নির্বাচন কমিশনরা গড়িমসি হাচ্ছে মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে
সরকারের মন্ত্রী এবং দলের সাংসদদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের পরিমাণ দিন দিন বাড়ছে নির্বাচন কমিশনে (ইসি) বলে জানিয়েছেন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানান, নিয়ম ভঙ্গ করে মন্ত্রী এবং সাংসদরা ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাদের এ ধরনের কর্মকা- রুখতে বিধিমালা ভঙ্গ করে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ধর্মমন্ত্রী মতিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য ময়মনসিংহের ফুলপুর উপজেলার রিটার্নিং কর্মকর্তাকে বলেছে ইসি।
এর আগে, একই অপরাধের কারণে ইসির কাছে ক্ষমা প্রার্থনা করেছে সরকার দলীয় তিন সাংসদ।
বিধিমালা লঙ্ঘন প্রতিহত করতে সাংসদদের এ কাজ থেকে বিরত রাখার জন্য বৃহস্পতিবার স্পিকারের কাছে লিখিত অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।
একজন নির্বাচন কমিশনার জানান, সাংসদদের নির্বাচনী বিধিমালা ভঙ্গের প্রচুর অভিযোগ আসার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এর আগে রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ময়মনসিংহের ফুলপুরে একটি র্যালি উদ্বোধন করেন বলে জানান ইসি কর্মকর্তারা।
তারা আরও জানান, দুই একদিনের মধ্যে ক্ষমতাসীন দলের আরও কয়েকজন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তারা বলেন, অনেক সাংসদের বিধিমালা ভঙ্গের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ সেল এসব অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছে।
অভিযুক্ত সাংসদরা হচ্ছেন, নাটোর-৪ আসনের আবদুল কুদ্দুস, ফরিদপুর-২ আসনের আবদুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সোহরাবউদ্দিন আহমেদ এবং কিশোরগঞ্জ-৫ আসনের আফজাল হোসেন।
সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিএনপি মনোনীত প্রার্থীরা কোথাও প্রচারণার কাজে অংশ নিতে পারছে না- বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি।
নির্বাচন কমিশনের উপসচিব শামসুল আলম বলেন, নির্বাচন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ইসি।
সরেজমিনে দেখা গেছে, প্রচারণার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিধিমালা ভঙ্গ করে মিছিল করেছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা।
১৪ ডিসেম্বরের আগে নির্বাচনী প্রতীক ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা থাকলেও বুধবার থেকেই নির্বাচনী প্রতীক ব্যবহার শুরু করেছে অনেক মেয়র প্রার্থীরা।
রাজশাহীর তানোর এবং সিরাজগঞ্জ সদরের প্রার্থীরা নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রচারণা চালিয়েছে।











