শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ

news-image

আসন্ন পৌরসভা নির্বাচন সব রাজনৈতিক দলের জন্য সুযোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ। তিনি বলেছেন, অতীতে স্থানীয় সরকার  নির্বাচন যদি দলীয় ভিত্তিতে হতো তাহলে সব রাজনৈতিক দল আরও শক্তিশালী হতো। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের এক সভার শুরুতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রূপরেখা ও কৌশল নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে একটি প্রতিদ্বন্দ্বিতা থাকে। জাতীয় থেকে স্থানীয় সরকার পর্যন্ত যদি দলীয়ভাবে সব সময় নির্বাচন হতে থাকতো, তাহলে রাজনৈতিক দলগুলো আরও শক্তিশালী হতো।

এতে প্রার্থীরাও ভোটারদের স্বার্থের দিকে খেয়াল রাখতে বেশি মনোযোগ দিতে পারেন। কারণ একজন প্রার্থীকে ভোটারের কাছে যেতে হয়। যিনি ভোটারদের স্বার্থ দেখবেন না সেখানে ভোটাররাও নিজ স্বার্থ দেখবেন প্রার্থীর স্বার্থ দেখবেন না। শেখ হাসিনা বলেন, পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলোর জন্য একটি সুযোগ। গণতন্ত্রকে শক্তিশালী করতেই দলীয়ভাবে নির্বাচনের এ উদ্যোগ। সব দলের জন্য এটি ভালো হবে। নিজ নিজ দলও শক্তিশালী হবে। আওয়ামী লীগও সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়।


কিন্তু বিএনপির এ ক্ষেত্রে দ্বৈততা আছে। তারা এক মুখে বলে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আসবে না আবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়। এবার পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে হবে। এখন আমরা দেখতে চাই দলীয় প্রতীকে তারা নির্বাচন করে কি করে না। 


বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সাবেক প্রেসিডেন্ট বলা যাবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। একাধারে তিনি ছিলেন সেনাপ্রধান ও প্রেসিডেন্ট। অনেকটা আইয়ুব খানের মতো। ক্ষমতা দখল করে বিভিন্ন রুলসের মাধ্যমে অবৈধ ক্ষমতা বৈধ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু হাইকোর্ট রায় দিয়েছেন জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতা দখল অবৈধ। রায়ে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে। তাই তারা এখন সাবেক প্রেসিডেন্ট নন। জিয়াউর রহমানকে সাবেক প্রেসিডেন্ট বললে তা হবে হাইকোর্টের নির্দেশের লঙ্ঘন। কারণ উচ্চ আদালত কোনো আদেশ দিলে তা মানতে হয়। 


বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি প্রসঙ্গে তিনি বলেন, একটি পত্রিকায় লেখা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই প্রথম একই সঙ্গে দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। কিন্তু দুজনের ফাঁসি কার্যকর এই প্রথম নয়। জিয়াউর রহমানের আমলে ১৯টি ক্যু হয়েছিল। তখন বিচারের নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একই রশিতে ১০ জন, ১৫ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বিশ্লেষণের নামে নানা ধরনের ব্যাখ্যা দেয়া হচ্ছে। মনের দুঃখে যেন বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। যুদ্ধাপরাধীর বিচার করা ছিল আমার ওয়াদা। একাত্তরে স্বাধীনতাযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা পাকিস্তানি হানাদার বাহিনীদের রাস্তাঘাট দেখিয়ে দিযেছে। অসংখ্য নারীকে আটকে রেখে দিনের পর দিন পাশবিক নির্যাতন করা হয়েছে। অনেকে অন্তঃস্বত্বা হয়ে পড়েছিল। বঙ্গবন্ধু এদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন।

তিনি বলেন, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিল। শিশুদের হত্যা করার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের চামড়া ছিলে লবণ দেয়া হয়েছিল। দীর্ঘদিন এসব কথা কেউ বলেনি। কিন্তু যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় গিয়ে এ স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়েছিলেন। তাদের চেষ্টা ছিল স্বাধীনতার চিহ্ন মুছে ফেলে একাত্তরের পরাজিত শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা। আসলে এ দেশের মানুষের জন্য তাদের কোনো দরদ নেই। বাংলাদেশকে শুধু হেয় করার চেষ্টাই তারা করেছে। কিন্তু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে এ দেশের আত্মমর্যাদাবোধ যাতে থাকে সে চেষ্টাই করেছে।


মসজিদে নামাজ পড়া অবস্থায় বোমা নিক্ষেপ করে ধর্মের নামে সুইসাইড করা কোনো সাচ্চা মুসলমানের কাজ নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, একজন মুসলমান কীভাবে এটি করে? এতে ইসলামকে ক্ষুণ্ন করা হচ্ছে। আমাদের ধর্মে কিছু উন্মাদ এসব গুনাহর কাজ করে মুসলমানদের জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলছে। 
বাংলাদেশ আমেরিকা-অস্ট্রেলিয়ার চেয়েও নিরাপদ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে সন্ত্রাসী আইএস আছে অমুক আছে বলা হচ্ছে। কিন্তু আমেরিকায় আওয়ামী লীগের নেতাকে হত্যা করা হয়েছে। এ রকম বহু উদাহরণ রয়েছে। এ দেশ শান্তিপূর্ণ দেশ। এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আজকে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। আমরা প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি করেছি। রেমিট্যান্স বেড়েছে। বাজেট ৪ গুণ বৃদ্ধি করেছি। বেতনভাতা ১২৩ ভাগ বাড়িয়েছি। শহর আর গ্রামে যে আয়-বৈষম্য সেটি আমরা কমিয়েছি। আমরা যখনই ক্ষমতায় আসি তখনই দেশের জন্য উন্নয়নমূলক কাজ করি। 


আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দুর্ভাগ্য আমাদের, যখনই আমরা ক্ষমতায় আসি তখনই ষড়যন্ত্র শুরু হয়ে যায়। হরতাল-অবরোধের নামে ৯২ দিন নির্বিচারে মানুষ পুড়িয়ে মারা হয়েছে। এর চেয়ে বীভৎস বিকৃত মানসিকতা আর হতে পারে না। শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যায়নি। যারা পোড়া ঘা নিয়ে বেঁচে আছে তারা কীভাবে বেঁচে আছে তা কি খালেদা জিয়া একবার দেখেছেন? তিনি বলেন, মানুষের জন্য যদি রাজনীতি করলে মানুষকে পুড়িয়ে মারবে কেন? 
সভার শুরুতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচন সরকারের জন্য চ্যালেঞ্জ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই আমাদের মূল দায়িত্ব। সৈয়দ আশরাফ বলেন, পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশেই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয়। দলীয়ভাবে হলে দলের জন্য ভালো হয়। এ ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা হবে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এটাই নিয়ম। সভায় দলের কার্যনির্বাহী সংসদ ও পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 


উন্নয়নে চীনের সহায়তায় আশাবাদী প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে চীন এদেশের পাশে থাকবে এবং চীন ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সহায়তায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১-এর মধ্যে এক উন্নত দেশে পরিণত হওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। দেশের উন্নয়নে অব্যাহত সমর্থনের জন্য চীন সরকার ও চীনের বন্ধুপ্রতিম জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সফরের জন্য সাগ্রহে অপেক্ষায় রয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তর বিষয়ক ভাইস মিনিস্টার চেং ফেংজিয়াংযের নেতৃত্বে ৬ সদস্যের সফররত প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মাণে সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের ব্যাপক অবদান রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা দেশের উন্নয়নে তার সরকারের কর্মসূচি ও পরিকল্পনার বিষয়ে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন। এ সময় চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফর বেইজিং সফরের বিষয়টি উল্লেখ করেন সভানেত্রী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরের কথা স্মরণ করে বলেন, চীনের উন্নয়ন সম্পর্কে বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সঠিক ছিল। এ অভিজ্ঞতার কথা বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতে লিখেছেন এবং শিগগিরই তা প্রকাশিত হবে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পার্টি পর্যায়ে চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেন যে আগামী দিনে এ সম্পর্ক আরও জোরদারে  তার প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ভাইস মিনিস্টার চেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট জি জিংপিং ও প্রধানমন্ত্রী লি কিয়েংয়ের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। চীনের সরকার শেখ হাসিনার ১৯৯৩ সালে বিরোধীদলীয় নেতা হিসেবে এবং ১৯৯৬ সালে সরকার গঠনের পর তাঁর প্রথম বিদেশ সফরে চীন যাওয়ায় খুবই আনন্দিত বলে জানান। এ সময় চীনের আইটি খাতের উন্নয়ন সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর আই সি টি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে চীন সফরের আমন্ত্রণ জানান প্রতিনিধি দলের প্রধান। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম সেখানে উপস্থিত ছিলেন।
সম্পর্ক শক্তিশালী হয়েছে: সৈয়দ আশরাফ: এদিকে গতকাল দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেন, সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, চীন পৃথিবীর সুপার পাওয়ার ও আমাদের নিকট প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র। চীনের কুনমিং প্রদেশ থেকে আমাদের দেশের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

সেখানে প্রশ্নোত্তর সেশনে যুদ্ধাপরাধের বিচারে চীনের সমর্থন রয়েছে কিনা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, বিচারে চীনের সমর্থন ছিল, আছে এবং থাকবে। শেন ফেন জিয়াং বলেন, চীনা কমিউনিস্ট পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দল দুটি মাঝে মাঝেই প্রতিনিধি বিনিময় করে থাকে। তিনি সরকারে আতিথেয়তা এবং আওয়ামী লীগের আতিথেয়তার ব্যাপক প্রশংসা করেন।