বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশকে নিরাপত্তা সমস্যা মোকাবেলা করতে হবে’

news-image

 বাংলাদেশকে বসবাস এবং কাজের একটি নিরাপদ স্থান হিসেবে নিশ্চিত করতে এখানকার ‘ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ ও ঝুঁকিগুলো’ আমলে নিয়ে একটি ‘স্পষ্ট কৌশল’ প্রণয়ন দরকার বলে মন্তব্য করেছেন বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এ ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি সামান্য।’ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সুশীল সমাজ, আসন্ন পৌরসভা নির্বাচন, এর আগের সিটি করপোরেশন নির্বাচন, বিরোধী দলের নেতাদের গুম, খুন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন।

২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার হিসেবে নিয়োগ পান রবার্ট গিবসন। চার বছরের দায়িত্ব পালন শেষে চলতি মাসেই ঢাকা ছাড়বেন তিনি। বর্তমানে ঢাকায় কূটনৈতিক কোরের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন রবার্ট গিবসন। এর আগে কূটনীতিবিদ হিসেবে তিনি সৌদি আরব, ব্রাসেলস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, ইরাক এবং পাকিস্তানে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার একটি ইতিহাস থাকা সত্ত্বেও নিরাপত্তা ইস্যুতে এখানে বড় ধরনের পরিবর্তন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘তবে এই প্রথম বিদেশিদের স্বার্থের বিরুদ্ধে সরাসরি হামলা হয়েছে। বাংলাদেশের সব হামলার ঘটনায় আইএসের দায় স্বীকারের বিষয়েও আমরা সচেতন।’

আইএসকে তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত এবং কুখ্যাত ও সবচেয়ে সক্রিয় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন বলে মনে করেন। তিনি বলেন, ‘আমাদের স্বীকার করতে হবে, আইএস তাদের চরমপন্থী নীতি বাস্তবায়নে বিশ্ব দখলের লক্ষ্য এবং বিশৃঙ্খলা ও ভাঙন সৃষ্টির চেষ্টার প্রেক্ষিতে আমাদের বিশ্ব দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে।’
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই কূটনীতিবিদ আরও জানান, বাংলাদেশে তারা (এইএস) সক্রিয় হতে চাইছে বলে প্রমাণ আছে। তিনি বলেন, ‘এটা আমাদের দ্রুত সমাধান করতে হবে এবং তাদের এদেশে থামাতে হবে।’

বাংলাদেশের সাথে প্রয়োজনীয় তথ্য বিনিময় বিষয়ে তিনি জানান, তারা বাংলাদেশকে এ ধরনের তথ্য সরবরাহ করেছে। তবে নির্দিষ্টভাবে সতর্ক করা কঠিন। তিনি বলেন, ‘আমরা শুধু লক্ষণগুলো জানাতে পারি।’
বাংলাদেশে বিনিয়োগে এ ধরনের সন্ত্রাসী কর্মকা-ের প্রভাব বিষয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যেকোনো দেশেই বিনিয়োগ করতে চায়। আমাদের ঝুঁকি মোকাবেলা করতে হবে। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা গেলেই বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যবোধ করবে।’

সুশীল সমাজ এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে রবার্ট গিবসন বলেন, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তারা সহায়ক। ‘অবশ্যই এটা গণতন্ত্রের একটা অত্যাবশ্যকীয় অংশ।’ বাংলাদেশের সুশীল সমাজ ‘বেশ সক্রিয়’ বলে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, এনজিওর সাথে মিলে তারা সমাজের বিভিন্ন স্তরে সক্রিয়ভাবে কাজ করছেন।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি ৩০ ডিসেম্বরের স্থানীয় সরকার নির্বাচনটি গুরুত্বপূর্ণ। এতে জনগণের প্রতিক্রিয়া জানানো এবং প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে।’

তিনি আরও বলেন, জনগণ যাতে ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেজন্য নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ‘এটাই হচ্ছে প্রধান বিষয়। নির্বাচনে আস্থা থাকতে হবে।’ চট্টগ্রাম এবং ঢাকায় সর্বশেষ মেয়র নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা ছিল হতাশাজনক এবং নির্বাচন কমিশন জনগণের আস্থার জন্য যথার্থ ব্যবস্থা নিতে পারেনি।
বিরোধী দলের নেতাদের গুম ও খুনের অভিযোগের বিষয়ে এই ব্রিটিশ হাই কমিশনার বলেন, একটি স্বাধীন সমাজে গুম, খুনের ঘটনা গ্রহণযোগ্য না। ‘যখন প্রয়োজন মনে করেছি, সরকারের কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।’
বাংলাদেশে নতুন করে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাজ্যের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে গিবসন জানান, যুক্তরাজ্য কখনো নতুন নির্বাচনের আহবান জানায়নি। তিনি বলেন, ‘ভবিষ্যৎ নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে সব দলকে একসাথে কাজ করার জন্য আমরা আহবান জানিয়েছি।’

ঢাকার জীবনের স্মৃতিচারণ করে গিবসন হেসে বলেন, এটা (ঢাকা) তখন ছিল নি¤œ বর্ধনশীল নগরী, এখন ঢাকা উচ্চবর্ধনশীল নগরী। বাংলাদেশের সাথে বিভিন্ন কাজে তার ১৫ বছর ধরে জড়িত থাকার অভিজ্ঞতাকে তিনি ‘চমৎকার’ বলে অভিহিত করেন।