সরাইল বিজয় দিবসের প্রস্তুতি সভায় হট্রগোল : মুক্তিযোদ্ধা কমান্ডারের বয়কট!
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইলে ব্যাপক হট্রগোল ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে বিজয় দিবসের প্রস্তুতি সভা সংক্ষিপ্ত ভাবে শেষ হয়েছে। ম্ুিক্তযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার সভা বয়কট করেছেন। গতকাল রবিবার দুপুরে প্রশাসন জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ঘটনাটি প্রচার না করার আহবান জানান গণমাধ্যম কর্মীদের। সরজমিনে দেখা যায়, ঘড়ির কাটায় দুপুর ১২টা ১০ মিনিট। পত্র মারফত দাওয়াত প্রাপ্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ/প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সামাজিক সাংস্কৃতিক সংঘঠনের প্রতিনিধি সহ সকলের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ মিলনায়তন। নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আকতার। শুরু হয় পরিচয় পর্ব। সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়ার বাসিন্ধা মো. আলমগীর মিয়া নিজেকে উপজেলা যুবলীগের সদস্য পরিচয় দেওয়া মাত্র তীব্র প্রতিবাদ ও আপত্তি জানান ভাইস চেয়ারম্যান (যুবলীগের সম্পাদক) মো. শের আলম মিয়া। বিষয়টিকে কেন্দ্র করে পুরো মিলনায়তনে শুরু হয় তীব্র বাক-বিতন্ডা, হট্রগোল ও উত্তেজনা। এক পর্যায়ে মাইক হাতে নিয়ে ইউএনও বলেন, দয়া করে আপনারা কেউ রাজনৈতিক দলের পরিচয় দিবেন না। শুধু নাম ও অরাজনৈতিক সংঘঠন হলে পরিচয় দিবেন। কেউ আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করলে আমি কঠোর হব। এতে আরো ক্ষিপ্ত হন শের আলম মিয়া। তিনি সভায় দাঁড়িয়ে চিৎকার করে বলেন, যে দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিয়েছে। যে দল আমাকে এ জায়গায় বসিয়েছে। সেই দলই এখন দেশ পরিচালনা করছে। আর ওই দলের (আওয়ামীলীগ) লোকজন বিজয় দিবসের সভায় দলীয় পরিচয় দিতে পারবে না! ইউএনও কে উদ্যেশ্য করে শের আলম বলেন, আপনি এমন সিদ্ধান্ত দেওয়ার কে? এ সিদ্ধান্ত আমি মানি না। এ কথা বলেই পরপর কয়েকবার সভাস্থল ত্যাগ করেন তিনি। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে সভা বয়কট করে বেরিয়ে পড়েন বেশ কয়জন মুক্তিযোদ্ধা। কয়েকজন ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুনরায় সভা শুরু করে স্বল্প সময়ের মধ্যে সমাপ্তি ঘোষনা করেন ইউএনও। সভা শেষ হওয়া মাত্র উপজেলা চত্বরে অফিসার ইনচার্জ মো. আলী আরশাদের নেতৃত্বে ১৫-২০ জন পুলিশ উপস্থিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী বলেন, যেভাবে চেচামেছি শুরু হয়ে লোকজন জড়ো হতে শুরু করেছিল। এতে আমরা চরম নিরাপত্তাহীনতা বোধ করেছি। তাই ইজ্জত রক্ষার্থে সভাস্থল ত্যাগ করে চলে এসেছি। এ ঘটনায় কি করব? পরবর্তীতে সিদ্ধান্ত নিব। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এটা জাতীয় দিবস পালনের সভা ছিল। এখানে এভাবে চিৎকার বা হট্রগন্ডগোল করা ঠিক নয়। আমি আওয়ামীলীগের কথা বলিনি। অবস্থার প্রেক্ষিতে বলেছি “প্রয়োজনে কেউ রাজনৈতিক পরিচয় না দিয়ে শুধু নাম বলুন।” তারপরও ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান এ ঘটনায় উদ্বেক প্রকাশ বলেন, সরাইলের শীর্ষস্থানীয় লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় যা হয়েছে তা আমরা ভুলে যায়। সরাইলের স্বার্থে শান্তি শৃঙ্খলার স্বার্থে সভাটা সুন্দর ভাবে করব। বিষয়টি পত্রিকায় বা ইলেকট্রিক মিডিয়ায় প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন।











