শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাইরেসি সফটওয়্যার দিয়ে ৪ কোটি টাকা লোপাট

news-image

পাইরেসি (নকল) সফটওয়্যার দিয়ে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি কোম্পানি। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ৩ হাজার ৯৩০টি মাল্টিমিডিয়ার ল্যাপটপে পাইরেসি সফটওয়্যার দিয়ে এ টাকা হাতিয়ে নেয় ফ্লোরা টেলিকম লিমিটেড। প্রতিটি সফটওয়্যারের সম্ভাব্য ১০ হাজার টাকা মূল্য দরে কাজ পায় এ কোম্পানি। কিন্তু পাইরেসি সফটওয়্যার দিয়ে ইতিমধ্যে এ টাকা হাতিয়ে নিয়েছে তারা। তাদের সহযোগিতা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি চত্রু।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্র জানায়, পর্যায়ক্রমে সারা দেশের ৬৩ হাজার ৯৫৫টি প্রাথমিক বিদ্যালয়কে মাল্টিমিডিয়া ক্লাস রুমের আওতায় আনতে উদ্যোগ নেয় সরকার। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি) ৩ পর্যন্ত ৫ হাজার ৪০০ স্কুলে মাল্টিমিডিয়ার ক্লাস দেয়া হয়েছে। এখন থেকে প্রতি বছর সাড়ে ৭ হাজার স্কুলে মাল্টিমিডিয়া সরঞ্জাম দিয়ে ডিজিটাল ক্লাসরুমের আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে ২০১৪ সালে বড় প্রজেক্ট ৩ হাজার ৯৩০টি মাল্টিমিডিয়া প্রজেক্টের টেন্ডার পায় ফ্লোরা। টেন্ডারের শর্ত অনুযায়ী ৩ হাজার ৯৬০টি ল্যাপটপ কিনলেও মাইক্রোসফটের অফিসিয়াল সফটওয়্যার দেননি তারা। এজন্য ডিপিই ক্রয় কমিটি তাদের বিল দেয়ার অনুমোদন দেয়নি। কমিটি সরবরাহকৃত কিছু ল্যাপটপ ও সফটওয়্যার যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠায়। বুুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আআইসিটি) পরিচালক ড. সাইফুল ইসলাম সরবরাহকৃত সফটওয়্যার গ্রহণযোগ্য নয় বলে মতামত দেয় এবং প্রতিটি ল্যাপটপে লাইন্সেস মাইত্রেুাসফট অফিস-২০১০ প্রফেশনালের ডিভিডি/সিডি দেয়ার পরামর্শ দেন। বুয়েটের এ কমিটি মাইক্রোসফটের এশিয়া অঞ্চলের সঙ্গে যোগাযোগ করেন। পরে মাইক্রোসফটের প্রতিনিধি এন্ডি চুয়া জানান, এসব সফটওয়্যার আসল নয়। 


বুয়েটের এ রিপোর্ট দেয়ার পর ফ্লোরা লিমিটেড মাইক্রোসফট থেকে ৩ হাজার ৯৩০টি অফিসিয়াল সফটওয়্যার কিনার প্রস্তুতি নেয়। এর মধ্যে মন্ত্রণালয়ের চক্রটি তাদের অফিসিয়াল সফটওয়্যার না কিনে তাদের ম্যানেজ করতে বলে। এর পরই এ পাইরেসি সফটওয়্যারকে সঠিক করার জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। উন্নয়ন শাখার যুগ্ম সচিব ফায়জুল করিমকে প্রধান করে কমিটিতে রাখা হয় উপসচিব এ এইচ এম গোলাম কিবরিয়া, ডেপুটি চিফ ইমতিয়াজ মাহবুব ও প্রোগ্রামার সিরাজুল ইসলাম। কমিটি বুয়েটের রিপোর্টকে পাশ কাটিয়ে ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর এ এইচ এম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত রিপোর্টে কয়েকটি শর্ত দিয়ে বিল পরিশোধ করতে ডিপিইকে নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশের পর ডিপিই প্রায় ৪ কোটি টাকার অর্থ ছাড় করে দেয়। ডিপিই একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রণালয়ের এ নির্দেশের পর ৩ হাজার ৯৩০টি ল্যাপটপে সফটওয়্যার বাবদ ৩ কোটি ৩৯ লাখ টাকাই মেরে দিয়েছে তারা। কারণ তাদের এ সফটওয়্যার বাবদ কোনো টাকাই খরচ হয়নি। মন্ত্রণালয়ের গঠিত কমিটি ডিপিইকে জানায়, সরবরাহকৃত মাইক্রোসফট অফিস-২০১০/প্রফেশনাল প্লাস সফটওয়্যারটি দরপত্র শর্ত অনুযায়ী সরবরাহ হয়নি।

তার পরও সরবরাহ সফটওয়্যারগুলো ওয়েবসাইটের মাধ্যমে এক্টিভেট হওয়ায়, ডাউনলোডের মাধ্যমে মিডিয়া কীট সরবরাহ করার সুযোগ, প্রতিটি সফটওয়্যারের আলাদা আলাদা পেপার লাইসেন্স থাকায় এবং প্রতিটি ল্যাপটপ বিদ্যালয় পর্যায়ে সরবরাহযোগ্য হওয়া সংক্রান্ত ডিপিইর মূল চাহিদা পূরণ হওয়ায় ৩৯৩০ ল্যাপটপ ডিপিই কর্তৃক গ্রহণ করার সুপারিশ করা হলো। অর্থাৎ পাইরেসি হওয়ার পরও প্রতি সফটওয়্যার আসল বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করা হয় ফ্লোরাকে। এদিকে সরবরাহকৃত ৩ হাজার ৯৩০টি ল্যাপটপে সফটওয়্যার ও হার্ডওয়ারজনিত বিভিন্ন ধরনের সমস্যার কারণে বিভিন্ন বিদ্যালয় থেকে ফেরত আসছে। সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অভিযোগ করেছেন, গত মার্চ মাসে ল্যাপটপ পেলেও তাদের অনেকেই তা চালুই করতে পারেনি। কোনোটি আবার কারিগরি ত্রুটির কারণে নষ্ট হয়ে যাওয়ায় তা ফেরত দিয়েছেন। অনেক স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশ কিছু ল্যাপটপ পরিবর্তন করেও নিয়ে গেছে।


এ বিষয়ে ডিপিই মহাপরিচালক মো. আলমগীর বলেন, আমি এখানে যোগদানের আগেই সব প্রক্রিয়া শেষ হয়েছিল। আমি কেবল বিল চূড়ান্ত করা সময়টুকু পেয়েছি। তবে যা কিছু হয়েছে সব মন্ত্রণালয়ে নির্দেশেই হয়েছে। এ বিষয়ে বুয়েট শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমার যা অভজারভেশন ছিল তা রিপোর্টে উল্লেখ করেছি। রিপোর্টে আমি সরবরাহকৃত প্রতিষ্ঠানে দেয়া তথ্য মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারাও এটাকে আসল বলেনি। এরপর কি হয়েছে তা আমার জানা নেই। এর আগেও নকল সফটওয়্যার ল্যাপটপে ইনস্টল করে তা বিক্রি করার দায়ে হাতেনাতে ধরার অভিযোগ রয়েছে। 
ফ্লোরা টেলিকম লিমিটেডের নির্বাহী পরিচালক দুলাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মন্ত্রণালয়ের গঠিত কমিটির মধ্যে বুয়েট, বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল, ডিপিই বিশেষজ্ঞদের উপস্থিতিতে এ সফটওয়্যার গ্রহণ করা যায় বলে মত দেয়া হয়। এখন কেন এটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? তিনি বলেন, টেন্ডারে কোন কোম্পানির কাছ থেকে সফটওয়্যার কিনতে হবে তা বলা হয়নি। আমরা মাইক্রোসফট থেকে সফটওয়্যার না কেনার কারণে আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি।