বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরে গোলও করলেন মেসি

news-image

চিত্রনাট্য সাজানো ছিল তো এমনভাবেই। সেমিফাইনাল বাধা পেরিয়ে শিরোপা জয়ের মঞ্চে মুখোমুখি হবে রিভার প্লেট ও বার্সেলোনা, আর ট্রফি নিয়ে উত্সব করবে ইউরোপ চ্যাম্পিয়নরা! প্রত্যাশিত সেই চিত্রনাট্য মেনেই শেষ হলো ক্লাব বিশ্বকাপের এবারের আসর। লুই সুয়ারেসের দুই গোলের সঙ্গে লিওনেল মেসি একবার জাল খুঁজে পেলে আর্জেন্টাইন প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টটির হ্যাটট্রিক শিরোপা জিতল বার্সেলোনা। তাতে এক বছরের সম্ভাব্য ছয় শিরোপার পঞ্চমটি জিতল কাতালান ক্লাবটি।

একাদশ ঘোষণার আগ পর্যন্ত সংশয় ছিল মেসি ও নেইমারের খেলা নিয়ে। ম্যাচের আগের দিনও যে কোচ লুই এনরিকে ধোঁয়াশায় রেখেছিলেন তাঁদের খেলার সম্ভাবনা। কুঁচকির চোটের কারণে নেইমার বেশ কয়েক দিন ধরে ছিলেন মাঠের বাইরে, আর মেসি সেমিফাইনাল মিস করেছিলেন পেটের ব্যথার কারণে। এনরিকে স্পষ্ট করে কিছু না জানালেও স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর ছিল ফাইনালে ফিরছেন ‘এমএসএন’। হলোও তাই। সেখানে নেইমার গোল না পেলেও মেসি-সুয়ারেসের জাদুতে আরেকটি শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। আর সেটা করতে পেরে তৃপ্ত উরুগুইয়ান স্ট্রাইকার, ‘এখানে আমরা এসেছিলাম শিরোপা জেতার জন্য, কাজটা ঠিকঠাকমতো করতে পারাটাই ছিল গুরুত্বপূর্ণ। লিও’র প্রথম গোলটার আগে আমরা শান্ত ছিলাম, নিজেদের খেলাটা খেলছিলাম। আমার গোলগুলোর চেয়েও বড় ব্যাপার হলো হাতে শিরোপা তুলতে পারা।’

‘এমএসএন’-এর ফেরাটা বার্সা সমর্থকদের জন্য যতটা স্বস্তির ঠিক ততটাই অস্বস্তির ছিল রিভার সমর্থকদের জন্য। এক সুয়ারেসকেই আটকাতে পারেনি গুয়ানজো এভারগ্র্যান্ডে, তাহলে তাঁর সঙ্গে মেসি-নেইমারকে কিভাবে আটকাবে আর্জেন্টাইন ক্লাব! ৩৬ মিনিট পর্যন্ত কিন্তু তারা সফল। বার্সেলোনা গোলের সম্ভাবনা তৈরি করলেও রিভারের রক্ষণ ও নিজেদের সুযোগ নষ্টে আটকে যাচ্ছিল বারবার। ১১ মিনিটে মেসির শটটা রিভার প্লেট গোলরক্ষক মার্সেলো বারোভেরোর এক হাতে প্রতিহত না করলে তখনই লিড নেয় ইউরোপ চ্যাম্পিয়নরা। ৩৩ মিনিটে আবারও আর্জেন্টাইন খুদে জাদুকরের ফ্রি-কিক ঠেকিয়েছেন বারোভেরো দারুণভাবে। কিন্তু ৩৬ মিনিটে তিনি আর পারেননি চারবারের ব্যালন ডি’অর জয়ীকে আটকে রাখতে। দানি আলভেসের ক্রস নেইমারের হেড হয়ে আসে মেসির পায়ে, আর্জেন্টাইন অধিনায়ক কড়া রক্ষণের মধ্যে থেকেও বাঁ পায়ের টোকাতে লক্ষ্য ভেদ করে এগিয়ে নেন স্প্যানিশ চ্যাম্পিয়নদের। তাতে ক্লাব বিশ্বকাপের তিন ফাইনালে গোল করার অনন্য কীর্তি গড়েন মেসি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সোলোনা, মেসির ডিফেন্ডচেরা পাস থেকে একেবারে ফাঁকায় বল পেয়েও সুয়ারেস মারেন পোস্টের বাইরে দিয়ে।

প্রথমার্ধের ভুলটা শোধরানোর পণ করেই যেন নেমেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। বিরতি থেকে ঘুুরে আসার চার মিনিটের মাথায় লক্ষ্য ভেদ করেন সেমিফাইনালের ‘হ্যাটট্রিকম্যান’। মাঝমাঠ থেকে সের্হিয়ো বুশকেেসর পাস ধরে ঠাণ্ডা মাথায় রিভার প্লেট গোলরক্ষকের দু’পায়ের মাঝখান দিয়ে পাঠিয়ে দেন জালে। ফর্মের তুঙ্গে থাকা সাবেক লিভারপুল স্ট্রাইকার দ্বিতীয়বার জাল খুঁজে পান ৬৮ মিনিটে। নেইমারের মাপা শট বক্সের ভেতর থেকে মাথা ছুঁইয়ে ক্লাব বিশ্বকাপের নিজের গোলসংখ্যা নিয়ে যান ৫-এ। ম্যাচ খেলেছেন কিন্তু মোটে দুটি! জয়টা আসলে তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সার। ইউরোপ চ্যাম্পিয়নদের দাপুটে ফুটবলে ততক্ষণে খেই হারিয়ে ফেলেছে লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন দল। যদিও শেষ ১০ মিনিট বেশ কয়েকবার আক্রমণ চালিয়ে অন্তত সান্ত্বনাসূচক একটা গোল উপহার দিতে চেয়েছে আর্জেন্টিনা থেকে উড়ে আসা সমর্থকদের। কিন্তু পারেনি। ৭৬ মিনিটে ক্লাউদিয়ো ব্রাভোর দারুণ সেভের পর ৮৪ মিনিটে মার্তিনেসের দূরপাল্লার বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হলে হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিভার প্লেটকে। অন্যদিকে জাপান থেকে কোনো গোল হজম না করে ইয়োকোহামায় বার্সা মেতে ওঠে শিরোপার আনন্দে।

দুই ম্যাচে ৫ গোল করায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ নিশ্চিত হয়ে গিয়েছিল সুয়ারেসের। বার্সার আগের দুই শিরোপা জয়ের টুর্নামেন্টে দুবারই সেরা খেলোয়াড় হওয়া মেসি এবার পেয়েছেন ‘সিলভার বল’। আর ‘ব্রোঞ্জ বল’ হাতে তুলেছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ‘ফেয়ার প্লে’ পুরস্কারও জিতেছে বার্সেলোনা। যদিও এই সব কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তি। কোচ এনরিকে তো ম্যাচ শেষে নিজেকে ‘সুখী মানুষ’ ঘোষণা করে বলেই দিলেন, ‘যে লক্ষ্যগুলো ঠিক করেছিলাম, সেগুলো অর্জন করেছি, বলার অপেক্ষা রাখে না আমরা তৃপ্ত। আমরা মনে হয় আজ রাতে (গতকাল) আমরাই দাবিদার ছিলাম জয়ের। রিভার খুব ভালো খেলেছে, সুযোগও তৈরি করেছে, তবে আমার বলতে দ্বিধা নেই, যেকোনো দলকে হারিয়ে দিতাম আজ (গতকাল)।’ এএফপি