মসজিদ ও মন্দির কেন টার্গেট?
পর পর কয়েকটি মসজিদ ও মন্দিরে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এত একজন নিহত ও কয়েক জন আহত হয়েছে। প্রায়ই হুমকি দেয়া হচ্ছে ধর্মযাজকদের। এসব হামলার ঘটনা দেশি মিডিয়ায় কম গুরুত্ব পেলেও বিদেশি মিডিয়াগুলোতে যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে। হঠাৎ করে দেশের মসজিদ, মন্দির, চার্চসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় কেন হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে। এমন প্রশ্ন বিশেষজ্ঞদের। বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য উপাসনালয় বেছে নিয়েছে উগ্রপন্থীরা। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোই তাদের টার্গেট। এজন্য একের পর এক হামলা।
গত দেড় মাসে দেশের ১০ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। ১৬ কোটি মানুষের এই দেশে হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি দেশের সব নাগরিক সহানুভূতিশীল। শত শত বছর ধরে এ অঞ্চলে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহবস্থান করে আসছে। দেশের সাধারণ মানুষতো বটে হিন্দু ধর্মালম্বীদের মধ্যেও অনেকে নিজ ধর্মের ইসকন সম্প্রদায় সম্পর্কে তেমন জানেন না; অথচ তাদের ওপর হামলা? ইসকন শব্দটির সঙ্গেই অনেকেই পরিচিত নন। ইসকন কি? খবরে জানা গেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দমোদর মোদিও ইসকনের সঙ্গে যুক্ত। ফলে ইসকন মন্দিরে হামলার জঘন্যতম ঘটনার পর অনেকেই ইসকন সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছেন।
ইন্টারনেট ঘেটে এবং বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানা যায়, ইসকন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের হরেকৃষ্ণ আন্দোলন একটি হিন্দু বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান (সংগঠন)। ইসকনদের মধ্যে রয়েছে ‘ঐক্য’ এবং ‘আধ্যাত্মিকতা’। তাদের মধ্যে ‘ধর্ম বোধ’ রয়েছে ব্যপকভাবে। এরা মূলত ‘কৃষ্ণ ভাবনা’ প্রচার করে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে শুধু কৃষ্ণকে নিয়ে আরাধনাকারী এই ইসকনরা অসাম্প্রদায়িক। নিরীহ এবং ধর্মকর্মনিয়ে ব্যতিব্যস্ত থাকা ইসকনরা হঠাৎ করে আক্রমণের লক্ষ্যবস্তু হলেন কেন?
গত ৫ ডিসেম্বর রাতে দিনাজপুরের ধর্মীয় উৎসব কান্তজির মন্দিরের রাস মেলায় দুর্বৃত্তদের বোমা হামলায় ১০ জন আহত হয়। এ ঘটনার কয়েকদিন পর কাহারোলে ধর্মীয় সভা-কীর্তন চলার সময় ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গত ৫ অক্টোবর ঈশ্বরদীর ব্যাপটিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর পাদরি লুক সরকারকে শহরের নিজের ভাড়া বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। ১৮ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে ফাদার পিয়েরো পারোলারি (৫০) নামে এক ইতালীয় নাগরিককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পিয়েরো পারোলারি পেশায় চিকিৎসক এবং শহরের সুইহারী কাথলিক মিশন চার্চে ৩০ বছর ধরে কর্মরত ফাদার। ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে শিয়া মুসলিমদের আল মোস্তফা মসজিদে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মসজিদের মুয়াজ্জিন নিহত এবং তিনজন আহত হন।
এশার নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় তাদের ওপর গুলি করা হয়। ২৫ নভেম্বর সন্ধ্যায় রংপুরের ব্যাপটিস্ট চার্চ সংঘের ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমব্রেসহ দশজন খ্রিস্টান ধর্মীয় পাদরিকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেয় দুর্র্বৃত্তরা। ২৩ অক্টোবর বোমা হামলায় রক্তাক্ত হয় রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। হামলায় মারা যান দুইজন। আহত হন শতাধিক মানুষ।
১০ নভেম্বর রংপুরে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতারমোড়ে মাজার শরিফের খাদেম রহমত আলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। রাজধানীর তেজগাঁও থানার মহাখালীর আরজতপাড়ার ২৬ নম্বর বাড়িতে এক খ্রিস্টান পরিবারের সদস্যদের উপর হামলা করে দুর্বৃত্তরা।
এভাবে একের পর এক ঘটনা ঘটেই চলছে। নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকরা বলছেন সংখ্যালঘু ইস্যু দেশে সব সময় ছিল। কিন্তু ধর্মীয় উপাসনালয় ও ব্যক্তির ওপর হামলা দেশে সন্ত্রাসের নতুন রূপ। এর আগে বিচ্ছিন্ন কিছু অঘটন ঘটলেও বাংলাদেশে এ ধরনের ধারাবাহিক ঘটনা ঘটেনি। নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্টরাও এ ধরণের পরিস্থিতিতে পড়েননি। মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে হামলার পর আইএস দায় স্বীকার করলেও সরকারের তরফে বলা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই।
যদিও গত কয়েক মাসে জঙ্গী গ্রেফতারের পর আইএস সদস্য গ্রেফতার হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীই প্রচার করেছে। আইএস সদস্যদের গ্রেফতার তাদের বিরুদ্ধে মামলা এবং আদালতে একটি মামলার চার্জ গঠন শুরুও হয়েছে।
মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিয়া এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইসকনদের ওপর হামলা মানুষের মধ্যেকার উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ ওরা নিরীহ এবং ঝামেলামুক্ত জীবন যাপনে অভ্যস্ত। এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বলেছেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সংকট। তবে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসীদের কর্মকা- নেই। সন্ত্রাসীরা অনেক সূক্ষ্ম পরিকল্পনা করে এসব সন্ত্রাসী কর্মকা- করছে। আমাদের পুলিশ এর আগে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেনি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের আরও আধুনিক করে গড়ে তোলা উচিত।











