শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিস গেইলের রসিকতা, নাকি ঝুঁকিপূর্ণ নারী সাংবাদিকতা

স্পোর্টস ডেস্ক : বরাবরই একটু রসিক স্বভাবের ক্যারিবীয় ক্রিকেট তারকা ক্রিস গেইল। তবে রসিকতাই এবার ভোগান্তি ডেকে এনেছে তার কপালে। এক নারী ক্রীড়া সাংবাদিকের সঙ্গে রসিকতা করতে গিয়ে মিডিয়ার ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর জন্য ১০ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে গেইলকে।

তার বিরুদ্ধে অভিযোগ, সোমবার টেলিভিশনে লাইভ ইন্টারভিউ দেয়ার সময় টেন টেলিভিশনের নারী সাংবাদিক মেল ম্যাকলাফলিনকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। টেলিভিশনে তাৎক্ষণিক প্রচারিত এই সাক্ষাৎকারের এক পর্যায়ে ক্রিস গেইল তাকে বলেন, ‘তোমার চোখ জোড়া প্রথমবারের মতো দেখতে পেয়ে ভালো লাগছে। আশা করি আমরা এর পর একসঙ্গে ড্রিংক করতে পারি। আমার কথা শুনে লজ্জা পেয়ো না বেবি!’

এ নিয়ে তার পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত। কেউ তার সমালোচনা করেছেন, আবার কেউ দাঁড়িয়েছেন তার পক্ষে। তবে এই দুই পক্ষের বাইরে রয়েছে আরো একটি পক্ষ। তাদের বিশ্লেষণটাও একটু ভিন্ন। তাদের বিশ্লেষণকেই তুলে ধরেছে বিবিসি।

2016_01_06_22_50_02_WjuruRsyEoOUXZxVprHJFwGCHkMTPA_originalতাদের মতে, নারী ক্রীড়া প্রতিবেদকদের প্রতিদিনই পড়তে হয় এ ধরনের সমস্যায়। খেলাধুলার পুরুষতান্ত্রিক জগতে খেলোয়াড়দের সাক্ষাৎকার নিতে গিয়ে নানা জটিল সমস্যার সম্মুখীন হতে হয় নারী সাংবাদিকদের। যুক্তরাজ্যের এলবিসি রেডিওতে কাজ করা এক নারী সাংবাদিক বেভারলি টার্নার বলেন, অনেক সময় খেলোয়াড়রা নারী সাংবাদিকদের কথা শুনতে চায় না। এটা এক ধরনের অপমান।

২০০০ সালের একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, একবার তাকে একটি আবদ্ধ কক্ষের ভেতর এক ফুটবলারের সাক্ষাৎকার নিতে হয়েছিল। এ ধরনের সাক্ষাৎকারকে আতঙ্কজনক বলে আখ্যায়িত করেন তিনি।

বেভারলি টার্নার বলেন, ‘সাক্ষাৎকারের এক পর্যায়ে ওই ফুটবলার আমাকে বলতে শুরু করে, খেলার কথা বাদ দাও। আমরা তোমার আর আমার বিয়ে নিয়ে কথা বলি। সে বাতি বন্ধ করে দিতে চেষ্টা করে।’ তিনি জানান, এমন পরিস্থিতিতে কিছু করারও থাকে না কোনো নারী সাংবাদিকের। এটা সহ্য না করলে অনেকে আবার বেরসিক বলে।

প্রতিবেদন তৈরির সময় সাজসজ্জার বিষয়েও নারী সাংবাদিকদের ওপর চাপ থাকে। এক নারী ক্রিড়া উপস্থাপক শার্লি ওয়েবস্টার বলেন, ‘একবার আমি আমার চুল উঁচু করে পনিটেইল স্টাইলে বেঁধেছিলাম। টেলিভিশনের পক্ষ থেকে আমাকে চুল নামিয়ে বাঁধার জন্য বলা হলো, যাতে আমাকে আরো আকর্ষণীয় দেখায়।’

তিনি বলেন, ‘শুধু টেলিভিশন সাংবাদিকতাতেই নয়, সব ধরনের কর্মক্ষেত্রেই নারীদের এমনটা করতে হয়।’ তিনি জানান, আবদ্ধ কক্ষে (লকার রুম) সাক্ষাৎকার নেয়া নারীদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করার কারণে একবার মার্কিন ফুটবল টিম এনএফএল’র একটি কক্ষে তিন নারী সাংবাদিককে নিষিদ্ধ করা হয়।

লকার রুমের মতো সাংবাদিকদের কক্ষগুলোও থাকে পুরুষ নিয়ন্ত্রিত। সাংবাদিক রাসেল জ্যাকসন বলেন, একবার এক পুরুষ সাংবাদিক তাদের জন্য সংরক্ষিত কক্ষে বসে রিপোর্ট করার পাশাপাশি পর্নোগ্রাফি দেখছিল। এটা অন্যদের জন্য বিব্রতকর।

টেনিস খেলাতেও রয়েছে একই রকম সমস্যা। একবার টেনিস তারকা ইউজেনি বুচার্ড এক নারী সাংবাদিককে মাঠে তার সাথে নাচতে বলেছিল।

২০১৩ সালে উইম্বলডনেও ঘটেছিল একই রকমের ঘটনা। এ ধরনের এক ঘটনার শিকার হয়ে ২০১১ সালে স্কাই টিভির এক উপস্থাপিকা চাকরি ছেড়ে দিয়েছিলেন।

বিবিসির ক্রীড়া সাংবাদিক সনিয়া আলেক্সিও বাজে একটি ঘটনার শিকার হয়েছিলেন। একবার খেলার সময় সাংবাদিকদের কক্ষে প্রবেশকালে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোন পানশালায় কাজ করেন।

এ ধরনের অসংখ্য অভিজ্ঞতা আছে বিভিন্ন নারী সাংবাদিকদের জীবনে। তাদের মতে, পেশাগত কাজে তাদের সহায়তা করা হয় না। মাঝে মাঝে খুবই বাজে পরিবেশে কাজ করতে হয় তাদের। বিশেষ করে পুরুষ সাংবাদিকরা তাদের অনেক সময়ই উত্ত্যক্ত করে থাকে।

তবে কিছু কিছু পুরুষ সাংবাদিক আছেন, যারা সত্যিকার অর্থেই তাদের সহায়তা করে থাকেন। নারী সাংবাদিকদের জন্য পরিবেশের কিছুটা পরিবর্তন আসতে শুরু করলেও আরো অনেক পরিবর্তন দরকার।