৫ জানুয়ারি : সংঘাত না শান্তিপূর্ণ
নিউজ ডেস্ক : ৫ জানুয়ারি ঘিরে উত্তেজনা বিরাজ করছে দেশব্যাপী। কি হচ্ছে বা হবে সেদিন। আতঙ্কে রয়েছেন জনসাধারণ! আবারো কি সেই পেট্রলবোমা হামলার ঘটনা দেখতে হবে কিনা। পুড়ে দগ্ধ হবেন কিনা আপনজন। এমন নানা হিসেব-নিকেশ চলছে। যদিও জনদুর্ভোগ লাঘবে রাজধানীর ১৮টি স্থানের পরিবর্তে শুধু বঙ্গবন্ধু এভিনিউ ও রাসেল স্কয়ারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে। অপরদিকে তিনি ৫ জানুয়ারি ‘অনুতপ্ত দিবস’ হিসেবে পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।
আর বিএনপি বলছে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করবে তারা। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে কোনো সাংঘর্ষিক কর্মসূচিতে যাবে না বিএনপি। সোমবার সকালে যৌথ সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিরোধী মতের গণতান্ত্রিক অধিকার হরণ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
দশম সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তুতি নিয়ে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতারা অংশ নেন।
এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে। আওয়ামী লীগের জন্য দলটি কোনো চ্যালেঞ্জ নয়। তিনি বলেছেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এ জন্য গণতন্ত্র হত্যা দিবস নয়, তাদের অনুতাপ দিবস পালন করা উচিত।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
অপরদিকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে নিজের লেখা ব্যঙ্গাত্মক কবিতা পড়ে শুনিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে খালেদা জিয়াকে নিয়েও আলোচনা হয়। এই সময়ই ইয়াফেস ওসমান কবিতাটি আবৃত্তি করেন।
এতে ইয়াফেস ওসমান লিখেছেন-
“লন্ডন ফেরত বেগম সাহেব
দিলটা তবু পাকি
মুক্তিযুদ্ধ হয়নি আদৌ
বলতে কেবল বাকি।
পাকি প্রেমে বিভোর হয়ে
বলছে পাকি বুলি
‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’
ধরছে গানের কলি।”











