ইসলামে শিশুর আনন্দ- বিনোদন
শিশু বেড়ে ওঠার জন্য ভালোবাসা ও মমতায় পরিবেশ প্রয়োজন। কথায় নয়, কাজ-কর্মে, আচার-আচরণে এর প্রমাণ থাকতে হবে। কাজেই শিশুর সঙ্গে আনন্দ-বিনোদন মুখর পরিবেশ দরকার । প্রয়োজন রসিকতা ও কৌতুকেরও। শিশুর অবস্থা ও খেলাধুলা সম্পর্কে জিজ্ঞাসাবাদও এর অন্তর্ভুক্ত। আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সা. আমাদের মধ্যে প্রবেশ করে কৌতুকচ্ছলে আমার ছোট ভাইকে বললেন, ‘হে আবু ওমায়ের, কি করে -নুগায়ের?’ আবু ওমায়ের রা. তখন সবেমাত্র দুগ্ধপান ছেড়েছেন। সুতরাং নবীজি তার সঙ্গে রসিকতা করলেন ও তাকে হাসালেন। যেমন অপর বর্ণনায় এসছে ‘এবং তাকে নুগায়ের সম্পর্কে প্রশ্ন করেছেন। ইবনে হাজার রহ. বলেন, ‘এখানে কৌতুক ও রসিকতার পুনরাবৃত্তির অনুমতি দেয়া হয়েছে। এ বৈধতা কোন ছাড় নয় বরং এটা সুন্নত। যে শিশু ভালোমন্দ নির্ণয় করতে পারে না তার সঙ্গেও রসিকতা বৈধ।
উম্মে খালেদ বিনতে খালেদ রা. থেকে বর্ণিত, ‘একদা নবীজি সা.- এর নিকট কিছু কাপড় আসল যার মধ্যে কালো রংয়ের ছোট একটি কাপড়ও ছিল। নবীজি বললেন, তোমরা কী বলো, এটা কাকে পরিধান করাবো? তখন সকলে চুপ থাকলো। ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, উম্মে খালেদকে আমার নিকট নিয়ে এসো! তাকে উঠিয়ে নিয়ে আসা হলো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত কাপড়ের টুকরোটি হাতে নিয়ে তাকে পড়িয়ে দিয়ে বললেন, এটা তুমি ব্যবহার করে পুরাতন করে ফেল।’ সেই কাপড়টির মধ্যে হলুদ অথবা সবুজ চিহ্ন বিদ্যমান ছিল, অতঃপর তিনি তাকে বললেন, ‘হে খালেদের মা, এটা হলো ইথিওপিয়ানদের জাতীয় প্রতীক, আর তাদের প্রতীক সুন্দর।’ অতএব এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘খালেদের মা’ বলে তাকে সম্মোধন করেছেন। অথচ সে ছিল তখন এক খুকী ; এবং তাকে ইথিওপিয়ার ভাষায় সম্মোধন করেছিলেন। যেহেতু ইথিওপিয়া থেকে হিজরত করে আগমনকারী মুহাজিরদের মধ্যে সেও ছিল।
ছোট শিশুর সঙ্গে রসিকতার ক্ষেত্র আরও বড় ও সুবিস্তিৃত। আব্দুল্লাহ বিন শাদ্দাদ বিন হাদ রা. তার পিতা হতে বর্ণনা করেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট দ্বিপ্রহরের কোন এক নামাজ যোহর বা আসরের জন্য তাঁর কোন এক নাতী হাসান অথবা হুসাইনকে কোলে নিয়ে বের হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামতির জন্য আগে চলে গেলেন ও তাকে তাঁর ডান পায়ের নিকট রাখলেন; এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি দীর্ঘ সিজদাহ করলেন। আমার পিতা (শাদ্দাদ) বলেন, ‘মুসল্লিদের মধ্য হতে শুধুমাত্র আমি মাথা উত্তোলন করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখনো সিজদারত আছেন এবং বাচ্চাটি তাঁর পিঠের ওপর চড়ে আছে। তিনি গুনে গুনে আরো কয়েকটি সেজদা করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ সমাপ্ত করলে লোকজন বলল, ‘হে আল্লাহর রাসূল, আপনি আজ নামাজে একটি এমন সেজদা করলেন যা ইতিপূর্বে আর কখনো করেননি। আপনাকে কি কোন নতুন বিষয়ের নির্দেশ কিংবা আপনাকে প্রত্যাদেশ করা হয়েছে ? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘এর কোনটাই হয়নি, কিন্তু আমার নাতী আমার ওপর আরোহন করেছে, তাই আমি তার প্রয়োজন পূর্ণ হওয়ার পূর্বে তাড়াহুড়া পছন্দ করিনি।’
তিনি বললেন, আমাকে যেন একটি বাহন বানিয়ে আমার পিঠে সে আরোহন করেছে। আয়েশা রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে বিবাহের শুভলগ্নে তার একটি থলে সঙ্গে করে রেখে দিয়ে তা নিয়ে খেলা করছিলেন এবং তাঁর সঙ্গে তাঁর বান্ধবীরাও ছিল। আয়েশা রা. থেকে বর্ণিত আর একটি হাদিসে তিনি বলেন, ‘একদা আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবেশ করলেন, তখন আমি খেলনা নিয়ে ব্যস্ত ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্দা উঠালেন। বললেন, ‘হে আয়েশা, এটা কি?’ তখন আমি বললাম, ‘এটা খেলনা হে আল্লাহর রাসূল! আবার তিনি বললেন, ‘তোমাদের মধ্যে আমি ওটা কি দেখছি?’ উত্তরে আমি বললাম, ওটা ঘোড়া হে আল্লাহর রাসূল! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘কাপড়ের একটি ঘোড়া তার আবার ডানাও আছে। আয়েশা রা. বলেন, ‘আমি এর উত্তরে বললাম, ‘নবী সুলাইমান বিন দাউদের ঘোড়ার কি অসংখ্য ডানা ছিলো না? উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেসে দিলেন।’











