বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে আ.লীগ, মামলা-মোকদ্দমায় বিএনপি কর্মীরা

news-image

আসন্ন পৌর নির্বাচনে বিএনপির সমর্থিত নেতাকর্মীরা এখনো আত্মগোপনে থাকলেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে। বিএনপির নেতাকর্মীরা মামলা-মোকদ্দমায় জড়িয়ে রীতিমত দৌঁড়ের মধ্যে রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দূরের কথা-একবার গ্রেফতার হলে সহজে মুক্তি মিলবে না ভেবে অনেকে আত্মগোপনের পন্থা বেছে নিয়েছে। সে সুবাদে এক প্রকার ফাঁকা মাঠেই তৎপর রয়েছে সরকারি দলের মনোনয়ন প্রত্যাশীরা।

এদিকে সরকারের প্রভাববিস্তারের কথা মাথায় রেখেই প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনকে ‘এসিড টেস্ট’ হিসেবে বিবেচনায় নিয়েছে বিএনপি। প্রতিকূল পরিবেশেও কীভাবে সর্বোচ্চ ফল ঘরে তুলে নেওয়া যায় সেজন্য চলছে চুলচেরা বিশ্লেষণ আর কৌশল নির্ধারণ। সে জন্য প্রার্থীদের সঙ্গে সার্বিক বিষয়ে সমন্বয় করতে কাজ করছে দলটির বেশ কয়েকটি টিম। দলের শীষস্থানীয় নেতারা চুলচেরা বিশ্লেষণ করলেও নির্বাচনী মাঠে তেমন কর্মী দেখা যাচ্ছে না।
নির্বাচনের আগে প্রচারণায় নামতে পারেন স্বয়ং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। তবে বিষয়টি নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির ওপর। দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে এই তথ্য।

দেশের ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। প্রার্থীদের নিয়ে ভোট হবে ৩০ ডিসেম্বর।
এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় নির্বাচন হচ্ছে। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হলেও কাউন্সিলর পদে স্বতন্ত্রভাবে আগের নিয়মে হবে।

যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, সরকার সম্প্রতি বিরোধী রাজনীতিকে দমনের মহোৎসবে মেতে উঠেছে। সারাদেশে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার করেছে। দলের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া হয়ে পড়েছেন। সারাদেশ কারাগারে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাস্তবে নেই। এক্ষেত্রে নির্বাচন কমিশনের দৃশ্যমান কোন ভূমিকা এখন পর্যন্ত পরিলক্ষিত নয়।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারই প্রথম পৌরসভার মেয়র পদটি দলীয় প্রতীকে হওয়ার কারণে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দলের হাইকমান্ড। এরপরেও গ্রেপ্তারের ভয়ে নেতাকর্মীরা প্রকাশে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তবে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির সমর্থিত প্রার্থীদের ৭০ ভাগেরও বেশি জয়ী হতে পারেন।
গতকাল (বৃহস্পতিবার) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দলটি। এর আগে গত সোম-মঙ্গলবার টানা দুদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম যাচাই-বাছাই করে দলটির মনোনয়ন বোর্ড। চুলচেরা বিশ্লেষণ শেষে মেয়রপ্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্বাক্ষর করেন দল ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। তালিকায় স্থান পাওয়া বিভাগভিত্তিক ২৩৬ জন মেয়রপ্রার্থীদের নাম। অপরদিকে বিএনপির সূত্র জানায় ২৩৫ টি মেয়র পদের মধ্যে দুটি পৌরসভা বাদে বাকি সবগুলোতে দলীয় প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জোটের শরিক এলডিপি ও জাতীয় পার্টি (কাজী জাফর)কে একটি করে মেয়র পদ ছেড়ে দেওয়া হয়েছে। এই দুটি দল ধানের র্শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দিয়েছেন।