নবাগত ওয়াটফোর্ডের বিপক্ষে বড় হার লিভারপুলের
স্পোর্টস ডেস্ক : ফুটবলে হার-জিত আছেই। কিন্তু তাই বলে এমন হার! নিউক্যাসল ইউনাইটেড আর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হার কষ্ট হলেও মেনে নিয়েছিলেন লিভারপুল সমর্থকেরা, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের নবাগত ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-০ গোলের পরাজয় তারা কীভাবে মেনে নেবেন? ম্যাচ শেষে তো কোচ ইয়ূর্গেন ক্লপ বলেই ফেললেন, ‘প্রার্থনা করি, লিভারপুল ক্যারিয়ারে ওয়াটফোর্ডের বিপক্ষে হারটাই যেন আমার সবচেয়ে বাজে মুহূর্ত হয়।’
নিউক্যাসলের বিপক্ষে হারের পর ইউরোপা লিগে লিভারপুল ড্র করেছে অখ্যাত এফসি সিওনের সঙ্গে, ইংলিশ প্রিমিয়ার লিগেও আছে ওয়েস্টব্রমের বিপক্ষে একটি ড্র, সব মিলিয়ে সময়টা কেন যেন একেবারেই ভালো যাচ্ছে না ইয়ূর্গেন ক্লপের শিষ্যদের। ওয়াটফোর্ডের বিপক্ষে ভালো কিছু করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিল তারা। কিন্তু মাঠের সত্যিকারের গল্প পুরোপুরি আলাদা।
ম্যাচের শুরুতেই গোলরক্ষক অ্যাডাম বোগডানের ভয়াবহ ভুলে গোল খেয়ে বসা লিভারপুল পুরো ম্যাচেই সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। তৃতীয় মিনিটে নাথান অ্যাকের গোলে পিছিয়ে পড়া লিভারপুল দ্বিতীয় গোলটি হজম করে ম্যাচের ১৫ মিনিটে। ওয়াটফোর্ডের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওদিয়ন ইঘোলা যেন গোলটি পান খুব সহজেই।
খেলার প্রথমেই দুটো গোল হজম করে ফেলা লিভারপুল যেন প্রতিদ্বন্দ্বিতার মানসিক শক্তিও হারিয়ে বসেছিল। ২-০ গোলে এগিয়ে থাকা ওয়াটফোর্ড এরপর বেশ কয়েকবারই লিভারপুলের সীমানায় হানা দিয়েছে। এ সময় ব্যবধানটা আরও বেড়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না। ৬৩ মিনিটেই তো ইঘোলার একটি প্রচেষ্টা রুখে দিয়ে বোগডান নিজের ভুলের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করেন। ম্যাচের একেবারে শেষ লগ্নে অবশ্য ইঘোলাকে রোখা যায়নি। নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করে তিনি নিশ্চিত করেন ১৯৮৬ সালের পর লিভারপুলের বিপক্ষে ওয়াটফোর্ডের প্রথম জয়। আট মৌসুম পর এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ মিলেছে ওয়াটফোর্ডের।
লিভারপুলের কোচ হয়ে এসে মুদ্রার একটা দিক দেখা হয়ে গেছে জার্মান কোচ ক্লপের। সাউদাম্পটন আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পাওয়া জয়ের পর প্রশংসায় ভাসানো মুহূর্তে ছড়িয়ে ছিল তাঁর চারপাশে। ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর মুদ্রার অন্যপিঠটাই দেখছেন তিনি, ‘সাউদাম্পটন আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর সবাই বলছিল “দারুণ।” ওটা ছিল আমাদের সামর্থ্যের একটা অংশ। এবার আমরা আমাদের বাজে পারফরম্যান্স দিয়েই অন্য দিকটা পূরণ করলাম।
এমন বাজে পারফরম্যান্সের পরেও নিজের দলের ওপর অবশ্য আস্থা হারাননি ক্লপ, ‘আমি জানি আমার দল কতটা শক্তিশালী। এরা কতটা কী করতে পারে!’
ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচটা দলের ‘বাজে’ দিন বলেই অভিহিত করতে চান ক্লপ, ‘আমরা সত্যিই আজ সমর্থকদের ভিন্ন কিছু উপহার দিতেই মাঠে নেমেছিলাম। কিন্তু দিনটা মোটেও আমাদের ছিল না।’
লজ্জাজনক এই হারের খুঁটিনাটি খতিয়ে দেখবেন তিনি। পরের ম্যাচের আগেই দলের ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে চান তিনি, ‘পরের ম্যাচের আগে আমাদের হারে বেশ কিছু দিন আছে। আশা করি পরের ম্যাচের আগেই দলের ভুলগুলো শুধরে নেব।’
তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে এমন পারফরম্যান্স আফসোস ঝরিয়েছে তাঁর কণ্ঠে, ‘আমরা বেশ কয়েকটা কঠিন ম্যাচ জিতেছি। সহজ ম্যাচ অন্যরা সহজেই জেতে। আমরা সহজ ম্যাচগুলোতে হারি।’
ম্যাচের প্রথম গোলটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। অনেকেই বলেছেন, অ্যাকে যখন গোলে শট নেন, তার আগেই বলটা লুফে নিয়েছিলেন লিভারপুল গোলরক্ষক। কিন্তু বল তাঁর হাত থেকে বের করে নিয়েই নাকি অ্যাকে গোলটা করেছিলেন। লিভারপুলের দাবি, ওটা ফাউলই ধরতে পারতেন রেফারি। ক্লপ অবশ্য এতসব বিতর্কে যেতে চান না। গোলরক্ষক বোগডান কিংবা রেফারি, কারও বিরুদ্ধেই তাঁর কোনো অভিযোগ নেই।, ‘রেফারি যদি ভুল করেও থাকেন, আমাদের দলগত ভুলের তুলনায় তা কিছুই নয়। ফুটবলে এ ধরনের ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। তবে ক্লপ বলেছেন, ‘যেহেতু বোগডানের দুটো হাতই বলে ছিল, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ওটা ফাউলই ছিল।’ সূত্র: এএফপি।











