শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরাও সাজি উৎসবে

news-image

উৎসব বা নিমন্ত্রণে মেয়ে সায়রার সঙ্গে মিলিয়ে একইরকম পোশাক পরতে পছন্দ করেন অভিনয়শিল্পী বাঁধনউৎসব আয়োজনে বড় এক প্রাপ্তি শিশুর প্রাণোচ্ছ্বাস। ছোট্ট শিশুরা উৎসবের সময়টাতে পরিবারের ব্যস্ত মানুষদের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দটুকু যেমন পায়, তেমনি সেজেগুজে হাসিমুখে সবার মাঝে যাওয়ার খুশিটাও কম নয়।


ছোট শিশুর এই সাজগোজ হতে পারে একেবারেই তার নিজের মতো, আবার পরিবারের বাকি সদস্যের পোশাকের সঙ্গে মিল রেখে বিশেষ পোশাকও পরতে পারে সে। এই যেমন অভিনেত্রী বাঁধন তাঁর মেয়ে সায়রার সঙ্গে মিলিয়ে একই রকম পোশাক পরতে পছন্দ করেন। বাঁধন জানালেন, মেয়ের জন্য ফ্রকটাই বেশি পছন্দ তাঁর, তবে উৎসবভেদে গাউন বা শাড়িও বেছে নেন। একই কাপড় থেকে মা-মেয়ে দুজনের জন্য শাড়ি তৈরি করা হয়, আবার কখনো মেয়ের জন্য কেনা কোনো পোশাকের সঙ্গে মিলিয়ে নিজের পোশাক কিনে নেন বাঁধন।


হালকা শীতের সময়টাতে সায়রার জন্য ভেলভেট বা এ ধরনের একটু মোটা কাপড়ের গাউন বানিয়ে নেন তিনি। আবার হলুদের অনুষ্ঠানে ওর জন্য শাড়ির সঙ্গে রাখেন মানানসই ব্লাউজ। এ তো গেল ছোট্ট মেয়েদের কথা। ছোট্ট ছেলেটাই বা কেন সাজপোশাকে পিছিয়ে থাকবে বলুন? ফ্যাশন হাউস হুর-এর ডিজাইনার সৌমিন আফরিন জানালেন, ছেলেশিশুরাও উৎসব ভেদে রংবেরঙের পোশাক পরতে পারে। পাঞ্জাবি বা শেরওয়ানি পরা যেতে পারে বিয়ের অনুষ্ঠানে। হালকা কাজ করা পাঞ্জাবির সঙ্গে নকশা করা কোটিও পরতে পারে ওরা। আবার ফরমাল শার্ট বা স্যুটেও মানাবে ছেলেটাকে। মায়ের সঙ্গে মিলিয়ে পোশাক পরতে চাইলে মায়ের শাড়ির কোনো একটা রং বেছে নিয়ে সেই রঙের পাঞ্জাবি বা শার্ট পরাতে পারেন।


সৌমিন আফরিন জানালেন, শিশুকে সাদা রঙের শার্টের সঙ্গে ছোট্ট একটা বো-টাই লাগিয়ে দিতে পারেন। নানান নকশার মাঝে ছোট্ট মেয়েটিকে অ্যাপ্লিকের কাজ করা পোশাকেও মানাবে বেশ। আরামের জন্য শিশুর পোশাকের পেছনের দিকটায় বোতামের ব্যবস্থা করা যেতে পারে। হলুদ বা বিয়ের অনুষ্ঠানে ছোট্ট মেয়েটিকে সুতি কাপড়ের পোশাক দিতে পারেন। যদি শিশু শাড়ি পরতে চায়, তাহলে ব্লাউজের ভেতরের দিকটায় এক রঙের কাপড় ব্যবহার করতে পারেন, ওপরের দিকটায় থাকতে পারে অন্য রঙের নেটের ব্যবহার। এখন উৎসবে বা নিমন্ত্রণে পরার জন্য গাউন খুব চলছে। মা কিংবা বড় বোনও শিশুর গাউনের সঙ্গে মিলিয়ে একই রকম পোশাক পরতে পারেন।assj


বাজার ঘুরে দেখা গেল বৈচিত্র্যময় সব পোশাক। নেটের ওপর কারুকাজ করা আকর্ষণীয় পোশাক যেমন রয়েছে, তেমনি আবার এমব্রয়ডারি করা পোশাকও মিলবে। কোনো পোশাকে পাবেন স্বচ্ছ নেট, কোনো পোশাকের নেটে বা বেল্টে পাবেন মুক্তার কাজ। লম্বা গাউনের তিনটি স্তরে আলাদা ধরনের কাপড়ের ব্যবহারও নজর কাড়বে। ফুলেল নকশা করা পোশাকও পাবেন। এক পাশে একটু ভারী পাথরের কাজ করা পোশাকও পছন্দ করতে পারে আপনার শিশু। চুমকি বসানো ঝকমকে পোশাক দেখে আপনার ছোট্টমণি নিশ্চয়ই ভীষণ খুশি হবে! ভারী পোশাক যদি ওর পছন্দ না-ও হয়, নিশ্চয়ই রঙিন স্কার্ট পরতে পছন্দ করবে ও। স্কার্টটি যে রঙের, সেটির সঙ্গে পরানোর জন্য ঠিক একই রঙের কাপড়ের পাইপিং লাগানো কোনো টপ বেছে নেওয়ার পরামর্শ দিলেন সৌমিন আফরিন।
লেহেঙ্গা, গাউন ধাঁচের ফ্রক, স্যুট—এ ধরনের পোশাকগুলোই চলছে এ মৌসুমে। মডেল: অন্বেষা, সায়রা ও ঈশান, পোশাক: সৌমিন আফরিন, স্থান: গ্লোরিয়া জিনস ক্যাফে, ছবি: কবির হোসেনমেয়েদের জন্য ফ্রক পাবেন ইনফিনিটি মেগা মল, মান্ত্রা, ক্যাটস আই, ঢাকার গুলশানের স্টাইলসেলে। ক্যাটস আই কিডসে আরও পাবেন স্কার্ট-টপস আর গাউন। ছেলেদের জন্য রয়েছে শার্ট। স্টাইলসেলে পাবেন পাঞ্জাবি, শেরওয়ানি, লেহেঙ্গা আর গাউন। দেশি ফ্যাশন হাউসগুলোতে পাবেন কারুকার্যময় সালোয়ার-কামিজ আর পাঞ্জাবি। এ ছাড়া বিভিন্ন দোকানে পাবেন স্যুটের কাপড়। কাপড় কিনে নিয়ে শিশুর মাপে বানিয়ে নিতে পারেন দারুণ কিছু স্যুট। পোশাকের ধরন ও কারুকাজ ভেদে শিশুর এসব পোশাকের জন্য খরচ হবে ১৫০০ থেকে ১৫ হাজার টাকা।


শিশুর ফ্যাশনের দিকটার পাশাপাশি স্বস্তির দিকটাও খেয়াল রাখতে হবে। ছোট্ট মেয়েটা শাড়ি পরে হাঁটতে পারবে কি না, ওড়না নিয়ে চলাফেরা করতে ওর অসুবিধা হবে কি না খেয়াল রাখুন। নেটের কাপড়ে তৈরি করা পোশাকের কারণ ওর কোমল ত্বকে কোনো অস্বস্তি হচ্ছে কি না, তা-ও খেয়াল করুন। নেটের কাপড়ের পোশাক পরানোর ক্ষেত্রে খেয়াল রাখুন, ভেতরের অংশে সুতি কাপড় আছে কি না। সৌমিন আফরিন জানালেন, নেটের কাপড়ের তৈরি পোশাকের ভেতরের দিকটায় সুতি কাপড় না থাকলে শিশুর অস্বস্তি হতে পারে। শিশুর জন্য শাড়ি-লেহেঙ্গা-গাউন বা স্যুট-পাঞ্জাবি যা-ই বেছে নিন, শিশুর পছন্দের কথাটাও মাথায় রাখতে হবে। ওর পছন্দের পোশাকেই আনন্দ পাবে ও। আর দিন শেষে ওর হাসিমুখটাই আপনার জন্য সবচেয়ে বড় শান্তি, তাই না?

লেহেঙ্গা, গাউন ধাঁচের ফ্রক, স্যুট—এ ধরনের পোশাকগুলোই চলছে এ মৌসুমে। মডেল: অন্বেষা, সায়রা ও ঈশান, পোশাক: সৌমিন আফরিন, স্থান: গ্লোরিয়া জিনস ক্যাফে