হাত-পা বাঁধা রাজনৈতিক দলের, ইসির ব্যয় ‘আনলিমিটেড’
রাজনৈতিক দলগুলোকে নিজ দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী খরচের সীমা বেঁধে দিলেও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি ব্যয়ের কোনো পরিসীমা নির্ধারণ করেনি। তবে যে কোনো নির্বাচনের তুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠেয় দলভিত্তিক পৌরসভা নির্বাচনকে গ্রহণযোগ্য করার সব রকম প্রচেষ্টাই চালাবে ইসি।
এজন্য নির্বাচনী ব্যয় রাখা হয়েছে শতকোটি টাকা, যা আগের পৌরসভার নির্বাচনের প্রায় তিনগুণ বেশি। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ (ছয় দশমাংশ) রাখা হয়েছে আইনশৃঙ্খলা খাতে। যা আগের বারের পুরো নির্বাচনী খরচেরও দ্বিগুণ। এক সমীক্ষায় দেখা গেছে, রাজনৈতিক দলগুলো যেখানে একজন মেয়র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ এক লাখ ব্যয় করতে পারবে সেখানে নির্বাচন কমিশনের খরচ হয়ে যাবে এর প্রায় ১০ গুণ বেশি। সব মিলিয়ে এবারের নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ তো বটেই অনেকটা রেকর্ড গড়ার নির্বাচন হবে।
ইসির বাজেট শাখা থেকে জানা গেছে, এবারের নির্বাচনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। যা গত পৌর নির্বাচনে ছিল মাত্র ৩৫ কোটি টাকা। প্রতিবারের মতো এই নির্বাচনেও সর্বোচ্চ ব্যয় ৫৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর পেছনে ব্যয় ধরা হয়েছে। আর নির্বাচন পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ মোট ব্যয়ের ১০ ভাগের ৬ ভাগ ধরা হয়েছে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর জন্য। এবার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্মানী তিনগুণ বাড়ানো হয়েছে।
এ ছাড়া নির্বাচনী উপকরণের দাম ও পরিবহন খরচ বেড়েছে। জানা গেছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স, প্যাকেট, প্রচারণা সামগ্রী, ম্যানুয়েল পাঠানোর পরিবহন, ফলাফল সংগ্রহ, নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন ও মামলা পরিচালনা, প্রার্থীর তথ্য প্রচার, ব্যালট পেপার মুদ্রণ, ভোটার তালিকা মুদ্রণ, ভোটকেন্দ্রের বেষ্টনী, ভোটগ্রহণের কক্ষ স্থাপন, কর্মকর্তাদের প্রশিক্ষণ, যাতায়াত, ভাতা, অতিরিক্ত সময়ের জন্য পারিশ্রমিক, বিভিন্ন ধরনের সিল, ব্যাগ, গালা, সুতাসহ প্রায় ৬৪টি খাতে নির্বাচন পরিচালনা ব্যয় ধরা হয়েছে। আর আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার-ভিডিপি, এপিবিএন, কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় হবে পুলিশের পেছনে।
ইসির উপ-সচিব আবদুল অদুদ জানান, এবার স্থায়ী ও অস্থায়ী মিলে ৩ হাজার ৫৭৩টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ থেকে ১৬ জন করে সদস্য মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে অতিরিক্ত ফোর্স। এ ছাড়া র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রতিটি নির্বাচনী এলাকায়।
কাজ শুরু করছে আইনশৃঙ্খলা বাহিনী : আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইসির সহযোগী হিসেবে কাজ শুরু করেছে আইনশৃক্সখলা বাহিনী। দেশব্যাপী সন্ত্রাসী ও অপরাধীদের ধরপাকড় এবং নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এরই মধ্যে সবকিছুর আপডেট জানতে আগামী ১৯ ডিসেম্বর এসব বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ওই বৈঠকে নির্বাচনকালীন করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে। ইসি সচিব সিরাজুল ইসলাম এ বিষয়ে জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে বৈঠক করার কথা রয়েছে।
নিয়োগ দেয়া হচ্ছে রেকর্ডসংখ্যক ম্যাজিস্ট্রেট: এবারের পৌরসভা নির্বাচনে রেকর্ডসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে নির্বাচন কমিশন।
জানা গেছে, প্রতিটি পৌরসভায় দু’জন বিচারিক হাকিম ও দু’জন নির্বাহী হাকিমের চিন্তা-ভাবনা চলছে। এত ছোট ছোট নির্বাচনী এলাকার জন্য চারজন হাকিম আগে আর নিয়োগ হয়নি। ২৩৫টি পৌরসভায় একযোগে হওয়া এ নির্বাচনে মোট ২৭০ জন বিচারিক হাকিম ও ২৭০ জন নির্বাহী হাকিম নিয়োগ করা হবে। হাকিমরা নির্বাচনের আগে দুই দিন ও পরে একদিন মোট চার দিন নিয়োজিত থাকবেন। নাম প্রকাশ না করার শর্তে ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিশন অনুমোদন দিলেই জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়কে নির্বাহী হাকিম ও বিচারিক হাকিম নিয়োগের জন্য নির্দেশনা পাঠানো হবে।
ঠিকাদার প্রার্থীরা অযোগ্য হচ্ছেন: বাস্তবায়নাধীন কোনো প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদাররা আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়ে থাকলে তারা অযোগ্য ঘোষিত হবেন। এমনকি প্রার্থীর পরিবারের কেউ ঠিকাদারি কাজে সম্পৃক্ত থাকলেও সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. সামসুল আলম। এতে আরো বলা হয়েছেÑ কোনো প্রার্থী ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছর কারাদ-ে দ-িত হলে ও সে দ-াদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হলে ও আপিল আদালত নি¤œ আদালতের রায় বা সাজা স্থগিত না করলে সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচনের অযোগ্য হবেন। এক্ষেত্রে উচ্চ আদালত আপিল গ্রহণ করলেও তিনি অযোগ্য হবেন বা সংশ্লিষ্ট প্রার্থী জামিন পেলেও অযোগ্য হবেন।
প্রার্থী এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক হলে নিজের পদে বহাল থেকেই নির্বাচন করতে পারবেন। তবে সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের চাকরি থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। ইস্তফার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্তফা গৃহীত হওয়ার সপক্ষে কাগজপত্র দাখিল করতে হবে। অন্যথায় তারা অযোগ্য হবেন।
এদিকে পেনশনভুক্তরা নির্বাচনের যোগ্য হবেন। এ ছাড়া সরকারি চাকরি থেকে অব্যাহতি নিলে তিন বছর অপেক্ষা করার প্রয়োজন হবে না। আবার পিআরএল চাকরির অংশ নয় বিধায় পিআরএলে থাকার সময় নির্বাচনের অংশ নিতে কোনো বাধা নেই। পৌরসভার মেয়র, কাউন্সিলরদের স্বপদে থেকে নির্বাচন করতে বাধা নেই বলেও ওই ব্যাখ্যায় বলা হয়েছে। তবে অন্য কোনো স্থানীয় সরকার পরিষদের সদস্যরা স্বপদে থেকে পৌরসভা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
দেশের নির্বাচন উপযোগী ২৩৫টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২৩৫টি মেয়র, ৭৪২টি সংরক্ষিত কাউন্সিলর পদ ও ২ হাজার ৯৬১টি সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এক্ষেত্রে মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট নেবে ইসি। প্রায় ৩ হাজার ৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। নির্বাচনে ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন ভোটগ্রহণ কর্মকর্তা।











