শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি কর্মসূচিতে শান্তি চুক্তির ১৮ বছর উদযাপন !

news-image

পার্বত্য শান্তি চুক্তির দীর্ঘ ১৮ বছরেও শান্তি আসেনি পাহাড়ে। ১৯৯৭ সালের আজকের দিনে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার এই চুক্তি করলেও দেশের পার্বত্যঞ্চলে এখনো থামেনি অস্ত্রের ঝনঝনানি। এমনকি চুক্তির বর্ষপূর্তি উদযাপনের এই দিনেও পাল্টাপাল্টি নানা কর্মসূচি ঘোষণা করেছে পাহাড়ের দুটি প্রধান দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস)।

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকেই ইউপিডিএফ ও সমঅধিকার আন্দোলন শান্তি চুক্তি বাতিল ও চুক্তি সংশোধন আর জেএসএস চুক্তি বাস্তবায়নের দাবী করে আসছে। দুই প্রধান আঞ্চলিক দলের পাল্টাপাল্টি আন্দোলন আর সংঘাতে আজও উত্তাল পাহাড়ী জনপথ।

চুক্তির পক্ষে অবস্থানকারী জনসংহতি সমিতি ‘শান্তি চুক্তির ১৮ বছর পূর্তি’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, সমাবেশ করার ঘোষণা দিয়েছে। অপরদিকে চুক্তি বাতিলের দাবীতে সমঅধিকার আন্দোলনসহ অন্যান্য বাঙ্গালী সংগঠনগুলো কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাসহ জেএসএস নেতাদের দাবী জুম্ম জনগন ও পার্বত্যঞ্চলের স্থানীয় অধিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে বহু বছরের আন্দোলন সংগ্রামের পর শান্তি চুক্তি সম্পাদন করা হয়েছিল। কিন্তু সরকার ভূমি বিরোধ নিস্পত্তির মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের কথা বললেও এই ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। শান্তি চুক্তির ধারা অনুযায়ী জেএসএস সকল শর্ত পূরণ করলেও সরকার করেনি। আর তাই সরকারের উচিত শান্তি চুক্তি বাস্তবায়ন করা।

বিষয়টি নিয়ে জেএসএস জেলা সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, ‘চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে জেএসএস। আন্দোলনের অংশ হিসেবে সরকারের চুক্তি বিরোধী কর্মকান্ডগুলো সামাজিকভাবে বর্জন কর্মসূচী চলছে। চুক্তি বাস্তবায়নের নামে সরকার নানা ধরণের তালবাহানা করছে। সরকার এখনো চুক্তির মৌলিক দিকগুলো বাস্তবায়ন করেনি। উল্টো চুক্তি বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে সরকারী সংস্থাগুলো।’

অপরদিকে শান্তি চুক্তি বাতিল, পাহাড়ী-বাঙ্গালী সমান অধিকার নিশ্চিত এবং ভূমি জটিলতা নিরসন ছাড়া পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে দাবী করেছে সমঅধিকার আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়াও তিন পার্বত্য জেলায় শান্তি ফিরিয়ে আনতে শান্তি চুক্তির মৌলিক ধারাগুলোর সংশোধন জরুরী বলে দাবী করেছে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ।

জেলা ইউপিডিএফ সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা এনটিভি অনলাইনকে বলেন, ‘পার্বত্য শান্তি চুক্তি বর্তমানে মৃতপত্রে পরিনত হয়েছে। চুক্তির ফলে আওয়ামীলীগ সরকার এবং জেএসএসর কিছু লোক লাভবান হলেও যে পিছিয়ে পড়া পাহাড়ী জনগোষ্ঠীর জন্য চুক্তি করা হয়েছিল, সেসব পাহাড়ীদের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছিনা। ফলে পাহাড়ীদের জন্য চুক্তি সফলতা আনেনি, এটি বিফলতাই বলা চলে।

সমঅধিকার আন্দোলন পরিষদের জেলা সভাপতি সেলিম আহমেদ চৌধুরী বলেন, ‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য শান্তি চুক্তি করা হলেও পাহাড়ে শান্তি আসেনি। চুক্তির লক্ষ্য উদ্দেশ্যেগুলো বাস্তবায়িত হয়নি, পার্বত্যাঞ্চলে অস্ত্রের ঝনঝনানি এখনো থামেনি। চুক্তির মৌলিক অনেকগুলো ধারা বাস্তবায়নের পরও পাহাড়ে চাঁদাবাজি, অপহরণ এবং সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলেছে অস্ত্রধারীরা।’

বিষয়টি নিয়ে কথা বললে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, ‘১৯৯৭ সালে দেশের অভ্যন্তরিন সমস্যা দেশের মাটিতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি সম্পাদন করেছিল। শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার তিন পার্বত্য জেলা থেকে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প প্রত্যাহার করেছে, এটিও শান্তি চুক্তির একটি ফসল। পাশাপাশি তিন পার্বত্য জেলার জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। শান্তি চুক্তি অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। সেগুলো বাকি রয়েছে সেগুলোও বাস্তবায়ন করা হবে। চুক্তি বাস্তবায়নে আন্তরিক সরকার। ভূমি বিরোধ নিস্পত্তির মাধ্যমে চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নের কাজ চলছে।’

এদিকে বরাবরের মতো এবারও সরকারীভাবেও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দিনটি উপলক্ষ্যে শোভাযাত্রার পরিকল্পনা নেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় রাজারমাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হবে।

এরপর সন্ধ্যায় জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সেনা রিজিয়নের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

১৯৯৭ সালের ২রা ডিসেম্বর তৎকালীন আওয়ামীলীগ সরকারের সাথে শান্তি চুক্তি করে জনসংহতি সমিতির শান্তি বাহিনীর সদস্যরা। চুক্তির শর্ত অনুযায়ী তিন পার্বত্য জেলায় প্রায় দুই হাজার শান্তি বাহিনীর সদস্য অস্ত্র সমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এরপর অস্ত্র সমর্পন করা শান্তি বাহিনীর সদস্যদের আর্থিক সহযোগিতা এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সরকারী চাকরি দেওয়া হয়েছিল।