‘গণতন্ত্রের পথে আসুন, নইলে জনগণকে ঠেকানো যাবে না’ (ভিডিও)
এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গণতন্ত্রের পথে ফিরে আসুন। না হলে এ দেশের মানুষ জেগে উঠলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। তিনি বলেন, সরকার যেমন অবৈধ সংসদও অবৈধ। জনগণ যখন ভোট দিতে পারেনি, ভোট ছাড়া নির্বাচিতদের জনগণের প্রতিনিধি বলা যায় না।
মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে বেগম জিয়া এ আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, সরকার বৈধ নয় বলে যে কাজ করছে তা অবৈধ। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন মেরুদ-হীন। প্রত্যেকটি নির্বাচনে দেখেছি প্রধাননির্বাচন কমিশনার আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে সাহায্য চায়। তাহলে ব্যর্থ ও অসহায় বলে পদ ছেড়ে দেয়া উচিত।
তিনি বলেন, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে প্রতিবছর সমাবেশ করতে আইন হলে সবার জন্যে হওয়া উচিত। তারা জনগণকে ভয় পায় বলে সমাবেশের স্থান বেঁধে দেয়। আওয়ামী লীগ বিএনপির সমাবেশ ভয় পায়। এ জন্যে তারা জায়গা বেঁধে দেয়, সময় বেঁধে দেয়।
খালেদা জিয়া বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি। কেননা সেদিন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। সেদিন শুধু আওয়ামী লীগের জোট ও তাদের কিছু পরগাছা দল অংশ নিয়েছে। এ কারণে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে। যারা ভোট ছাড়া নির্বাচিত হয়েছে তাদের জনপ্রতিনিধি বলা যায় না।
তিনি বলেন, আজকের এ দিনে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেজন্য আমরা প্রতি বছর এ দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করি। কিন্তু আওয়ামী লীগ আমাদের এ দিবসও পালন করতে দিচ্ছে না। ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দেয়নি। ভোট কেন্দ্রে মানুষ ছিলো না। ফলে এ সরকার যেমন অবৈধ, এ সংসদও অবৈধ।
সমাবেশে সভাপতিত্বের বক্তব্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে হিন্দুদের ওপর গজব নাজিল হয়। হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থানে হামলা চালানো হয়।
৫ জানুয়ারি আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে গত বছর ব্যাপক সহিংসতা চালালেও এবার অবশ্য বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার কথা বলেছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর সমাবেশ। তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসার আহমেদ।
এরআগে ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত জনসভায় আসতে শুরু করে নেতাকর্র্মীরা। নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে তারা পল্টন আসে। মঞ্চে দেশাত্ববোধক ও সরকারের সমালোচনামূলক ১৩টি গান পরিবেশন করে জাসাস এর সাংস্কৃতিক কর্মীরা। নগরের নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত প্রায় শতাধিক মাইক লাগানো হয়।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পোষাকধারী পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এ ছাড়া বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।
সমাবেশে ছাত্রদলের বর্তমান সভাপতি রাজিব আহসানের মুক্তি, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন ব্যানার ও পোস্টার টাঙ্গানো হয়েছে। এ ছাড়া জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি টাঙ্গানো হয়েছে।
এ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি । এর মাধ্যমে এক বছরের বেশি সময় পর উন্মুক্ত কোনো স্থানে বড় ধরনের রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন খালেদা জিয়া।
গত সপ্তাহে পৌর নির্বাচনে ভরাডুবির পর এটাই বিএনপির প্রথম প্রকাশ্য কর্মসূচি। নয়াপল্টনে খালেদা জিয়া ২০১২ সালে সর্বশেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন। সবশেষ ২০১৪ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০ দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি।
https://www.youtube.com/watch?v=MS9iJDAirLI











