আল্লাহ কোথায় আছেন?
এমন একটা প্রশ্ন আমাদের মনে অনেক সময়ই ঘুরপাক খায়। আল্লাহ আমাদের প্রভু, আমাদের একমাত্র প্রতিপালক। আমাদের সবচেয়ে আপনজন তিনি। আমরা তারই ইবাদত করি। তিনি কোথায় আছেন, কোথায় থাকেন, সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা তার একজন বান্দা হিসেবেই আমাদের জন্য জরুরি বৈ কি। বান্দা যার বন্দেগি করে, তার সম্পর্কে পূর্ণাঙ্গ জানাশোনা না থাকলে তার বন্দেগিতে সংশয় থেকে যাওয়া বিচিত্র নয়।
কুরআন কী বলে?
আল্লাহ কোথায় আছেন, এ প্রশ্নের উত্তরে তিনি নিজেই বলছেন, ‘পরম করুণাময় আরশের উপর আছেন।’ সুরা তাহা : ৫। অপর এক আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আর তিনিই আল্লাহ যিনি আসমানে আছেন। সুরা আনআম : ৩
এ আয়াতে জানা যায়, আল্লাহ আসমানে আছেন। তার আরশ আসমানে। কুরআন এটিও বলেছে, আল্লাহ তায়লার ‘কুরসি’, যেখানে তিনি সমাসীন আছেন, তা আসমান ও জমিনব্যাপী বিস্তৃত। আল্লাহ তায়ালা যে আসমানে আছেন, এর সমর্থনে আরো একটি আয়াত পাওয়া যায়, সুরা নাহলের ৫০ নং আয়াতে আল্লাহ তায়লা ইরশাদ করেন, ‘তারা তাদের উপরের প্রতিপালককে ভয় করে।’
হাদিসের ভাষ্য কী?
হাদিসের দিকে তাকালেও দেখবো, আল্লাহ তায়ালা আসমানে আছেন, তার প্রমাণ পাওয়া যায় রাসুল সা. এর অনেক বাণী ও সাহাবাদের উক্তি থেকে। রাসুল সা.কে আল্লাহ সপ্তম আকাশের উপরে উঠিয়ে নিয়েছিলেন মেরাজের উদ্দেশে। সেখানেই পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। বুখারি ও মুসলিম
এক হাদিসে তিনি ইরশাদ করেন, যারা জমিনে আছে তাদের প্রতি দয়া করো, তবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি
রাসুল সা. একবার এক ক্রীতদাসীকে জিজ্ঞেস করলেন, বলতো আল্লাহ কোথায়? সে বললো, আসমানে। তারপর তিনি বললেন, বলতো আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসুল। রাসুল সা. বললেন, একে মুক্ত করে দাও, কারণ সে মুমিনা। মুসলিম
ইমামরা কী বলেন?
আবদুল্লাহ ইবনে মুবারক রহ.কে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হলে বলেন, ‘আল্লাহ আসমানে আরশের উপর আছেন, সৃষ্টি হতে আলাদা হয়ে।’ অর্থাৎ তার এই উপরে থাকা সৃষ্টির থাকার মতো নয় নয়। চার মাজহাবের ইমামগণও এ ব্যাপারে একমত, তিনি আরশের উপর আছেন, তিনি তাঁর কোনো সৃষ্টির সাথে তুলনীয় নন।
ভ্রান্তদলের বিশ্বাস!
জাহমিয়া নামে একটি ভ্রষ্ট দলের মত হলো, আল্লাহ সর্বত্র আছেন, সব জায়গায় আছেন। তারা প্রমাণ হিসেবে বলেন, কুরআনে আছে, ‘তোমরা যেখানেই থাকো না কেনো, তিনি তোমাদের সাথেই আছেন।’ (সুরা হাদীদ, আয়াত ৪)
সত্যপন্থীদের আকিদা!
ইবনে কাসির রহ. বলেন, তাফসিরকারকগণ এ ব্যপারে একমত পোষণ করেন যে, জাহমিয়ারা আল্লাহ সম্বন্ধে বলে, আল্লাহ সর্বত্র আছেন, আল্লাহ তাদের এ জাতীয় কথা থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। আর আয়াতের ব্যখ্যা হলো, নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমাদের সাথে আছেন দেখার দ্বারা, শ্রবণের দ্বারা। এই আয়াতের পূর্বের ও শেষের অংশ এ কথারই প্রমাণ বহন করে। তাফসিরে জালালাইন
হাদিসে আছে, রাসুল সা. বলেছেন, ‘আল্লাহ আরশের উপর আছেন। তবে তোমরা কী করো বা না করো তিনি তা জানেন।’ আবু দাউদ
সুস্থ বিবেকও বলে যে, আল্লাহ যদি তিনি সর্বত্রই বিরাজমান থাকেন তার সত্তাগতভাবে, তবে অবশ্যই রাসুল সা. তা জানতেন এবং সাহাবিদের শিক্ষা দিতেন। পৃথিবীতে অনেক অপবিত্র জায়গা আছে যেখানে তাঁর থাকার প্রশ্নই ওঠে না। আল্লাহ তায়ালার সত্তা একক ও অভিন্ন। কিন্তু সর্বত্র বলতে বহু জায়গা বুঝায়। তাকে কোনো অবস্থাতেই বহুভাগে বিভক্ত করা যায় না। সুতরাং এটাই সত্য, তিনি আসমানে আরশের উপর আছেন। তবে তিনি তার দেখা, শোনা ও জ্ঞানের দ্বারা সকল বিষয় সম্পর্কে পূর্ণরূপে অবহিত আছেন।











