,

পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ উদ্বোধন আজ

news-image

মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর নদীশাসন ও মূল পাইলিং স্থাপনের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টার দিকে হেলিকপ্টারযোগে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, সকাল ৯টা ৫০ মিনিটে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নদীশাসনের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে সেতুর মূল পাইলিং স্থাপনের কাজ উদ্বোধন করবেন তিনি। এত দিন পরীক্ষামূলক পাইলিং স্থাপনের কাজ হচ্ছিল।

এ ছাড়া বেলা ২টা ৩০ মিনিটে পদ্মা সেতু প্রকল্প এলাকার মাওয়া চৌরাস্তাসংলগ্ন খানবাড়ী এলাকায় নির্মিত মঞ্চে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে পদ্মা সেতু প্রকল্পের পদ্মা ১০ নম্বর রেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। এরপর সেখান থেকে সন্ধ্যার দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজসাজ রব চলছে পদ্মার পারে। এরই মধ্যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে পুরো এলাকা।

শুক্রবার পদ্মা সেতু এলাকায় গিয়ে দেখা যায়, ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে পদ্মার পার। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতা-কর্মীরা একাধিক তোরণ সাজিয়েছেন পদ্মা সেতু এলাকাজুড়ে।

সম্ভাব্য দুর্নীতি অভিযোগ এনে ২০১১ সালে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। সরকারও বিশ্বব্যাংককে না বলে দেয়। পরে নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেয় সরকার।

২০১৪ সালে পদ্মা সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার। গত মার্চে নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

পদ্মা সেতুর নদীর শাসনের কাজ করছে সিনো হাইড্রো করপোরেশন এবং চায়না মেজর ব্রিজ কোম্পানি মূল সেতুর নির্মাণকাজ করছে।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এতে মোট পিলার ৪২টি। চায়না মেজর ব্রিজের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে সেতুটি উদ্বোধন হবে অর্থাৎ গাড়ি চলাচল শুরু হবে।

শনিবার সকালে প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের জানান, পদ্মা সেতুতে ব্যয় হচ্ছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। সংযোগ সেতুর কাজ শেষের দিকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা