বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের সেবক হয়ে থাকতে চাই : শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : মানুষের সেবক হয়ে থাকা সব থেকে বড় কাজ। সেটাই আমি করবার চেষ্টা করি।’ শুভ বড়দিনকে সামনে রেখে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সাথে আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার বাবা সারা জীবন এ দেশের মানুষের জন্যই সংগ্রাম করেছেন। মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। একটি স্বাধীন রাষ্ট্র কীভাবে গড়ে উঠবে এটা তাঁর স্বপ্ন ছিল। তাঁর বড় সন্তান হিসেবে সেই স্বপ্নের কথা কিছুটা অবশ্যই আমার জানার সৌভাগ্য হয়েছে। তাই যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছি, আমি নিজেকে এ দেশের মানুষের সেবক হিসেবেই গণ্য করি। প্রধানমন্ত্রী, এটা তো সাময়িক পদ। কিন্তু মানুষকে সেবা করা, মানুষের সেবক হয়ে থাকা সব থেকে বড় কাজ। সেটাই আমি করবার চেষ্টা করি।’
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকে একে অপরের ধর্মের প্রতি সম্মান দেখাবে। এটা হচ্ছে মূল শিক্ষা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা। সকল ধর্মের অমর বাণী হচ্ছে শান্তি। সেই শান্তি আমরা চাই। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক, উন্নত ও সমৃদ্ধিশালী হোক—সেটাই আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, যিশুখ্রিষ্ট সব সুখ, ত্যাগ ও ভোগ ত্যাগ করেছেন মানবকল্যাণে। ক্ষুধার্ত, রোগ ক্লিষ্ট মানুষের সেবা তিনি করেছিলেন। মানবতাকেই সব থেকে বড় করে তিনি দেখেছিলেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের যাঁরা রয়েছেন, প্রতি বছর আপনারা বড়দিনের উৎসব পালন করেন এবং এই উৎসব উদ্‌যাপন করেন। এই উৎসবে আমরা সকলেই শরিক হতে চাই এবং শরিক হই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একে অপরকে যদি শ্রদ্ধা জানাতে না পারি, অন্য ধর্মকে শ্রদ্ধা জানাতে না পারি, তাহলে নিজের ধর্মকে কীভাবে শ্রদ্ধা জানাব। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের ইসলাম ধর্ম শান্তি ও সম্প্রীতির কথা বলেছে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা আমাদের মহানবী (স.) বলে গেছেন। আমরা চাই—আমাদের দেশ এগিয়ে যাক। এ দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করুক।’
বাংলাদেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই বাঙালি জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে বিজয় অর্জন করেছে। আমরা সেই বিজয়ী জাতি। কারও অন্যায় অপবাদ মাথা পেত নেব না। আমরা প্রতিবাদ করেছি এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’ তিনি বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। এতে আরেকটি কাজ হয়েছে যে, দেশের মানুষের মাঝে আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই আত্মবিশ্বাস সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ। যেকোনো কাজ করতে গেলে নিজের ওপর বিশ্বাস থাকতে হবে। যে হ্যাঁ, আমরাও পারি।’
বাংলাদেশ যেন ধীরে ধীরে এগিয়ে যায় এ জন্য তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষকে সাহায্য করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি অনেক বাধা আছে, বিঘ্ন আছে। তবে মানুষের কল্যাণে কাজ করতে গেলে অনেক বাধা আমাদের অতিক্রম করতে হবে। কিন্তু সেই বাধা-বিঘ্ন কখনো আমাদের কাজের গতিকে শ্লথ করতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই।’