বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘন : মানা হচ্ছে না ইসির নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণিবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিদিন সকাল সাড়ে ৯টার মধ্যে প্রতিবেদন পাঠাতে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩০ রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিলেও তারা কি ব্যবস্থা নিয়েছেন- সে বিষয়েও এখনও কোনো তথ্য পায়নি ইসি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং ইসি কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক পদস্থ কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাঠালেও সেসব নির্দেশনা কার্যত উপেক্ষিত। এ ক্ষেত্রে ইসিকে আরও কঠোর হতে হবে। তা নাহলে ইসির নির্দেশ মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে না।

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা আরও বাড়বে বলেও মনে করেন ওই কর্মকর্তা।

নির্বাচন কমিশনের উপসচিব রকিবউদ্দিন মণ্ডল ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা সম্পর্কে নির্দিষ্ট ছকে প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেন। কিন্তু নির্দেশনা পাঠানোর দুদিন পার হলেও এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন ইসিতে আসেনি।

এ ছাড়া ১০ ডিসেম্বর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পালকে নির্দেশ দিয়েছিল ইসি। কিন্তু সেই নির্দেশ পাঠানোর সাতদিন পার হলে সে বিষয়েও কোনো তথ্য পাঠানো হয়নি।

এদিকে, মঙ্গলবার রকিব উদ্দিন মণ্ডল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছিল, ‘আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্রে করে প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যে সকল অভিযোগ দাখিল হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রতিদিন সকাল সাড়ে ৯টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন দাখিল করতে হবে এবং তাদের আচরণবিধি প্রতিপালন ও অভিযোগের ভিত্তিতে গৃহীত ব্যবস্থা সম্পকে ইসিকে জানতে হবে।’

অভিযোগ রেজিস্টারভুক্ত করে তা বিধি মোতাবেক কি ব্যবস্থা নেওয়া হয়েছে- তা ইসির ইন্টারটাল সার্ভারের মাধ্যমে ইসিকে জানাতে বলেছেন রকিব উদ্দিন।

ইসি কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ে থেকে প্রাপ্ত তথ্যের সারসংক্ষেপ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের কাছে প্রতিদিন উপস্থাপন করা হবে।

নির্দশেনার বিষয়ে ইসির উপসচিব রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- সে বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এখনও ইসিকে কিছু জানাননি। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটদের কাছ থেকেও কোনো প্রতিবেদন পায়নি। মনে হচ্ছে, প্রতিবেদনগুলো ‘অন দ্য ওয়ে’তে রয়েছে।’

গণমাধ্যমে প্রকাশিত আচরণবিধি লঙ্ঘনের সংবাদ আমলে নিয়ে ইসি গত কয়েকদিনে অন্তত ৩০ জন রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে অভি‍যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তা ইসিকে জানাতে বলা হয়েছিল।

এর মধ্যে চাঁদপুরের কচুয়ায়সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর, কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবউদ্দিন আহমেদ ও আফজাল হোসেন, শরীয়তপুরের ভেদরগঞ্জের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, হবিগঞ্জের নবীগঞ্জে অ্যাডভোকেট আবু জাহির, নাটোরের গুরুদাসপুরে অধ্যাপক আবদুল কুদ্দুস, সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, নড়াইলের দুটো পৌসভায় সংসদ সদস্য কবিরুল হক, ফরিদপুরের বোয়ালমারীতে মো. আবদুর রহমান এবং রাজশাহীর পবায় আব্বাস আলী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়েছে।

৭ এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
এদিকে, গণমাধ্যমের সংবাদ আমলে নিয়ে ৭ সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন রকিব উদ্দিন মণ্ডল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইসিকে জানাতে বলেছেন তিনি।

চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে উপসচিব রকিব উদ্দিন মণ্ডল জানান, গণমাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের প্রকাশিত সংবাদ আমলে নিয়ে সাতজন সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। তবে তিনি পৌরসভা ও সাত সংসদ সদস্যের নাম বলেননি। দ্য রিপোর্ট