ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়ছে সংঘাত-সংঘর্ষ
নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় মেয়র ও কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা, জরিমানা ও আটকের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে ৬৫ জন, অস্ত্র সহ আটক করা হয় ৯ জনকে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভ্রাম্যমান আদালত প্রার্থীদের জরিমানা করেছে ৭৮হাজার ৫শত টাকা।
মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে পাঠানো আমাদের প্রতিবেদকদের রির্পোটের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
পটুয়াখালী: পৌর নির্বাচনের প্রচারণার সময় পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে সরকার দলীয়। এসময় তারা আলতাফ হোসেনের গাড়ী সহ ৬টি গাড়ি ভাঙচুর করে। হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। এরআগে কলাপাড়ায় বিএনপি সমর্থিত পৌরসভার মেয়র প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের নির্বাচনী প্রচারণায় যান সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী। এ সময় আওয়ামী লীগ প্রার্থী বিপুল হালদারের লোকজন অতর্কিতে হামলা চালায়। এ সময় সাংবাদিকদের পাঁচটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে আওয়ামী লীগ কর্মীরা।
নরসিংদী: নরসিংদী পৌরসভার স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ুমের ৩ কর্মীকে আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থকরা উলঙ্গ করে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নরসিংদী সরকারী কলেজে একজন ভোট কর্মীকে ধরে নৌকা মার্কার লোকজন ১০০ বার কান ধরে উঠা বসা করায়। এরপর তাকে উলঙ্গ করে তার ছবি তোলে লাথি মেরে মোবাইল মার্কার পক্ষে ইলেকশন না করার নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
সিরাজগঞ্জ: পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জের বেলুকচি পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী হাজী জামাল উদ্দিনের ধানের শীষের প্রতীকে নির্বাচনী গণসংযোগ করায় স্বেচছাসেবক ও শ্রমিকলীগের নেতাকর্মীরা বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম ও কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য গোলাম মওলা খান বাবলুকে বেধড়ক মারপিট করেছে। এতে আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ী ফিরে যান।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে দুই মেয়র প্রার্থীর দফায় দফায় সংঘর্ষ, বিস্ফোরক ও পুলিশের কাজে বাধা দেয়া, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে হামলা ভাংচুরের ঘটনায় আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীসহ ১৩০ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর তালুকদার, আলকরা ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু ও কাউন্সিলর প্রার্থী হেলাল বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়।
চান্দিনা: চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাঠেরপুল এলাকায় ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো. দৌলতুর রহমান এর প্রচারণা ও পোস্টার লাগানোর সময় মো. আরমান হোসেন (১৮) নামের এক যুবককে দেশীয় চাপাতিসহ আটক করেছেন স্থানীয়রা।
মেহেরপুর: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেহেরপুরের গাংনী পৌরসভা ১৫ কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। দেয়ালে পোষ্টার সাটানোর অভিযোগে তাঁদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ জরিমানা আদায় করেন।
পাবনা: পাবনার সুজানগরে বিএনপি দলীয় মনোনীত প্রার্থীর প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। বিএনপি প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলার সাথে জড়িত। সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে আচরণবিধি না মানায় ছয় কাউন্সিলর প্রার্থীকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের মো. সাঈদ এই জরিমানা আদায় করেছেন।











