ট্রাক স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র অভিযানে তেজগাঁও, আহত ৫
নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ অভিযানে অংশ নেয়াদের ওপর হামলা করেছে ট্রাক শ্রমিকরা। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৪/৫ জন।ক্ষুব্ধ শ্রমিকরা মেয়র আনিসুল হককে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
রোববার বেলা পৌনে ১টার দিকে মেয়র আনিসুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে হামলার পর ট্রাক শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ বাঁধে।
এ সংঘর্ষের কারণে সাতরাস্তা ও আশেপাশের সড়কে বেলা ১টা থেকে বেলা 4টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
সংঘর্ষে ঢাকা সিটি উত্তর কর্পোরেশেনের ৩/৪টি গাড়িসহ সাংবাদিকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে শ্রমিকরা। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বেলা ১০টার দিকে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এরপর কয়েকটি ট্রাকে বুলডোজার লাগানোমাত্র ট্রাকশ্রমিকরা উচ্ছেদ অভিযানে অংশ নেয়াদের ওপর হামলা চালায়। এসময় মেয়র আনিসুল হক হামলাকারীদের সামনে দাঁড়িয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়াদের ওপর হামলা না করার জন্য শ্রমিকদের অনুরোধ করতে থাকেন।
কিন্তু শ্রমিকরা একজোট হয়ে ইট-পাথর ছুড়ে হামলা শুরু করলে মেয়র হামলাকারীদের সামনে দাঁড়িয়ে তাদের এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেয়। কিন্তু তারপরও শ্রমিকদের মুর্হমুহু হামলায় তেজগাঁওয় ট্রাক স্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে তারা সড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশ ফাঁকা গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা। এছাড়া দুই সাংবাদিকের মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী।
সংঘর্ষে ৪/৫ জন শ্রমিক আহত হয়েছে। গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার গুজবে বিকাল ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মেয়র আনিসুল হক তেজগাঁওয়ের একটি ভবনে অবস্থান নিয়েছেন। বিকাল তিনটার দিকে স্থানীয় মহিলা কাউন্সিলর শামীমা রহমানের নেতৃত্বে মেয়রসহ সিটি কর্পোরেশনের লোকজন জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বের হবার চেষ্টা করলে শ্রমিকরা আবারো হামলা চালায়। এর পর মেয়র আর বের হতে পারেননি।
এসময় মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, যাদের অবৈধ স্থাপনা রয়েছে তাদের সেগুলো সরিয়ে নিতে হবে। আইন আইনের মত চলবে। সাধারণ মানুষের জন্যই এ অভিযান। এটি অব্যাহত থাকবে।
আনিসুল হক বলেন, ঢাকায় কোনো অবৈধ স্থাপনাকারীদের স্থান নেই। অবশ্যই তাকে সরে যেতে হবে। অন্যথায় তাকে উচ্ছেদ করা হবে। কারণ তার জন্য ঢাকাবাসী ভোগান্তিতে পড়তে পারে না।
তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে জনগণ আমাদের পক্ষে আছেন। প্রধানমন্ত্রী স্বয়ং আমাকে নির্দেশ দিয়েছেন। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।











