শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের ক্ষমতা প্রশাসনের হাতে, খোশ মেজাজে আ’লীগের প্রার্থীরা

news-image

আসন্ন পৌরসভা নির্বাচনে মাঠ পর্যায়ের সামগ্রিক নিয়ন্ত্রণ এখন রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর হাতে। আর নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন রিটার্নিং কর্মকর্তারা। কিন্তু দুই-তৃতীয়াংশের বেশি পৌরসভায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মাঠ প্রশাসনে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

এমনকি মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল মীমাংসার জন্য গঠিত আপিল কর্তৃপক্ষ হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে ৬২ জন জেলা প্রশাসককে। অথচ এসব কাজের জন্য নির্বাচন কমিশনের পর্যাপ্ত নিজস্ব জনবল রয়েছে। আর এই যখন অবস্থা তখন সরকারি দলের প্রার্থীরাও বসে নেই। নির্বাচনে জিতে আসতে তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে নানাভাবে ব্যবহারের চেষ্টা করে যাচ্ছেন। এতে করে পদে পদে নির্বাচনী আচরণবিধি লংঘিত হচ্ছে। প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বিধি লংঘনের খবর। ক্ষুব্ধ অনেকে নির্বাচন কমিশনে অভিযোগও জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত একরকম নির্বিকার রয়েছে নির্বাচন কমিশন। এমন অভিযোগ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনেকে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মূলত নির্বাচন পরিচালনার জন্য প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে থাকেন সহকারী রিটার্নিং ও রিটার্নিং অফিসার। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার ক্ষেত্রে আইনে এ দু’জন কর্মকর্তাকে পর্যাপ্ত ক্ষমতা ও এখতিয়ার দেয়া হয়েছে। তাই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এ দুটি পদের গুরুত্ব অনেক। তবে নির্বাচন কমিশনের হাতে এক সময় অনেক বেশি আসনে একসঙ্গে নির্বাচন করার জন্য সহকারী রিটার্নিং ও রিটার্নিং অফিসার দেয়ার মতো জনবল ছিল না।

আর থাকলেও প্রশাসনের কর্মকর্তাদের দিয়েই করানো হতো। কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রশ্নে ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন এ বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সে অনুযায়ী পর্যাপ্ত লোকবল নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর ফলে একযোগে সারা দেশে নির্বাচন পরিচালনা করার মতো নির্বাচন কমিশনের জনবল রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রিটার্নিং অফিসার পদে ২৩৪টি পৌরসভার মধ্যে ১৭৬টিতে মাঠ প্রশাসন থেকে ইউএনও এবং এডিসি নিয়োগ দেয়া হয়েছে। বাকি ৫৮টিতে ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।
ইসির এমন ভূমিকা প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, তাদের সময়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ৫-৭ বছর ধরে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা ছোট-বড় অনেক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। কিন্তু নির্বাচনে ইসির লোকবল কম নিয়োগ দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের বেশিরভাগ পৌরসভায় রিটার্নিং কর্মকর্তা করায় নির্বাচনে কমিশনের নিয়ন্ত্রণ থাকবে কী না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অতীতের নির্বাচনে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। তিনি বলেন, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়টি কমিশন সিদ্ধান্ত নিয়ে থাকে। এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কমিশন যাকে ভালো মনে করবে তাকে নিয়োগ দেবে। প্রশ্ন হচ্ছে- কমিশন যদি মনে করে, সরকারি দলের লোকজন দিয়ে নির্বাচন ভালো হবে, তার বিচার বিশ্লেষণ জনগণ করবে। তবে সরকারি লোক নিয়োগ দেয়ার ফলে নির্বাচন খারাপ হলে এর দায়িত্ব কমিশনকেই নিতে হবে।

সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন বলেন, ইসির নিজস্ব কর্মকর্তারা যেভাবে কমিশনের কথা শুনবে, সরকারি কর্মকর্তারা সেভাবে শুনবে না। এটাই স্বাভাবিক। এছাড়া তিনি মনে করেন, ইসির পর্যাপ্ত জনবল থাকা সত্ত্বেও নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের আধিক্য বেশি হওয়ায় নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। এ সন্দেহ নির্বাচন কমিশনকেই দূর করতে হবে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ শনিবার বলেন, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য নেই। সঙ্গতকারণে এডিসি এবং ইউএনও দিয়ে কী হবে তা সহজে অনুমান করা যায়। তবে এ কথাও সত্য যে, নির্বাচন কমিশনের হাতে যে জনবল আছে তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করার মতো সক্ষমতা আছে। কারণ মধু ও মধুর মতো মিষ্টি এক জিনিস নয়। তিনি বলেন, আসলে প্রধান সমস্যা এখানে না। সমস্যা হল- নির্বাচনের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এখন ভোট দিতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। এর কারণ আমাদের ক্ষতিয়ে দেখতে হবে। এর মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে।

এদিকে এ বিষয়ে শনিবার নির্বাচন কমিশনের কয়েকটি দায়িত্বশীল পর্যায়ে যোগাযোগ করা হলে তারা টেলিফোনে মন্তব্য দিতে অস্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গত বুধবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ পুরোপুরি সুষ্ঠু করতে কঠোর অবস্থানে থাকবে কমিশন। নির্বাচনের সবকিছুই কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। নিয়মিত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ছাড়াও এ নির্বাচনে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবেন। কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। সবার জন্য সমান সুযোগ থাকবে।

নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের কয়েকজন বলেন, এ নির্বাচনে কিছু ক্ষেত্রে ইসির কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও মূল নিয়ন্ত্রণ থাকছে প্রশাসনের কর্মকর্তাদের হাতে। তাই সব দলের প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টি মূলত প্রশাসনের স্বদিচ্ছার ওপর নির্ভর করছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দেয়ার সময় আচরণবিধি লংঘনের যেসব নজির স্থাপিত হয়েছে তাতেই অনেককিছু এখনই অনুমান করা যায়।
নির্বাচন বিশ্লেষকদের মতে, সরকারের নির্দেশনার বাইরে সরকারি কর্মকর্তাদের কাজ করা সম্ভব হয় না। কেননা তাদের পদায়ন ও পদোন্নতিসহ নানা সুযোগ-সুবিধার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সঙ্গত কারণে সরকারদলীয় প্রার্থী ও সমর্থকরা কোনো অনিয়ম করলেও তাদের নিয়ে মাথা ঘামাতে চান না। উল্টো অনেকে পরোক্ষভাবে সমর্থন জুগিয়ে থাকেন। তারা বলেন, বিগত ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সময় এমন চিত্র ভূরিভূরি দেখা গেছে। প্রশাসনের লোকজনের সামনে প্রকাশ্যে ভোট কারচুপি করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এদিকে বিএনপির অভিযোগ, পুলিশ ও র‌্যাবের হয়রানিতে বিএনপির প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী এলাকায় থাকতে পারছেন না। অনেক স্থানে মনোনয়নপত্র জমা দিতেও বাধা দেয়া হয়। এতে পৌরসভা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির অনেকে। তাদের মতে, মামলায় জর্জরিত বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পুলিশের হয়রানিতে এখনই নির্বাচনী মাঠে থাকতে পারছেন না।
এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিরোধী মতের সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা গ্রেফতার ও নানা হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন ঘনিয়ে এলে হয়রানির মাত্রা আরও বেড়ে যাবে বলে তাদের আশংকা। তারা আরও বলেন, পৌরসভা নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে নতুন শর্ত দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পথসভা ও ঘরোয়া সভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে ওই স্থানে চলাচল ও আইনশৃংখলা রক্ষার জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।’ নতুন এ শর্তে পুলিশকে আরও ক্ষমতাবান করা হয়েছে বলে মনে করছে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, থানাগুলোতে ওসি পদে স্থানীয় সংসদ সদস্য বা মন্ত্রীর পছন্দের কর্মকর্তারা রয়েছেন। তারা এমপিদের নির্দেশনা মেনে চলেন। পথসভা ও ঘরোয়া সভার বিষয়টি পুলিশকে আগেভাগে জানানোর ফলে হয়রানি করতে সুবিধা হবে। এছাড়া ওই সভাগুলোতে নিরাপত্তার নামে পুলিশ সদস্যরা হাজির থাকলে বিএনপি-জামায়াতের যেসব নেতাকর্মী ও সমর্থকদের নামে মামলা রয়েছে তারা গ্রেফতারের ভয়ে অংশ নেবেন না। অপরদিকে এর সুফল ভোগ করবেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অনেক অনেক কথা রয়েছে। এই কমিশন সরকারের একটা ক্যাডার বাহিনী। বলা যায়, তাদের একটা অঙ্গসংগঠন। তবে এই নির্বাচন কীভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এটা নির্বাচন কমিশনের জন্য একটা অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় তাকে পাস করতে হবে। এই নির্বাচনের ওপরই নির্ভর করবে ভবিষ্যতের সংসদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন। তিনি বলেন, বিএনপির অনেক প্রার্থী মনোনয়র পত্র জমা দিতে পারেননি। নানা অজুহাতে রিটার্নিং অফিসাররা তাদের মনোনয়নপত্র গ্রহন করেননি। এ ছাড়া যারা নির্বাচন করবেন, তারা প্রকাশ্যে বের হতে পারছেন না। নির্বাচনে নিয়োজিত কর্মীরা বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন। এখানে সবার জন্য সমান সুযোগ তৈরি করেনি নির্বাচন কমিশন।