আহক্বাফ : ৩৫)
তোমার পূর্বেও অনেক রসূলকে মিথ্যা বলা হয়েছে কিন্তু তাদের ওপর যে মিথ্যা আরোপ করা হয়েছে এবং যে কষ্ট দেয়া হয়েছে, তাতে তাঁরা সবর করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য পৌঁছে গেছে। আল্লাহর কথাগুলো পরিবর্তন করার ক্ষমতা কারোর নেই এবং আগের রসূলদের সাথে যা কিছু ঘটে গেছে তার খবর তো তোমার কাছে পৌঁছে গেছে। (আল আন’আম : ৩৪)

হে নবী! মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে বিশজন সবরকারী থাকলে তারা দু’শ জনের ওপর বিজয়ী হবে। আর যদি এমনি ধরনের একশ জন থাকে, তাহলে তারা সত্য অস্বীকারকারীদের মধ্য থেকে এক হাজার জনের ওপর বিজয়ী হবে। কারণ তারা এমন এক ধরনের লোক যাদের বোধশক্তি নেই। (আল আনফাল: ৬৫)
অতএব তোমার রবের চূড়ান্ত ফায়সালা পর্যন্ত ধৈর্য্যসহ অপেক্ষা করো। এবং মাছওয়ালার (ইউনুস আলাইহিস সালাম) মতো হয়ো না, যখন সে বিষাদ ভারাক্রান্ত হয়ে ডেকেছিলো। (আল কলম: ৪৮ )