বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা বিষণ্নতা মুক্ত হলে বুদ্ধি বাড়ে শিশুর

news-image

স্বাস্থ্য ডেস্ক : গবেষকেরা বলছেন, মা মানসিক চাপে থাকলে বা বিষণ্নতায় ভুগলে তার প্রভাব পড়ে শিশুর ওপর। মানসিক চাপে থাকা মায়ের শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ যথাযথ হয় না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিষণ্নতা দূর করলে মা শিশুকে প্রয়োজনীয় উদ্দীপনা দিতে পারে এবং শিশুর বুদ্ধি বৃত্তিক বিকাশ ঘটে।

 

 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি, বি) গবেষকেরা মানসিক চাপে থাকা বা বিষণ্নতায় ভোগা ৩০০ মায়ের ওপর গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে মানসিক চাপ মুক্ত হয়ে মায়েরা শিশুদের প্রয়োজনীয় উদ্দীপনা দিয়েছে এবং শিশুদের যথেষ্ট বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটেছে। আজ রোববার আইসিডিডিআরবিতে আনুষ্ঠানিকভাবে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

 


এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন আইসিডিডিআরবির গবেষক ফাহমিদা তোফায়েল। তিনি প্রথম আলোকে বলেন, সাংসারিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, দারিদ্র্য, শারীরিক অসুস্থতা—এ রকম নানা কারণে মা মানসিক চাপে থাকে। অন্যদিকে জন্মের পর থেকে জীবনের প্রথম ১ হাজার দিন শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে প্রয়োজনীয় উদ্দীপনা না দিলে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ পর্যাপ্ত হয় না। কিন্তু মানসিক চাপে থাকা বা বিষণ্ন মা এই প্রয়োজনীয় উদ্দীপনা দিতে পারে না।

 


গবেষকেরা ঢাকা জেলার ধামরাই উপজেলার ৩০০ ‘বিষণ্ন’ মা ও তাদের শিশুদের ওপর গবেষণা করেছেন। শিশুদের বয়স ছিল ৭ থেকে ১২ মাসের মধ্যে। ৩০টি কমিউনিটি ক্লিনিকে এরা স্বাস্থ্যসেবা নিয়েছেন। অর্ধেক মায়ের বিষণ্নতা দূর করার উদ্যোগ নেন গবেষকেরা। পরে গবেষকেরা তুলনা করে দেখেছেন, এদের শিশুরা বেশি উদ্দীপনা পেয়েছে।

 


ফাহমিদা তোফায়েল প্রথম আলোকে বলেন, চিকিৎসা শাস্ত্রে ‘বিষণ্নতা’র সংজ্ঞা অনুযায়ী এসব মাকে বাছাই করা হয়েছিল। শিশুদের ক্ষেত্রে ‘বুদ্ধিবৃত্তিক বিকাশের’ মানদণ্ড ব্যবহার করা হয়েছে।

 


গবেষকেরা জানিয়েছেন, বিষণ্নতা দূর করার জন্য বা মায়েদের মানসিক চাপ মুক্ত করার জন্য তাঁরা সহজ ও সাধারণ কিছু উদ্যোগ নেন। এর মধ্যে ছিল—মায়েদের সুন্দর ছবি দেখানোর মাধ্যমে খারাপ চিন্তা দূর করে সুস্থ চিন্তা করতে সহায়তা করা, মায়ের জন্য সামাজিক নেটওয়ার্ক তৈরি করা, ঘরের বা পরিবারের জিনিসপত্র দিয়ে শিশুর জন্য খেলনা তৈরি শেখানো।

 


ফাহমিদা তোফায়েল আরও বলেন, সরকারি ক্লিনিকেই আমরা কাজটি করেছি। এটি সহজ ও সাশ্রয়ী একটি উদ্যোগ। সরকারের অবকাঠামো ব্যবহার করে বা সরকারের কোনো কর্মসূচির সঙ্গে এতে যুক্ত করলে সারা দেশের মায়েরা এই সেবা পাবে।

 


অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে প্রায় ২৫ শতাংশ প্রসূতি বিষণ্নতায় ভোগে। এই ধরনের গবেষণা মায়ের বিষণ্নতা দূর করার পাশাপাশি বুদ্ধিমান জাতি গঠনে অবদান রাখবে।