বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হাজার ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যকে সম্মাননা দেবে সরকার

news-image

একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ নিহত এক হাজার ৯৮৪ জন ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যকে সম্মাননা দেয়া হবে। এর মধ্যে সেনাসদস্য এক হাজার ৭৬৯ জন, নৌসদস্য ২০৪ জন এবং বিমান বাহিনীর সদস্য ১১ জন। প্রত্যেক সদস্যের উত্তরাধিকারীকে ভারতীয় মুদ্রায় ১০ হাজার রুপি, একটি পিতলের ক্রেস্ট ও একটি করে ঢাকাই জামদানি শাড়ি দেয়া হবে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। এরপরই সম্মাননা প্রদানের সময় ঠিক করা হবে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

জানা গেছে, মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের নাম-ঠিকানা, কোথায় অবস্থান করত এবং উত্তরাধিকারীদের নাম দেশটির সরকারের কাছে চাওয়া হয়েছে। এসব তথ্য চেয়ে ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দেশটির সরকারের কাছে চিঠি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জামেল হক মঙ্গলবার বলেন, ভারত সরকারের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর তালিকা চাওয়া হয়েছে। যুদ্ধের সময় ব্যারাকে থাকাকালীন মৃত্যুবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। তবে নিশ্চয় ওই দেশের সরকারের কাছে নিহদের তালিকা আছে। তাদের উত্তরাধিকারীদের হাতে সম্মাননা তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রকৃত তালিকা পাওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।

জানা গেছে, এ সম্মাননা দেয়া হবে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর কমান্ড সদর দফরতের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবারের সদস্যদের সদর দফতরগুলোতে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হবে। বিশেষ করে কলকাতা, উধামপুর, চ-িমন্দির, পুনে, জয়পুরহাট, নয়াদিল্লি নৌ-বাহিনীর সদর দফতর এবং নয়াদিল্লির বিমান বাহিনীর সদর দফতরে সম্মাননা জানানো হবে।

এ জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধির সমন্বয়ে একটি দল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী, উপদেষ্টা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে পৃথক একটি দলও গঠন করা হবে।

সূত্র জানায়, সম্প্রতি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্মাননা দেয়াসহ ৭টি সিদ্ধান্ত হয়। বৈঠকে নমুনা সম্মাননাপত্র ও সনদও উপস্থাপন করা হয়। পর্যালোচনা ও পরীক্ষা করে প্রাথমিকভাবে তা অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা চূড়ান্ত করা হবে।

বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, মহান স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পদক প্রদান করা হয়। কিন্তু ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য যারা মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন তাদের পরিবারকে এখনও সম্মাননা প্রদান করা সম্ভব হয়নি।
কার্যবিবরণীতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের বক্তব্যে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগ এদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে। তিনি আরও বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর নিহত সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদানের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার সারসংক্ষেপ ৯ জুলাই প্রধানমন্ত্রী অনুমোদন করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, নিহত সদস্যদের পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার ভারতীয় রুপি দেয়া হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে। বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে প্রেরণ করা হলে প্রয়োজনী অর্থ বরাদ্দের বিষয়টি অর্থ মন্ত্রণালয় পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। সম্মানীর বিষয়টি আরও বাড়ানো যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা হবে।