প্রচারণা শেষ সোমবার, প্রস্তুত ইসি
আসন্ন পৌরসভা নির্বাচন আগামী বুধবার। সোমবার শেষ হচ্ছে ১২ সহস্রাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর প্রচারণা। এ অবস্থায় ভোটের সব প্রস্তুতি শেষ পর্যায়ে গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার ঢাকা থেকে ব্যালট পৌঁছে গেছে জেলায়, রোববারের মধ্যে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে যাবে। ২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। সে হিসেবে আর মাত্র ৪৮ ঘন্টা বা সোমবার রাত ১২ টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
এর আগে রোববার মধ্য রাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইলে চলাচলে নিষধাজ্ঞা আরোপ হবে। সেই সঙ্গে সোমবার সকাল থেকে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে মাঠে নামছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ২৮ তারিখ মধ্যরাতের পর আর প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না।
বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে। সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোন মিছিল-শোডাউন করা যাবে না। এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বলেন, মাঠ পর্যায়ে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব কার্যক্রম করতে হবে, তার বিস্তারিত নির্দেশনাসহ ১২টি পরিপত্র দেওয়া শেষ হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করে ভোটের আয়োজন শেষ করবে।
তিনি বলেন, বিধিলঙ্ঘন, অভিযোগসহ যদি কোন বিষয়ে মাঠ কর্মকর্তারা সিদ্ধান্ত চায় তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। এছাড়া বাকী সব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া রয়েছে। প্রচারের শেষ সময়ে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ কর্মকর্তা জানান, ভোটগ্রহণ কর্মকর্তারাও প্রস্তুত রয়েছে। প্রচারণা শেষের দিন আইন শৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে। নির্বাচনী সামগ্রী কেন্দ্রে যাবে ভোটের আগের দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি হবে বলে জানান ইসির উপ সচিব সামসুল আলম।
ব্যালট পেপার পাঠানো প্রসঙ্গে ইসির উপ সচিব সাজাহান খান জানান, শনিবার পৌর নির্বাচনের দুই কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী ঢাকা থেকে ৬৩ জেলায পৌঁছে। আগামী কাল পৌরসভাগুলোতে বিতরণ করা হবে। ব্যালট পেপার, সিল, ফলাফল প্রস্তুত-বিতরণের ফরম-প্যাকেটসহ নির্বাচনী সামগ্রী হাতে পেয়ে কেন্দ্রভিত্তিক পৌঁছে যাবে।
এদিকে প্রায় সাড়ে তিন হাজার ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে ৬৫ হাজারের বেশি ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত হয়েছে। ৪ কোটি ২২ লাখ ২৬ হাজার ৬৫০ টাকা ব্যয়ে ৬৫ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
নাম প্রকাশে অনুচ্ছিক এক কর্মকর্তা জানান, পৌরসভা নির্বাচন এখন পযন্ত ৪ জন সংসদ সদস্যেসহ ১‘শ প্রার্থী-সমর্থককে জরিমানা, শোকজ-সতর্ক করা হয়েছে। এরমধ্যে তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যকন্ত জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৫ লাখের বেশি হবে না বলে মনে করেন এ কর্মকর্তা।
প্রচারণা বন্ধ বিষয়ে পৌরসভার একজন রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, আমাদের ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রচারণা শেষে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।২৯ ডিসেম্বর বিকালের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সব ধরনের সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হবে। নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরিক্ষত কাউন্সিলর পদে প্রায় ১২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। ইতিমধ্যে ২৩৪ পৌরসভায় ৬ মেয়র প্রার্থী,৯৪ জন সাধারণ কাউন্সিলর ও ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
যান চলাচলে নিষেধাজ্ঞাপ আরোপঃ
এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে ২৯ ডিসেম্বর রাত ১২ টা (দিবাগত মধ্যরাত) থেকে ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
২৩৪ পৌরসভায় বেবি ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, স্পিক আপ,কার, বাস, ট্রাক ও টেম্পোতে এ নিষেধাজ্ঞা থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ সিচব কামরুল আহসান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়া, নির্বাচনী এলাকায় ২৭ ডিসেম্বর রাত ১২ টা থেকে ৩১ ডিসেম্বর ভোর ছয়টা পর্যেন্ত মটর সাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ইসি ও রিটার্নিং অফিসারের অনুমোদিত পরিচয়পত্রধারী, নির্বাচন সংশ্লিষ্টদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পন্য সরবরাহ ও অন্যান্য প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।











