বিবাদ ভুলে আইএসের বিরুদ্ধে লড়াই করুন তুরস্ক ও রাশিয়ার প্রতি ওবামার আহ্বান
একটিমাত্র যুদ্ধবিমান ধ্বংস নিয়ে বিবাদে লিপ্ত না হয়ে 'সাধারণ শত্রু' হিসেবে চিহ্নিত আইএসের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তুরস্ক ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার প্যারিসে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক শেষে দু'দেশের প্রতি এ আহ্বান জানান তিনি। গত সপ্তাহে সিরিয়ার আকাশ থেকে তুর্কি যোদ্ধারা একটি রুশ বিমান ভূপাতিত করার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পেঁৗছেছে। রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে এবং তাদের নাগরিকদের তুরস্ক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তুরস্ক বলে আসছে, তারা নিজেদের আকাশসীমায় চলে আসা রুশ বিমানকে গুলি করার আগে বারবার সতর্ক করে দেওয়ার পরও তারা তা না মানায় বাধ্য হয়ে গুলি করেছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে ওবামা সাংবাদিকদের বলেন, 'একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, তুরস্ক আমাদের ন্যাটো জোটভুক্ত মিত্র দেশগুলোর একটি। আমরা মনে করি, নিজেদের আকাশসীমা নিরাপদ রাখার জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করার অধিকার তাদের রয়েছে।' তিনি বলেন, দুুনিয়া জুড়ে আমাদের সাধারণ শত্রু এখন আইএসআইএল। তাদের দমন করার জন্য আমাদের সবাইকে নিজ নিজ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তিনি অতীত ভুলে গিয়ে নতুন করে কাজ করতে চান। তার মতে, তুরস্ক সব সময় কূটনৈতিক সংলাপ ও সমাধানকে সর্বাগ্রে স্থান দেয়। বারাক ওবামা সোমবার জলবায়ু সম্মেলনের অধিবেশনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন। রুদ্ধদ্বার ওই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট তুরস্কের গুলিতে ভূপাতিত বিমানের চালকদের একজন এবং উদ্ধাকারী সেনাদের মধ্যে একজন মেরিন সেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এর কয়েক ঘণ্টার আগে তুরস্ক নিহত রুশ পাইলটের মৃতদেহ রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এদিকে রুশ প্রেসিডেন্ট তুরস্কের বিরুদ্ধে আইএসের তেল পাচারে সহায়তা করছে বলে অভিযোগ তুলেছেন। তার মতে, তুরস্কের এ অবৈধ কর্মকাণ্ড ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা রুশ বিমানকে গুলি করে ধ্বংস করে দিয়েছে। তবে তুর্কি প্রেসিডেন্ট তার অভিযোগ নাকচ করে দিয়েছেন।
আইএসের বিরুদ্ধে সামরিক সহায়তা বিল পাস
আইএসের বিরুদ্ধে লড়াই করার খরচ জোগানোর ব্যাপারে আন্তর্জাতিক তহবিলে সহায়তার জন্য একটি বিলে অনুমোদন দিয়েছে জার্মানির মন্ত্রিসভা। প্যারিসে আইএসের নেতৃত্বে জঘন্য হামলার পর বিশ্বব্যাপী যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে জার্মানি তার সঙ্গে ঐকমত্য পোষণ করে এ পদক্ষেপ নিয়েছে। সহায়তা প্রস্তাবের মধ্যে রয়েছে_ প্রচুর যুদ্ধবিমান, একটি রণতরী এবং ১২০০ সেনা। ফ্রান্সের অনুরোধের পরিপ্রেক্ষিতে জার্মান মন্ত্রিসভা নীতিগতভাবে এ প্রস্তাবে অনুমোদন দেয়। তবে চূড়ান্ত অনুমোদন পেতে প্রস্তাবটি সংসদে পাঠানো হবে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর স্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়ার বলেছেন, 'সামরিকভাবে যা করার, আমরা তা করছি। আমরা এই যুদ্ধকে রাজনৈতিকভাবেও মেনে নিচ্ছি।' জার্মানির ডেইলি বিল্ড নামের ওই পত্রিকাকে স্টেইনমেইয়ার বলেন, 'আমরা আইএসের মতো শত্রুর বিরুদ্ধে কখনও চুপ করে থাকতে পারি না।'











