,

এই শীতে আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়

news-image

শীতটা সেভাবে এখনও জেঁকে বসেনি। সকালে কাজে বের হলে কিংবা রাতে বাড়ি ফেরার সময় কিন্তু শরীরের ওপর ঠাণ্ডা একটা পরত পড়ে যায়। মৌসুমটি বেশ উপভোগেরও বটে। এমন সময়ে না ভারি শীতের পোশাক পরা যায়, না বেছে নেয়া যায় সাধারণ পোশাক। তবে এ হালকা শীতটা কিন্তু ফ্যাশনের জন্য দারুণ উপযোগী। চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।

পুরুষের শীত পোশাকের মধ্যে প্রথমেই ভাবনায় আসে সোয়েটার ও জ্যাকেট। এছাড়া কিছু পোশাকের সঙ্গে শীতের চাদরও বেশ মানিয়ে যায়। তবে ভারি সোয়েটার, জ্যাকেট বা শাল কিছুই পরার সময় এখনও আসেনি। বাজারে ঘুরলেই দেখবেন একদম হালকা জিন্স বা গ্যাবাডিনে তৈরি জ্যাকেট এরই মধ্যে চলে এসেছে। হালকা শীতে এগুলো দেখাবে দারুণ স্টাইলিশ। পাতলা উলের সোয়েটার কিংবা ফুল স্লিভ টি-শার্টও চলে এসেছে বাজারে। এগুলো একইসঙ্গে আপনাকে দেবে উষ্ণতা ও স্টাইল। শীতের সময় জ্যাকেট কিংবা সোয়েটারের সঙ্গে নানা স্টাইলের জিন্সের চলটাই সবচেয়ে বেশি। ভালো লাগবে ফর্মাল প্যান্টের সঙ্গেও।

বর্তমানে শীত পোশাকের বাজারে পাওয়া যাচ্ছে জ্যাকেট, সুয়েটার, স্কার্ফ ইত্যাদি। নানা মেটিরিয়ালে অসাধারণ সব কম্বিনেশনে মিলছে এসব পোশাক। তবে সবকিছু ছাপিয়ে হালকা শীতে প্রাধান্য পাচ্ছে ফুলহাতা টি-শার্ট আর হুডি। তরুণ-তরুণীদের কাছে হুডি হালের স্টাইল হয়ে উঠেছে। হালকা শীতের মধ্যে এ পোশাকটির চাহিদা সবচেয়ে বেশি থাকে।

আমাদের দেশে হুডি ফ্যাশনের আগমন ঘটে মূলত পশ্চিমা ফ্যাশনের হাত ধরেই। কনকনে ঠাণ্ডা বাতাস বইছে। কানের ভেতর দিয়ে পৌঁছে যেন অবশ করে দিচ্ছে মাথা। কানঢাকা টুপি পরা ছাড়া গতি নেই; কিন্তু জিনিসটা তো বড্ড সেকেলে। ফ্যাশনেবল না হলে কী আর তা পরা যায়? এর সমাধান হুডি। জ্যাকেট বা সোয়েটারের শুধু হুডটা টেনে মাথা ঢেকে নেয়া। দেখতেও দারুণ। ব্যস আর কী চাই। হুড পরা তরুণ-তরুণীর সংখ্যা তাই বাড়ছেই।

গরম কাপড় মানেই এখন আর মোটা কাপড় বোঝায় না। তাছাড়া তরুণরা চান, শীতের কাপড়ে যেন ফ্যাশনটাও হয় ঠিকঠাক। আর তাই তো এখন বাজারে হালকা গরম কাপড়ের কাটছাঁটে বৈচিত্র্যের অভাব নেই। মোটা স্যুট-কোট বা হাত থেকে পা অবধি শীত পোশাকের আবরণে নিজেকে মুড়িয়ে রাখা ঠিক পছন্দ নয় অনেকের। কাপড়ের ধরনের সঙ্গে রঙ আর নকশাটাও দেখে নেন ছেলেরা। শীতের পোশাকে এখন হালকা-পাতলার চল। জ্যাকেট আর ব্লেজারের মিশ্রণে তৈরি নতুন ধরনের শীত পোশাক আছে ছেলেদের পছন্দের শীর্ষে। আজকাল এ পোশাকের ভেতরে গরম কাপড় বা ‘ইনার’ পরে নেন অনেকে। ফলে জ্যাকেট বা ব্লেজার একটু পাতলা হলেও চলে।

পাতলা বা কৃত্রিম চামড়া, জিন্স, সুতি, গ্যাবাডিন, মখমল কাপড়ের ব্লেজার বা জ্যাকেট, উলের তৈরি পাতলা নানা রঙের সোয়েটার ইত্যাদি বেশ চলছে এবারের শীতে। ফ্যাশন হাউস জোবাইদি সাকি বলেন, জ্যাকেটে হাই শোল্ডার, বড় আকারের বোতাম, হাতা বা নিচের দিকটায় নানা ধরনের কাটের চল এসেছে। কোনো কোনো জ্যাকেটের সামনের দিকে বোতামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে চেইন। চাইলে জ্যাকেটের বুক খুলে ভেতরে রঙিন টি-শার্ট পরে বেরোতে পারেন।

হুডি জ্যাকেটও মিলবে বাজারে। উলের সোয়েটারে গোল গলার পাশাপাশি ভি গলা চলছে। সামনের দিকে বুক পর্যন্ত কেটে কোনোটিতে আবার দু-তিনটি রঙিন বোতাম এঁটে দেয়া আছে। ফুল হাতার এসব সোয়েটারের হাতার দিকে আলাদা রঙ এর উজ্জ্বলতা বাড়িয়ে তুলেছে। গ্যাবাডিন কাপড়ের ক্যাজুয়াল ব্লেজারে এক রঙ ছাড়াও মিলবে নানা ধরনের ওয়াশ। ফলে এগুলো বেশ বৈচিত্র্যময়। জ্যাকেট বা ব্লেজার, যেটাই পরুন না কেন, সঙ্গে হাইনেক বুট আর গলায় পেঁচিয়ে নিতে পারেন স্কার্ফ। ব্যস, এটুকুতেই এ শীতে আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে