বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদে : আহত-৪

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী সফিউল্লাহ মিয়ার ছেলে মাসুদুজ্জামান সোহাগ মদ্যপ অবস্থায় প্রাইভেটকার চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালকসহ চারজন আহত হয়েছে। 
গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার খড়িয়ালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। 
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আখাউড়া হতে আশুগঞ্জের উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী সফিউল্লাহ মিয়ার ছেলে মাসুদুজ্জামান সোহাগ ও তার কয়েকজন বন্ধু একটি প্রাইভেটকারে করে আশুগঞ্জ আসছিল। এসময় তারা গাড়িতে মদ্যপ অবস্থায় ছিল। পরে প্রাইভেটকারটি আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে গাড়ির চালক সোহাগ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশের দুই পথচারি সহ ৪ জন আহত হয়েছে। 
এদিকে উপজেলা আওয়ামীলীগের একটি মহল এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্ঠা করছে। রাতেই দুর্ঘটনার পরপর হাইওয়ে পুলিশের একটি দল খড়িয়ালা এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে আসে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি। 
সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গির আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাইভেটকারটি বর্তমানে ফাঁড়িতে আছে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।