বিদ্রোহীরা থাকলে কঠিন সমিকরণের মধ্যে পড়বে আ.লীগ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা সরে গলে জয়ী হবে আওয়ামী লীগ। বিদ্রোহীরা মাঠে থাকলে কঠিন সমিকরণের মধ্যে পড়তে হবে আওয়ামী লীগের প্রার্থীকে। এতে পৌরসভাটি আওয়ামী লীগের হাত ছাড়াও হতে পারে বলে ধারণা অনেকের।
১৯৯৭ সালে গঠিত ঈশ্বরগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৫৭১ জন। এ পৌরসভায় মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩ জন বিদ্রোহী ও বিএনপির ১ জন বিদ্রোহী প্রার্থী থাকলেও মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয় রিটার্নিং অফিসার।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন বারের নির্বাচিত মেয়র হাবিবুর রহমান এবং বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন পৌর বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ ভুলু। বিএনপির মনোনয়ন পাওয়া ফিরোজ আহম্মেদ ভুলু পৌর মেয়র পদে দীর্ঘদিন ধরে নির্বাচন করছেন। সর্বশেষ গত পৌর নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন প্রায় ১২০০। ওই নির্বাচনে বিএনপির এ প্রার্থীর মনোনয়ন বাজেয়াপ্ত হয়। বিএনপির এ প্রার্থী বিগত সময়গুলোতে নির্বাচন করে বারবার পরাজিত হওয়ায় জয়ের সম্ভাবনা ক্ষীণ।
তবে বিএনপির প্রার্থী ফিরোজ আহম্মেদ ভুলু বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার ভোটের মাঠে হিসাব হবে অন্যরকম।’
এদিকে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীর মধ্যে যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার পৌরসভার মেয়র পদে নির্বাচন করছেন দীর্ঘদিন ধরে। গত পৌর নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন তিনি। ভোটের মাঠে থাকলে এবার আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের জন্য বিপদ হয়ে দাঁড়াবেন তিনি। এদিকে বিভিক্ত উপজেলা আওয়ামী লীগের একাংশ আবদুছ ছাত্তারকে সমর্থন দিয়ে মাঠে কাজ করবে বলে জানা গেছে। তবে আবদুস সাত্তার জানান, দীর্ঘদিন ধরে তিনি নির্বাচন করছেন। এবার সময় এসেছে পৌরসভাটি হাত বদল হওয়ার। সকলের সমর্থন পেলে জয়ী হবেন তিনি।
১৯৯৭ সালে পৌরসভাটি গঠন হওয়ার পর প্রথমে প্রশাসক ও পরবর্তী তিনবার নির্বাচনে অংশ নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মেয়র নির্বাচিত হয়ে আসছেন। সৃষ্টির পর থেকে পৌরসভাটি তার দখলে থাকায় পৌরসভায় অনেক কাজও করেছেন। প্রথম শ্রেণির এ পৌরসভাটিতে সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি থাকলেও ভোটারদের আস্থা আওয়ামী লীগের এ প্রার্থীর প্রতি।
আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে সকলের দোয়া নিয়ে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। বিগত সময়গুলোর মতো এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী।











