বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছক্কা মারায় গিলক্রিস্ট–ম্যাককালামের চেয়েও এগিয়ে সাউদি!

news-image

স্পোর্টস ডেস্ক : রানের সেঞ্চুরিও কম করেননি। তবে এই সেঞ্চুরির মহিমা অন্য। ছক্কা মারার সেঞ্চুরি। অ্যাডাম গিলক্রিস্ট এত দিন একমেবাদ্বিতীয়ম হয়ে ছিলেন। দুদিন আগে সেই কীর্তি ছুঁলেন ব্রেন্ডন ম্যাককালাম। টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি শুধুই নিজের করে নেওয়াটা শুধুই সময়ের ব্যাপার। তবে একটা ক্ষেত্রে কিন্তু গিলক্রিস্ট অনেক এগিয়ে। বল প্রতি ছক্কা মারার হিসাবে।

১০০টি ছক্কা মারতে ম্যাককালামকে খেলতে হয়েছে ৯৭৫৬ বল। গড়ে ৯৭.৫৬ বলে একটি ছক্কা। ১০০টি ছক্কা মারতে গিলক্রিস্টকে যেখান খেলতে হয়েছিল ৬৫৭৮টি বল। অর্থাৎ গড়ে ৬৫.৭৮ বলে একটি ছক্কা। গিলক্রিস্ট ক্যারিয়ারের শেষ চার টেস্টে কোনো ছক্কা মারতে পারেননি, ক্যারিয়ার শেষে ছক্কা প্রতি বলের হার তাই একটু বেড়ে গিয়ে ৬৭.৯৬তে থামে। এই রেকর্ড ভাঙা বোধ হয় ম্যাককালামেরও সাধ্যি নয়।
তবে গিলক্রিস্টও কিন্তু এই ছক্কা প্রতি বলের রেকর্ডে শীর্ষে নেই। কমপক্ষে ৫০টি ছক্কা মেরেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়েও এগিয়ে তিনজন। যাঁদের মধ্যে আছেন ম্যাককালামের স্বদেশি ক্রিস কেয়ার্নসও। ৬২ টেস্টের ক্যারিয়ারে ৮৭টি ছক্কা। প্রতিটি ছক্কার জন্য এই নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে খেলতে হয়েছে গড়ে ৬৬.৮৪টি বল। তারপরও প্রথম নামটি তাঁর নয়। এমন দুজন ব্যাটসম্যান আছেন, প্রতিটি ছক্কার জন্য যাঁদের খেলতে হয়েছে ৫০টিরও কম বল!
একজন অবশ্যই শহীদ আফ্রিদি। ক্রিকেটে ছক্কা নিয়ে কথা হবে আর আফ্রিদির নাম উচ্চারিত হবে না, তা কি আর হয়! ওয়ানডেতে সাড়ে তিন শ ছক্কা হাঁকানো এই ব্যাটসম্যান টেস্ট খেলেছেন মাত্র ২৭টি। তাতেই ৫২টি ছক্কা! গড়ে ৩৭.৯৪টি বলে একটি ছক্কা, ভাবা যায়! আফ্রিদির নামের সঙ্গে অবশ্য এমন পরিসংখ্যানই মানায়। কিন্তু আপনাকে বিস্মিত করবে শীর্ষে থাকা নামটি।
ক্রিকেটের আগ্রাসী ব্যাটসম্যানদের যত ধরনের তালিকাই করা হোক না কেন, কোথাও টিম সাউদির নামটি আসবে না। কিন্তুই টেস্টে ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের কথা বলতে গেলেই চলে আসে এই কিউই পেসারের নাম। এখন পর্যন্ত ৪৫ টেস্ট খেলে ৫৫টি ছক্কা। একটি ছক্কা মারতে গড়ে মাত্র ২৪.১২টি বল খেলতে হয়েছে তাঁকে!
এত এত ‘ছক্কা বীর’দের মাঝে একজনও বাংলাদেশি ব্যাটসম্যান নেই। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখনো মোহাম্মদ রফিকের। ৩৩ টেস্টে ৩৪টি ছক্কা তেমন আহামরি মনে না হলেও একটা জায়গায় কিন্তু রফিক ম্যাককালামের চেয়েও এগিয়ে। গড়ে ৪৭.৯৪টি বলে একটি ছক্কা মেরেছেন রফিক, ম্যাককালামের চেয়ে যা প্রায় ৫০ বল কম!