বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে দেশে ৪৬৯ এইডস রোগী শনাক্ত

news-image

দেশে গত এক বছরে ৪৬৯ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৫ জনের । মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।

 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ৪৬৯ জন নতুন এইডস রোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৪৪ জন পুরুষ, ১১৭ জন নারী এবং ৮ জন হিজড়া বা তৃতীয় লিঙ্গের। আক্রান্তদের মধ্যে ২৫ থেকে ৪৯ বছর বয়সী ৩৫৮ জন। মারা গেছেন ৯৫ জন। তিনি বলেন, দেশে এইচআইভি সংক্রমণের সংখ্যা অনেক কম। আক্রান্তদের সংখ্যা শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে কাজ চলছে।
 
ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (আইক্যাপ) সম্মেলন আগামী বছর মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরের নভেম্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এইডস নির্মূলে সচেতনতা সৃষ্টি করতে ওই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
 
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়। সে থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ৬৭ হাজার ৮৬৯ জনের দেহে এইচআইভি শনাক্তকরণ পরীক্ষা করা হয়। পরীক্ষায় চার হাজার ১৪৩ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৫৮ জন মারা গেছেন।
 
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লিও কেনি,  ইউএনএফপিএর বাংলাদেশ চিফ অব হেলথ ডা. সাথিয়া ডোরাইসামি প্রমুখ।
 
এ বছর বিশ্ব এইডস দিবসের স্লোগান ছিল 'এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার।' আলোচনা অনুষ্ঠান শেষে এইডসবিষয়ক সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির উদ্যোগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগ থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সেমিনারের  আয়োজন করে।