বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শতাধিক ডাক্তারকে খুঁজে পাচ্ছে না সরকার!

news-image

ডেস্ক রিপোর্ট : দুই শতাধিক চিকিৎসককে খুঁজে পাচ্ছে না সরকার। ব্যক্তিভেদে তাঁরা ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কর্মস্থলে যাচ্ছেন না। কিন্তু মাসে মাসে ঠিকই বেতন নিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে এই তথ্য জানা গেছে।
সরকারি নথিতে তাঁরা অনুপস্থিত। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রসিকতা করে এঁদের ‘নিখোঁজ চিকিৎসক’ অভিধা দিয়েছেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, অল্প সময় অনুপস্থিত এবং দাপ্তরিক যোগাযোগের মধ্যে আছেন এমন কোনো কোনো চিকিৎসকের বিরুদ্ধে এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর বদলি, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখা, তিরস্কার করা, সতর্ক করার মতো শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে। পাঁচ বছরের বেশি অনুপস্থিত চিকিৎসকদের চাকরি থেকে বরখাস্ত করাও হয়েছে। আবার একাধিক কারণ দর্শানোর নোটিশ দিয়েও অনেক অভিযুক্ত চিকিৎসকের কাছ থেকে উত্তর পায়নি, এমন ঘটনাও আছে।
‘নিখোঁজ’ এই চিকিৎসকদের তালিকায় মেডিকেল কলেজের অধ্যাপক থেকে শুরু করে চিকিৎসা কর্মকর্তা পর্যন্ত সবস্তরের চিকিৎসকই রয়েছেন।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কাছে স্বীকার করেছেন, যেসব চিকিৎসক আইন ভঙ্গ করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ, তাঁদের যোগাযোগ খুবই ‘উচ্চপর্যায়ে’। কোনো ব্যবস্থা নিতে গেলেই তদবির আসে। কিন্তু সেই চিকিৎসকদের দেখা মেলে না।
মন্ত্রণালয়ের প্রশাসন শাখার কর্মকর্তারা বলেন, বিনা নোটিশে অনুপস্থিত থাকা চিকিৎসকদের সম্পর্কে মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর দায়িত্ব জেলা পর্যায়ে সিভিল সার্জন, মেডিকেল কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ বা মেডিকেল কলেজের পরিচালকদের। কিন্তু অনেক সময় তাঁরা তথ্য চেপে যান। ফলে সত্যিকারভাবে কতজন চিকিৎসক কর্মস্থলে স্বল্প বা দীর্ঘ মেয়াদে অনুপস্থিত থাকছেন, তা জানাও যাচ্ছে না। এই কর্মকর্তাদের আশঙ্কা, অনুপস্থিত চিকিৎসকের সংখ্যা আরও বেশি হতে পারে। এই চিকিৎসকেরা বিদেশে আছেন বা বেসরকারি ক্লিনিকে রোগী দেখছেন বলে মনে করেন কর্মকর্তারা।
‘নিখোঁজ’ চিকিৎসকদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী জেলায় পদায়ন করা হয়েছে এমন কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে । কিন্তু তাঁদের পাওয়া যায়নি। তবে সুনামগঞ্জের সিভিল সার্জন আবদুল হাকিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের নবজাতক বিভাগের প্রধান প্রণব রায় বলেছেন, তাঁরা সময়মতোই চিকিৎসকদের অনুপস্থিতির কথা কর্তৃপক্ষকে জানিয়েছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দুজন অধ্যাপক একনাগাড়ে পাঁচ বছর অনুপস্থিত ছিলেন। সে সময় অধ্যক্ষ ছিলেন দিলীপ ধর। তিনিও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে গত মাসে এক দিনে ব্রাহ্মণবাড়িয়া থেকে নয়জনকে বদলি করা হয়েছে। এ ছাড়া অধিদপ্তরের উদ্যোগে পাঁচটি দল করা হয়েছে। এই দলগুলোকে নিয়মিত পরিদর্শনে পাঠানো হচ্ছে।
জানা গেছে, চিকিৎসকেরা কর্মস্থলে না গেলেও তাঁদের ব্যাংক হিসাবে নিয়ম অনুযায়ী বেতনের টাকা জমা হয়েছে। টাকাও তুলে নিয়েছেন তাঁরা।
তালিকায় মেডিকেল কলেজের শিক্ষকেরা: চলতি বছর স্বাস্থ্য মন্ত্রণালয় ‘নিখোঁজ’ থাকা ৬৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এঁদের মধ্যে এক ডজন চিকিৎসক বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক। এঁদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মো. জলিলুর রহমান ও এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক আবদুল মান্নান সরকার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিউদ্দীন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদৎ হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের নিওনেটালজি বিভাগের সহকারী অধ্যাপক সুজাত কুমার দাস একনাগাড়ে পাঁচ বছর অনুপস্থিত আছেন। আইন অনুযায়ী একনাগাড়ে পাঁচ বছর হাজির না থাকায় স্বয়ংক্রিয়ভাবে সুজিত কুমার দাস বাদে বাকি চারজনের চাকরি চলে গেছে। কিন্তু এ সময়টায় চিকিৎসকেরা কোথায় ছিলেন, সে তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজে নবজাতক বিভাগের প্রধান প্রণব চৌধুরী বলেন, তাঁর বিভাগের চিকিৎসক সুজিত কুমার দাস কাজে যোগদানের পর থেকে আর আসেননি। এ ব্যাপারে অধ্যক্ষকে জানানো হয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বিভাগে ৩২ শয্যার বিপরীতে ১৩০ থেকে ১৪০ জন রোগী প্রতিদিন ভর্তি থাকে। কাগজে-কলমে চিকিৎসক থেকেও তিনি যখন কাজে আসেন না, তখন চাপটা গিয়ে পড়ে অন্য চিকিৎসকদের ওপর। পুরো চিকিৎসাসেবায় এর প্রভাব পড়ে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক চিন্ময় কুমার দত্তের খোঁজ নেই ১ আগস্ট ২০১২ সাল থেকে। এ বছরের শুরুর দিকে তাঁকে বরখাস্ত করা হয়।
অধ্যাপক আবদুল মান্নান সরকার মন্ত্রণালয়কে না জানিয়ে অ্যাপোলো হাসপাতালে চাকরি করছেন। অ্যাপোলো হাসপাতালে যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। আর কেন সরকারি কর্মকর্তাকে চাকরি দেওয়া হলো, সে জবাবও অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ থেকে পাওয়া যায়নি।
গ্রামেও একই চিত্র: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে পরামর্শকের পদে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। শূন্য এই পদে মো. ইকবাল হোসেন নামের একজন চিকিৎসা কর্মকর্তাকে পাঠানো হয়। তিনিও বিনা নোটিশে ছয় মাস অনুপস্থিত।
ইকবাল হোসেনের মুঠোফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সুনামগঞ্জের সিভিল সার্জন আবদুল হাকিম বলেন, ইকবাল হোসেন পারিবারিক কারণ দেখিয়ে অর্জিত ছুটি নিয়ে গেছেন। কিন্তু আর কাজে যোগ দেননি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট আছে। একেবারে অগ্রগতি নেই বলা যাবে না, তবে পরিস্থিতি সন্তোষজনক নয়।
জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব কে বলেন, ‘চিকিৎসকেরা যে কর্মস্থলে যাচ্ছেন না সে জন্য চিকিৎসকদের চেয়ে সরকারের দায় বেশি বলে আমি মনে করি। চিকিৎসকদের ইউনিয়ন-উপজেলায় বদলি করার পর সরকার তাদের সুখ-শান্তির কথা একরকম ভুলে যায়। অন্যান্য ক্যাডারে কর্মকর্তাদের দূরে কোথাও পদায়ন করা হলে তাঁরা পরে ভালো জায়গায় পদায়ন পান, কিন্তু চিকিৎসকদের সেই সুযোগ নেই।’ তিনি বলেন, ‘তবে এ কথা সত্য কিছু চিকিৎসক দুর্বৃত্তের মতো আচরণ করে থাকেন। তাঁরা ভালো জায়গায় কাজের সুযোগ পেয়েও যান না, বিদেশে যান বা বাইরে ব্যক্তিগত রোগী দেখেন।’

 


 
সুত্র :  প্রথম আলো