বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ১৯ জন

news-image

দেশের চার জেলা সিরাজগঞ্জ, রাজশাহী, যশোর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৯ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।মঙ্গলবার চার জেলা থেকে বাংলামেইলের জেলা প্রতিনিধি ও স্টাফ করেসপন্ডেন্টের পাঠানো তথ্য: 

সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরির ধাক্কায় শিশু ও নারীসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিয়নের মহারাজপুর গ্রামের হাসেম আলীর ছেলে মগবেল (৪০), সোবাহান (৩৫), জালাল (৪২), তারা মিয়ার স্ত্রী রেনু (২৮), রেজাউল হকের স্ত্রী ফিরোজা (২৭), সুরমান আলীর স্ত্রী আজুবা (৬০), জালাল উদ্দিনের স্ত্রী অঞ্জনা (২৫) ও রজব আলীর মিশু কন্যা বন্যা (১০) ও আকবর আলী স্ত্রী কুন্নি খাতুন (২৮)। 

পুলিশ, ফায়ার ব্রিগেড ও এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার একটি পরিবারের ১৫ সদস্য একটি সুন্নতে খাৎনার অনুষ্ঠানে যোগ দেবার জন্য যাচ্ছিল। তারা ট্রেনে গাজীপুর যাবার জন্য উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। পথে ভোর সোয়া ৬টার দিকে পাবনা-নগড়বাড়ি মহাসড়কের জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গ থেকে বাঘাবাড়ীগামী একটি তেলবাহী ট্যাংকলরি ওই নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন ভাই ও তাদের স্ত্রীসহ ৫ জন নিহত হন। আহত হয় অন্তত ১১ জন। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলার পোরজানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসাধিন অবস্থায় এক শিশুসহ আরো তিনজন মারা যান। আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে, বগুড়া নেয়ার পথে আহত ‍কুন্নি খাতুন মারা যান। 

পরে বেলা দশটার দিকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেয়া হয়।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ও শাহজাদপুর থানার ওসি রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

রাজশাহী: নগরীর কাপাসিয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ যাত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজশাহী মেডিকেল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল আসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, দুপুরের দিকে কাপাসিয়া এলাকায় ন্যাশনাল ট্রাভেলের একটি বাস রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাত যাত্রী নিহত ও আহত হয় আরো অন্তত ৪০ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর: যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদরের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদরের নতুনহাট এলাকার ইলাহী বক্সের ছেলে আয়ুব আলী (৪৫) ও মালঞ্চী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ওহেদ আলী (৪০)। 

আহতরা হলেন-শহরের রেলস্টেশন এলাকার নিলুফা বেগম, সদরের ডুমদিয়া গ্রামের আবদুর রাজ্জাক, মালঞ্চী গ্রামের মঞ্জুর আলীর ছেলে আহাদ আলী, ঝিকরগাছার কলাগাছি গ্রামের লাল্টুর স্ত্রী লিপি বেগম, বেনাপোলের ধান্যখোলা গ্রামের সামাদের ছেলে জাকির হোসেন, বেনাপোলের মতিয়ার রহমানের ছেলে রকিবুল হাসান, বেনাপোলের পুটখালী গ্রামের গুলজার হোসেনের ছেলে লিয়াকত আলী, ঝিকরগাছা এলাকার রাশেদ আলীর স্ত্রী ইয়াসমিন বেগম, শার্শার ফুলসারা গ্রামের বারিক হোসেনের ছেলে খোকন, ঝিকরগাছার পুরন্দপুর গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুল খালেক। 

আহত রকিবুল হাসান জানান, সকাল ৯টার দিকে বেনাপোল থেকে যশোর অভিমুখে একটি বাস ছেড়ে আসে। বাসটি সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদরের মালঞ্চী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন আরও ১০ জন। 

আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে আয়ুব আলী ঘটনাস্থলে এবং ওহদ আলী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান।

বাগেরহাট: বাগেরহাটের মংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল খান বাগেরহাটের সদর থানার দক্ষিণ খানপুর গ্রামের চানদা খানের ছেলে। 
 
রামপাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় পৌঁছালে বাসটি সেখানে উল্টে যায়। এ সময় বাসে থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে মংলা, রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।