বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঁচিশ হাজার সিরীয় শরণার্থীঃ কানাডার ঐতিহ্য নাকি বিতর্কিত বোঝা!

news-image

কানাডার নতুন জাষ্টিন সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিরিয়া থেকে সর্বমোট ২৫ হাজার শরণার্থী আনা শুরু করেছে। ব্যাপক প্রচারের পর গতকাল প্রথম চালানে ১৬৩ সিরীয় শরণার্থী কানাডা সেনাবাহিনীর সিএফসি বিমানে টরন্টোতে অবতরণ করলো।
 
শরণার্থীদের ‘জামাই আদর করে’ স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘কীভাবে উদার হতে হয় তাই বিশ্বকে দেখাচ্ছে’ তার দেশ। এ সময় তাঁর সঙ্গে ইমিগ্রেশন-রিফিউজি মন্ত্রী জন ম্যাককালাম, অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন ওয়েন এবং টরন্টোর মেয়র জন টরিও অতিথিদের বরণ করে নেন। এছাড়াও শত শত টরন্টোবাসী নতুন অতিথিদের জন্য গরম কাপড়, খাবার, উপহার সামগ্রী নিয়ে পিয়ারসন বিমান বন্দরে অপেক্ষা করেন।
 
এজন্য আগেভাগেই হাসপাতাল, স্কুল, হাউজিং, স্পনসরিং রেডি, এমন কি স্কুলের বাচ্চাদেরকে শেখানো হচ্ছিল কিভাবে তাদেরকে উষ্ণ স্বাগতম জানানো হবে। শরণার্থীদের আবাসনের জন্য স্থানীয় সরকারি ভবন, হোটেলগুলো ভাড়া করা হয়েছে। সরকারিভাবে ঘোষণা দেয়া হয়েছে বাড়িতে বাড়িতে বেসমেন্টে যারা তাদের থাকবার সুযোগ করে দেবে,‌ তাদের প্রোপার্টি ট্যাক্স মওকুফ করে দেয়া হবে।
 
তাই, যার যা কিছু সম্ভব তা নিয়ে এগিয়ে আসছে সিরিয়ান রিফুজিদেরকে সাহায্য করতে। কানাডার পাঁচটি বড় ব্যাংক এক মিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা দিচ্ছে আরো হাজার হাজার ডলার ও ত্রাণ সমগ্রী।
 
উল্লেখ্য, ৩ বছরের সিরীয় শিশু আইলান কুর্দির ভূমধ্যসাগরে ভেসে আসা লাশের ছবি সাড়া বিশ্বে তোলপাড় করেছিল। তার আগে এই পরিবারকে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে সাবেক হারপার সরকার অস্বীকৃতি জানায়। তখন লিবারেল পার্টি বিপরীত ভূমিকায় অবস্থান করে।
 
ফলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের মাত্র দু’মাসের মধ্যে ওয়াদা পূরণ শুরু করলো লিবারেল! এবং আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রীয় খরচে ২৫ হাজার শরণার্থী এসে পৌঁছবে। জানা গেছে, বেসরকারিভাবে ব্যক্তিগত স্পন্সরে আরো পঁচিশ হাজার রিফিউজিকে কানাডায় আশ্রয় দেয়া হবে। এদিকে আজ শনিবার মন্ট্রিয়লে আরও একটি শরণার্থীবাহী বিমান এসে পৌঁছেছে।
 
এদিকে সরকারের প্রকল্পে প্রায় ৭০০ মিলিয়ন ব্যয় ধরা হলেও তা এক বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যেতে পারে বলে অভিজ্ঞমহল মনে করছে। এ নিয়ে বিভিন্ন মহলে ‘স্বাগত’-এর স্থলে ‘সমালোচনা’ স্থান পাচ্ছে। প্রথমতঃ পূর্বসূরি প্রধানমন্ত্রী রক্ষণশীল দলীয় স্টিফেন হারপার শরণার্থীনীতির বিপরীত অবস্থানে রয়েছেন। কারণ, সিরিয়ান শরণার্থীদের মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমন আশঙ্কায় এই অভিনব অভিবাসীনীতি সিদ্ধান্তে অটল থাকেন। তাই প্রশ্ন উঠেছে, জাষ্টিন সরকার কি ‘খাল কেটে কি কুমির’ আনছেন?
 
দ্বিতীয়তঃ কানাডায় যাচাই-বাছাই করে উচ্চশিক্ষিত অভিবাসী এসে তাঁদের যথার্থ কর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারেনা, সেখানে হাজার হাজার বেকার রিউফ্যুজি এনে অর্থনৈতিক মন্দা অবস্থায় জনগণের ঘাড়ে বোঝা চাপানোর বিষয়টিও উঠে এসেছে।
 
তৃতীয়তঃ আবার অনেকেই মনে করছেন- জাষ্টিনের বিচিত্র মন্ত্রীসভা গঠন, প্রধানমন্ত্রীর পদে অবস্থান করে হঠাৎ সস্ত্রীক মডেল হওয়ার মতো এটাও চমকের পর্যায়ে পড়ে! 

চতুর্থতঃ জাস্টিন ট্রুডোর পিতা পিয়েরে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ষাটের দশকে এশিয়া ও পূর্ব ইউরোপের লাখো শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন। অনেকে মনে করছেন, বহু সংস্কৃতি বহু বর্ণের মানুষের দেশ কানাডায় জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে মিশে থেকে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিপুল পরিমাণ শরণার্থীদের ভালবাসায় বুকে টেনে নেবার ঘটনা তা আবার প্রমাণ করল।