,

অবশেষে নিউজিল্যান্ডে জয় পেল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : বছরের শেষ দিন, শেষ ওয়ানডে ম্যাচ। এ বছর টানা ১২ ওয়ানডে জেতা নিউজিল্যান্ড বছরটা শেষ করতে চেয়েছিল জয় দিয়েই। কিন্তু হারের মধ্যে থাকা শ্রীলঙ্কার তীব্র জয়ের আকাঙ্ক্ষা তাদের সেই অভিপ্রায় পূরণ করতে দেয়নি। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২৭৬ রান তুলেও ৮ উইকেটের ব্যবধানে হার মেনে নিতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বিজয়রথ থামিয়ে দিতে মূল ভূমিকা লঙ্কান টপ অর্ডার ব্যাটিংয়ের। ধানুষ্কা গুনারত্নে, তিলকরত্নে দিলশান যে ঝড় শুরু করেছিলেন, সেই ঝড় সামলে ওঠা সম্ভব হয়নি নিউজিল্যান্ড বোলারদের। গুনারত্নে-দিলশান ২৭৬ রান তাড়া করার ভিতটা মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেওয়ার পর লাহিরু থিরিমান্নের আরও একটি ইনিংস লঙ্কানদের জয়টাকে করেছে ত্বরান্বিত। গুনারত্নে ৪৫ বলে ৬৫ রান করে আউট হলেও ক্যারিয়ারে তৃতীয়বারের মতো নার্ভাস নাইন্টিজের শিকার দিলশান ফেরেন ৯১ রানে রান আউট হয়ে। থিরিমান্নে আর দিনেশ চান্ডিমাল যথাক্রমে ৮৭ আর ২৭ রানে অপরাজিত থাকেন।
টসে জিতে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামবিহীন নিউজিল্যান্ড দলের শুরুটা ভালোই হয়। এ বছর সর্বোচ্চ ১৪৮৯ রান করা মার্টিন গাপটিল অবশ্য নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি। ৩০ রানে দুশমন্থা চামিরার বলে দিলশানের ক্যাচে পরিণত হন তিনি। তাঁর উদ্বোধনী সঙ্গী টম লাথাম অবশ্য করেন ৪২ রান।
৪২ রানের উদ্বোধনী জুটির পর কিউই ইনিংসের মেরুদণ্ড হয়ে ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৫৯ রান করেন। রস টেলর শূন্য রানে ফিরলেও মিচেল স্যান্টনার ব্যাট হাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা—করেন ৩৮ রান। এ ছাড়া হেনরি নিকোলসের ২০, ডগ ব্রেসওয়েলের ৩০ রানের পাশাপাশি একেবারে লেজের দিকে অ্যাডাম মিলনে আর টিম সাউদির যথাক্রমে ১৭ আর ১৮ রানের দুটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস নিউজিল্যান্ডের সংগ্রহ নিয়ে দাঁড় করায় ২৭৬-এ।
শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নুয়ান প্রদীপ. দুশমন্থা চামিরা আর জেফরি বান্দারসে। মিলিন্দা সিরিবর্ধনা নিয়েছেন একটি উইকেট।
মোটামুটি কঠিন একটি রান তাড়া করতে নামা শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি ম্যাচটা শ্রীলঙ্কা না-ও জিততে পারে। এতটাই আত্মবিশ্বাসী ছিল তাদের ব্যাটিং। উদ্বোধনী জুটিতে আসে ৯৮ রান। ৬৫ রানে ম্যাকক্লেনাহানের বলে টেলরের হাতে ক্যাচ দেন গুনারত্নে। দ্বিতীয় উইকেট দিলশান আর থিরিমান্নে স্কোরবোর্ডে জমা করেন আরও ১১১ রান। দিলশান সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে শিকার হন রানআউট-দুর্ভাগ্যের। এই তিন ব্যাটসম্যানের দাপটে শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌঁছায় ২২ বল হাতে রেখেই।
কিউইদের পক্ষে আজ সবচেয়ে ‘সেরা’ বোলার ছিলেন মিচেল ম্যাকক্লেনাহানই। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে