বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এখন অনেক খুশি বর্তমান জীবন নিয়ে : সুজানা

news-image

বিনোদন প্রতিবেদক : সুজানা জাফর। মিডিয়ার পরিচিত মুখ। মডেলিং দিয়েই তার পথচলা শুরু। তারপর অভিনয়। সেও এক যুগ হয়ে গেল। সেসব গল্প শুনতেই একদিন হাজির হয়েছিলাম সুজানার সামনে। ব্যস্ততার মাঝেও কথা বললেন অনলাইন পোর্টাল প্রিয়.কম-এর সঙ্গে। সাম্প্রতিক কাজ, ব্যক্তিগত জীবন, বাদ যায় নি কিছুই। সাক্ষাতকারের হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হল-

আপনার তো মিডিয়াতে এক যুগ হয়ে গেছে, বিষয়টি কেমন উপভোগ করছেন?
সুজানা: মিডিয়াতে আমার এক যুগ হয়েছে ঠিকই, কিন্তু আমি এর মধ্যে অনেক কম কাজ করেছি। মাঝখানে আমি চার বছর কাজ করি নি। তাছাড়া আমার বাবা যখন ক্যান্সারে আক্রান্ত তখন দু বছর কাজ করা হয় নি। তবে মিডিয়াতে যখন শুরু করেছি তখন থেকে এখন পর্যন্ত এক যুগ হয়ে গেছে। আর এই সময়ে মিডিয়া থেকে অনেক কিছুই পেয়েছি।
বর্তমান ব্যস্ততা?
সুজানা: এখন তিনটা সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত আছি। ‘ননস্টপ’, ‘রোড ৭ বাসা ১৩’, ‘এই শহরে’ এই কাজগুলোই করা হচ্ছে। আর সামনে আরও কাজের কথা চলছে। 
বড়পর্দায় আসার ইচ্ছা আছে কি?
সুজানা: আমার কাছে অনেক চলচ্চিত্রের প্রস্তাব আসে এখন। কিন্তু আমি কোন দিন কমার্শিয়াল ছবি করবো না। যদি আমি কখনও ভালো পরিচালক, গল্প পাই তাহলে অবশ্যই করবো। আর আমি ‘হটাৎ বৃষ্টি’ ছবিটা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি। এ ধরনের ছবি পেলে অবশ্যই করবো।
বিজ্ঞাপনে এখন কম দেখা যায় কেন?
সুজানা : এখনকার বিজ্ঞাপনগুলো থিমের উপর ভিত্তি করে বেশি বানানো হয়। তাছাড়া একটি বিজ্ঞাপনে থাকেন অনেক আর্টিস্ট। যেটা আমি চাই না। কারণ আমি এই ধরনের বিজ্ঞাপনে কাজ করতে চাই না। তাই অনেক অফার আসে কিন্তু আমি করি না।
অটিস্টিক শিশুদের নিয়ে আপনি কাজ করছেন, বিষয়টি যদি খুলে বলতেন?
সুজানা : আসলে আমি অনেক আগে থেকেই অটিস্টিকদের জন্য কাজ করছি। তবে আগে বিষয়টি জানাই নি। কিন্তু এখন ভাবলাম যে আমার অনেক ভক্ত আছে, ফলোয়ার আছে তাদের সঙ্গে যদি আমি বিষয়টি শেয়ার করি তাহলে হয়তো বা অনেকেই অটিস্টিকদের সাহায্যে এগিয়ে আসবে। আর তাদের সঙ্গে থাকতে থাকতে আমার এখন খুব ভালো লাগে। একটা অন্যরকম শান্তি পাই। তাই তাদের সঙ্গে প্রতি শুক্রবার আমি সময় কাটাই। 
অভিনয় আর মডেলিংয়ের মধ্যে কোনটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? 
সুজানা: অবশ্যই মডেলিং করতে আমার বেশি ভালো লাগে। কারণ মডেলিং দিয়েই আমার শুরু। আর অভিনয়ে এখনও আমার জড়তা আর ভয় কাজ করে। কিন্তু মডেলিংয়ে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি।
নিজের দোষ-গুণ?
সুজানা: নিজের খারাপ দিক হচ্ছে আমার অনেক রাগ, তবে বেশিক্ষণ রেগে থাকতে পারি না। আর ভাল দিক বললে আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করি। সবাই বলে আমি খুব সহজ-সরল, তাই অনেক বেশি কষ্ট পাই। তাছাড়া আমি খুব ভালো রান্না করতে পারি, ঘর গুছিয়ে রাখি সবসময়। তাই সবাই বলে আমি খুব সাংসারিক। আর আমি একদমই মিথ্যা কথা বলা পছন্দ করি না। 
বর্তমান জীবনে নিয়ে আপনি কতটুকু খুশি?
সুজানা: আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমি আমার জীবন নিয়ে অনেক খুশি।
অনেক দিন একসঙ্গে ছিলেন হৃদয় আর আপনি। এরপর বিচ্ছেদ। হৃদয়ের কথা কি এখন মনে পড়ে?
সুজানা: যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাই বিচ্ছেদের পর অনেক কষ্ট পেয়েছি। এখনও মাঝে মাঝে মনে পরে সবকিছু। তবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। এখন আমি এইসব ভুলে থাকতে চাই আমার কাজের মাধ্যমে।